দুর্বৃত্তদের আগুনে পুড়ল ৪০০ বছরের বিরল চড়ুল গাছ

আপডেট : ০৯ নভেম্বর ২০২৬, ০৮:০৫ পিএম

গাজীপুরের কাপাসিয়ায় প্রায় ৪০০ বছরের পুরোনো একটি বিরল চড়ুল গাছে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে।

গত রবিবার ভোরে উপজেলার কড়িহাতা ইউনিয়নের বেহাইদুয়ার গ্রামের প্রাচীন গাছটিতে আগুন জ্বলতে দেখেন স্থানীয় বাসিন্দারা। গাছটি স্থানীয়ভাবে চড়ুল গাছ নামে পরিচিত। দেখতে অনেকটা বটগাছের মতো। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে বিষয়টি ফায়ার সার্ভিসকে জানানো হয়। খবর পেয়ে কাপাসিয়া ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

গাছটির মালিকানা দাবি করা স্থানীয় বাসিন্দা হাসিম মুন্সি সোমবার সকালে বলেন, ‘আমার দাদা এই গাছটি আমার বাবাকে দিয়ে গেছেন। গাছটির নিচে মানুষ বিশ্রাম নিত। এটি আমার আধা বিঘা জমিতে থাকা একটি গাছ। আমরা এটিকে চড়ুল গাছ নামে চিনি। কখনো গাছটির একটি ডালও কাটিনি। কাপাসিয়া উপজেলায় এর চেয়ে পুরোনো গাছ আর ছিল না।’

তিনি আরও বলেন, ভোরে লোকজনের কাছে খবর পেয়ে গাছের কাছে গিয়ে আগুন জ্বলতে দেখেন। অনেকেই নিজেদের মতো করে আগুন নেভানোর চেষ্টা করেছেন। তার ধারণা, কেউ পরিকল্পিতভাবে গাছের নিচে অন্য কোনো জ্বালানি দিয়ে আগুন ধরিয়েছে। 

তিনি বলেন, ‘যারা গাছে আগুন দিয়েছে, তাদের চিহ্নিত করে বিচারের আওতায় আনার দাবি জানাচ্ছি। এ বিষয়ে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্যের কাছে মৌখিক অভিযোগ দিয়েছি।’

কাপাসিয়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন অফিসার মাহফুজুর রহমান বলেন, ‘স্থানীয় লোকজন ও মুরুব্বিদের কাছ থেকে শুনেছি, গাছটির বয়স ৪০০ বছরের বেশি হবে। আগুনে গাছটির বেশির ভাগ অংশ পুড়ে গেছে। আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হলেও গাছটি আর বাঁচার মতো অবস্থায় নেই। কীভাবে আগুন লাগল, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।’

স্থানীয় বাসিন্দা জাকির হোসেন বলেন, মুরুব্বিদের কাছ থেকে তিনি শুনেছেন, একসময় এই গাছের নিচে হাতি কেনাবেচা হতো। দীর্ঘদিন ধরে গাছটি এলাকার মানুষের কাছে ঐতিহ্য ও স্মৃতির প্রতীক হিসেবে পরিচিত। পথচারীরা এর ছায়ায় বিশ্রাম নিতেন। কয়েক প্রজন্মের স্মৃতি জড়িয়ে থাকা গাছটি এভাবে পুড়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দারা ক্ষুব্ধ।

স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, চড়ুল গাছটি বিরল প্রজাতির। এ বিষয়ে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। লিখিত অভিযোগ পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত