পরিবারের সঙ্গেই জন্মদিনের কেক কাটবেন

ঢাকাই চলচ্চিত্রের অন্যতম জনপ্রিয় ও জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা বিদ্যা সিনহা মিম। লাক্স চ্যানেলআই সুপারস্টার খেতাব অর্জনের মধ্য দিয়ে শোবিজে পা রাখার পর ছোটপর্দার বৈচিত্র্যময় কাজ পেরিয়ে তিনি এখন কাজ করছেন শুধুই বড়পর্দায়। নিজ প্রতিভায় নিজেকে প্রমাণ করে অর্জন করেছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। অভিনয় দক্ষতা ও গ্ল্যামারের দ্যুতি ছড়িয়ে যিনি জয় করে নিয়েছেন অগণিত দর্শকের হৃদয়, আজ তার জন্মদিন। বিশেষ দিন উপলক্ষেই এ আয়োজন...

অভিনয়ের পথচলা

কথাসাহিত্যিক ও চলচ্চিত্রকার হুমায়ূন আহমেদের পরিচালনায় অভিষেক চলচ্চিত্র ‘আমার আছে জল’ মিমের ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ ও বিশেষ অধ্যায়। ছোটপর্দার জনপ্রিয়তা পেরিয়ে রুপালি পর্দায় নিজের স্বতন্ত্র অবস্থান তৈরি করেন তিনি।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন

খালিদ মাহমুদ মিঠু পরিচালিত ‘জোনাকির আলো’ সিনেমায় অসাধারণ অভিনয়ের সুবাদে তিনি অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই অর্জন তার অভিনয় জীবনকে এক অনন্য উচ্চতায় নিয়ে যায়।

ব্যবসাসফল ও উল্লেখযোগ্য সিনেমা

রায়হান রাফির পরিচালনায় ‘পরাণ’ সিনেমাটি ব্যবসায়িক সফলতার বিচারে তার ক্যারিয়ারের সেরা কাজগুলোর একটি। এ ছাড়া ‘আমার প্রাণের প্রিয়া’, ‘তারকাঁটা’, ‘ইয়েতি অভিযান’, ‘দুলাভাই জিন্দাবাদ’, ‘আমি নেতা হবো’, ‘পাষাণ’, ‘সাপলুডু’, ‘দামাল’ এবং সর্বশেষ মুক্তিপ্রাপ্ত ‘মালিক’ সিনেমার সুবাদে তিনি ইন্ডাস্ট্রিতে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন।

থাইল্যা- ভ্রমণ ও জন্মদিনে দেশে ফেরা

জন্মদিনের বিশেষ মুহূর্তগুলো উপভোগ করতে স্বামী সনিকে নিয়ে গত কয়েকদিন ধরে থাইল্যা-ের বিভিন্ন শহরে ঘুরে বেড়িয়েছেন এই তারকা। ভ্রমণ শেষে আজই সনিকে নিয়ে ঢাকায় ফিরছেন তিনি। প্রতিবারের মতো এবারও পরিবারের সদস্য এবং কিছু প্রিয় মানুষের সঙ্গেই জন্মদিনের পুরোটা সময় কাটাবেন মিম। ভক্ত ও শুভানুধ্যায়ীদের কাছে তিনি পরিবারের সবার সুস্থতা ও সুন্দর জীবনের জন্য আশীর্বাদ চেয়েছেন।

ব্র্যান্ড অ্যাম্বাসেডর

লাক্স, জেসিএক্স ডেভেলপমেন্ট লি., ক্লাসিক্যাল হোম টেক্সটাইল ইন্ডা. লি., ইউনিসেফ বাংলাদেশ, বার্জার পেইন্টস বাংলাদেশ লিমিটেড, ওরিক্স ফেব্রিকস কেয়ার, ওয়ালটন এবং সেইলর-এর মতো শীর্ষস্থানীয় ব্র্যান্ডের নিয়মিত ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।

বর্তমান ব্যস্ততা

মিম অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত কাজ ওয়েবফিল্ম ‘লাইফলাইন’। এ ছাড়া তিনি সম্প্রতি শেষ করেছেন আলভী আহমেদ পরিচালিত ‘জীবন অপেরা’ সিনেমার কাজ, যেখানে তার সহশিল্পী হিসেবে রয়েছেন শরীফুল রাজ ও মোস্তাফিজুর নূর ইমরান।