ঢাকায় ভাটিবাংলার লোকসংগীত উৎসব

ভাটি বাংলার লোকসংগীতের ঐতিহ্য তুলে ধরার পাশাপাশি রাধারমণ কমপ্লেক্স নির্মাণের দাবিতে রাজধানীতে অনুষ্ঠিত হয়েছে ‘ভাটি বাংলার লোকসংগীত উৎসব’।

সোমবার (৯ নভেম্বর) বিকেল সাড়ে ৫টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের আয়োজনে এ উৎসব অনুষ্ঠিত হয়।

উৎসব উদ্বোধন করেন বাউল শিল্পী মো. হারুন মিয়া। এই আয়োজনে হারুন মিয়াকে বিশেষ সম্মাননাও জানানো হয়। অনুভূতি জানিয়ে বাউল শিল্পী হারুন মিয়া বলেন, ‘আমি সুনামগঞ্জের অজপাড়াগাঁয়ে জন্মেছি। এই অনুষ্ঠানে আমাকে সম্মাননা প্রদান করায় আমি কৃতজ্ঞতা জানাই।’

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অ্যাডভোকেট ফজলুর রহমান এমপি। বিশেষ অতিথি ছিলেন সংগীত পরিচালক শেখ সাদী খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সভাপতি শিল্পী আকরামুল ইসলাম। অনুষ্ঠানে প্রয়াত অরিজিৎ চৌধুরীকে উৎসবটি উৎসর্গ করা হয়।

অনুষ্ঠানে ফজলুর রহমান বলেন, ‘বাতাস ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, তেমনি বাউলসংগীত ছাড়া মানবতাও বাঁচতে পারে না। বাউলসংগীতের মূল দর্শন হলো—সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়। আমি কখনো গান গাইনি, কিন্তু গানকে ভালোবাসি। মনে করি, পৃথিবীতে সুর না থাকলে জীবনও পূর্ণতা পায় না। আমার স্রষ্টাও সুর পছন্দ করেন বলেই আমি পবিত্র কোরআন শরিফ সুর করে তিলাওয়াত করি।’

তিনি আরও বলেন, ‘বাউলসংগীতের মূল দর্শন—‘সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই।’ বাউলসংগীত মানুষকে মানুষ হিসেবে বাঁচতে শেখায়। এখানে ধর্মীয় পরিচয়ের চেয়ে মানবিকতাই বড়।’

শেখ সাদী খান বলেন, ‘রাধারমণ দত্ত ছিলেন একজন চারণ কবি। তিনি প্রেম, বিরহ ও আধ্যাত্মিকতাসহ নানা বিষয়ে গান রচনা করেছেন। তার মতো গুণী স্রষ্টাদের সৃষ্টি ধরে রাখার দায়িত্ব আমাদের।’

তিনি বলেন, ‘সংস্কৃতি একটি জাতির অস্তিত্বের সঙ্গে জড়িত। সংস্কৃতি সঠিক পথে না চললে জাতির অস্তিত্বও সংকটে পড়ে। আমার মনে হয়, আমাদের সংস্কৃতি অঙ্গন দিন দিন অবক্ষয়ের দিকে যাচ্ছে। সংস্কৃতি মানুষের চরিত্র গঠন করে এবং সমাজকে পরিবর্তন করে। শিল্পকলা একাডেমি, বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মতো প্রতিষ্ঠানগুলোর লোকসংগীত সংরক্ষণে আরও দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন বলে মনে করেন তিনি।’

আকরামুল ইসলাম বলেন, ‘সংগীতের প্রতি ভালোবাসা থেকেই গুণী শিল্পীদের সান্নিধ্যে আসার সুযোগ হয়েছে। ১৯৬৫ সালে অডিশনের মাধ্যমে রেডিও চট্টগ্রামে তালিকাভুক্ত হয়ে সংগীতচর্চা শুরু করি। কলেজে পড়ার সময় থেকেই লোকসংগীত আমাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে। সেই ভালোবাসা থেকেই আজকের এই অবস্থানে আসা।’

এ ছাড়া শুভেচ্ছা বক্তব্য দেন রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের সাধারণ সম্পাদক ড. বিশ্বজিৎ রায়। তিনি বলেন, ‘অরিজিৎ চৌধুরী আমাদের সংগঠনের সঙ্গে গভীরভাবে সম্পৃক্ত ছিলেন। তার সহযোগিতা ও অনুপ্রেরণায় সংগঠন এগিয়ে গেছে। অল্প বয়সে তার চলে যাওয়া আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক।’

তিনি আরও বলেন, ‘রাধারমণ দত্তের গানের প্রতিটি কথায় গভীর দর্শন ও জীবনবোধ রয়েছে, যা বাউল গানের মর্ম বুঝতে সাহায্য করে।’

অনুষ্ঠানে ভাটি বাংলার কিংবদন্তি সাধক সৈয়দ শাহনূর, রাধারমণ দত্ত, হাসন রাজা, দুরবীন শাহ, শাহ আবদুল করিম, জালাল খাঁ, উকিল মুন্সী, দীনা শরৎ ও মনমোহন দত্তের গান পরিবেশিত হয়।

এ ছাড়া নৃত্য পরিবেশনায় নৃত্যদল ‘স্পন্দন’ এবং সমবেত গান পরিবেশন করে রাধারমণ সংস্কৃতিচর্চা কেন্দ্রের শিল্পীরা ও ফোক দল।