মেসি আবার বর্ষসেরা একাদশে, হ্যারি কেইন জায়গা পাননি

বিশ্বের পেশাদার ফুটবলারদের রায়ে ঘোষিত হলো মর্যাদাপূর্ণ ২০২৬ ফিফপ্রো বিশ্ব একাদশ। এটি ফুটবলের একমাত্র বৈশ্বিক পুরস্কার যা সম্পূর্ণভাবে খেলোয়াড়দের ভোটে নির্ধারিত হয়। এবারের আসরে বড় আকর্ষণ হিসেবে লিওনেল মেসি তার রেকর্ড আরও বাড়িয়ে ১৮তমবার এই দলে জায়গা করে নিয়েছেন। তবে ব্যালন ডি'অর জয়ী হ্যারি কেইন সুযোগ পাননি এই তালিকায়।

২০২৫ সালের ৪ আগস্ট থেকে ২০২৬ সালের ১৯ জুলাই পর্যন্ত পারফরম্যান্স বিবেচনা করা হয়েছে, যেখানে কমপক্ষে ৩০টি অফিসিয়াল ম্যাচ খেলার শর্ত ছিল।প্রতিটি পজিশন থেকে সর্বাধিক ভোট পাওয়া খেলোয়াড়দের নিয়ে এই বিশ্বসেরা একাদশ গঠন করা হয়েছে।

২০২৩ সালের পর প্রথমবারের মতো ফিফপ্রো ওয়ার্ল্ড ইলেভেনে ফিরলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। এর মাধ্যমে তিনি তার সর্বকালের রেকর্ড ১৮ বার এই দলে অন্তর্ভুক্তির গৌরব অর্জন করলেন।

২০ বছর বয়স হওয়ার আগেই দ্বিতীয়বারের মতো ওয়ার্ল্ড ইলেভেনে জায়গা করে নিলেন স্পেনের তরুণ সেনসেশন লামিনে ইয়ামাল। তার সাথে স্পেনের ডেভিড রায়া, পাউ কুবারসি এবং রদ্রি মিলে পুরুষ বিভাগে স্পেনের মোট খেলোয়াড় অন্তর্ভুক্তির রেকর্ড ৫৩টিতে উন্নীত করেছেন।

ফিফপ্রো একাদশ

  • গোলরক্ষক: ডেভিড রায়া (আর্সেনাল, স্পেন)
  • ডিফেন্ডার: পাউ কুবারসি (বার্সেলোনা, স্পেন), আশরাফ হাকিমি (পিএসজি, মরক্কো), নুনো মেন্দেজ (পিএসজি, পর্তুগাল)
  • মিডফিল্ডার: জুড বেলিংহাম (রিয়াল মাদ্রিদ, ইংল্যান্ড), রদ্রি (ম্যানচেস্টার সিটি, স্পেন), ভিতিনহা (পিএসজি, পর্তুগাল)
  • ফরোয়ার্ড: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি, নরওয়ে), কিলিয়ান এমবাপ্পে (রিয়াল মাদ্রিদ, ফ্রান্স), লিওনেল মেসি (ইন্টার মায়ামি, আর্জেন্টিনা), লামিন ইয়ামাল (বার্সেলোনা, স্পেন)

২০০৫ সাল থেকে ফিফপ্রো এই বৈশ্বিক পুরস্কারের আয়োজন করে আসছে। বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ফুটবলাররা একটি সুরক্ষিত ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে এই ভোটিংয়ে অংশ নেন।