হরিরামপুরে শ্রেণিকক্ষের ফ্যান ভেঙে দুই শিশু শিক্ষার্থী আহত

মানিকগঞ্জের হরিরামপুরে জরাজীর্ণ একটি প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে চলন্ত ফ্যান ভেঙে পড়ে দুই শিক্ষার্থী আহত হয়েছে। আহতদের মধ্যে দ্বিতীয় শ্রেণির এক শিক্ষার্থীর নাক ও চোখে আঘাত লেগেছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে উপজেলার দিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত আমির হামজা দিয়াবাড়ি গ্রামের মোহাম্মদ সিরাজুল ইসলামের ছেলে এবং বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র। তাকে হরিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে। একই ঘটনায় দ্বিতীয় শ্রেণির আরেক শিক্ষার্থী অর্কও আহত হয়। তার আঘাত গুরুতর না হওয়ায় প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে পাঠানো হয়েছে।

বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয়রা জানান, সোমবার সকাল সাড়ে ১১টার দিকে দ্বিতীয় শ্রেণির ক্লাস চলাকালে ওপরের একটি ফ্যান ভেঙে নিচে পড়ে। এ সময় চলন্ত ফ্যানের পাখার আঘাতে আমির হামজার নাক ও চোখে আঘাত লাগে। এতে সে গুরুতর আহত হয়। একই ঘটনায় অর্কও আহত হয়।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক রবিউল কাজল বলেন, বিদ্যালয়ের টিনশেড ঘরটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঘরের বিভিন্ন অংশের টিন ভেঙে গেছে এবং সামান্য বৃষ্টিতেই শ্রেণিকক্ষে পানি পড়ে। এর আগে কোনোরকমে মেরামত করা হলেও তাতে স্থায়ী কোনো সমাধান হয়নি। ঝুঁকি নিয়েই সেখানে শিক্ষার্থীদের পাঠদান চালিয়ে যেতে হচ্ছে। শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশে পাঠদানের জন্য পুরোনো জরাজীর্ণ ঘরটি নতুন করে নির্মাণ করা প্রয়োজন।

প্রধান শিক্ষকের অনুপস্থিতিতে দায়িত্বপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক লুৎফর রহমান বলেন, অনাকাঙ্ক্ষিতভাবে দ্বিতীয় শ্রেণির কক্ষের ফ্যান ভেঙে নিচে পড়ে। ফ্যানের পাখার আঘাতে দুই শিক্ষার্থী আহত হয়েছে। বিদ্যালয়ের ভবনটি দীর্ঘদিনের পুরোনো ও জরাজীর্ণ। প্রায় এক মাস আগে ভবনটি মেরামতের জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে আবেদন করা হয়েছে। দ্রুত মেরামত না হলে আবারও যেকোনো সময় এ ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। ঘটনার বিষয়টি উপজেলা শিক্ষা কর্মকর্তাকেও মৌখিকভাবে জানানো হয়েছে।

উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, এর আগে দুইবার বিদ্যালয়টির নতুন ভবন নির্মাণের জন্য বাজেট এলেও জমিসংক্রান্ত জটিলতার কারণে সেই বরাদ্দ ফেরত চলে গেছে। বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। জায়গাটি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের যৌথ মালিকানাধীন। সেখানে তিনটি কক্ষ প্রাথমিক বিদ্যালয়ের ব্যবহারের জন্য দেওয়ার কথা ছিল। তবে মাধ্যমিক বিদ্যালয় কর্তৃপক্ষ সেগুলো ব্যবহার করতে দিচ্ছে না। বিষয়টি নিয়ে আলোচনা করে ওই ভবনে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের ক্লাস নেওয়ার উদ্যোগ নেওয়ার চেষ্টা চলছে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গোকুল চন্দ্র দেবনাথ বলেন, বিদ্যালয়ের ভেতরে বন্যার্তদের জন্য একটি আশ্রয়কেন্দ্র রয়েছে। সেখানে শিক্ষার্থীদের ক্লাস করার ব্যবস্থা করা সম্ভব কি না, তা উপজেলা শিক্ষা কর্মকর্তার সঙ্গে কথা বলে দেখা হবে।