গাজীপুরে আজমেরী পরিবহনের দুই বাসে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আজমেরী পরিবহনের দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।

সোমবার (৯ অক্টোবর) ভোরে ও সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে এসব ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় থেকে ঢাকায় চলাচল করে আজমেরী পরিবহনের বাস। সজল মিয়া নামের এক ব্যবসায়ীর মালিকানাধীন দুটি বাস ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা ফরেস্ট অফিসের পাশে দাঁড় করানো ছিল। সোমবার ভোর সাড়ে ৫টার দিকে দুর্বৃত্তরা বাস দুটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

এ ছাড়া একই এলাকার কাজলী ফিলিং স্টেশনের পাশে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা আরেকটি বাসে অগ্নিসংযোগ করে কয়েকজন দুর্বৃত্ত। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

কালিয়াকৈর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা তরিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইটি ঘটনায় আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে কারা আগুন দিয়েছে, তা আমরা নিশ্চিত হতে পারিনি।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সহিদুল ইসলাম বলেন, একই মালিকের দুটি বাস দুই থেকে তিন মাস ধরে ফেলে রাখা হয়েছে। দুটিতেই ইঞ্জিনসহ গুরুত্বপূর্ণ মালামাল ছিল না। ধারণা করা হচ্ছে, দুর্বৃত্তরা ওই বাস দুটিতে আগুন ধরিয়ে দিয়েছে।