নীলফামারীতে এনসিসি ব্যাংকের বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ

সিএসআর কর্মসূচির আওতায় নীলফামারী সদর, ডিমলা ও ডোমার  উপজেলায় সম্প্রতি ১ হাজার ৫০০ প্রান্তিক কৃষকের মাঝে বিনামূল্যে কৃষি উপকরণ বিতরণ করেছে এনসিসি ব্যাংক পিএলসি।

নীলফামারী সদর এবং ডিমলা ও ডোমার উপজেলায় আয়োজিত তিনটি পৃথক অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন প্রধান অতিথি এবং এনসিসি ব্যাংকের চেয়ারম্যান মোহাম্মদ নূরুন নেওয়াজ সেলিম সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রন্তিক কৃষকদের মাঝে ওই কৃষি উপকরণগুলো বিতরণ করেন। এনসিসি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এম. শামসুল আরেফিনের সভাপতিত্বে নীলফামারী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মো. মিজানুর রহমান চৌধুরী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় এনসিসি ব্যাংকের ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আবদুস সালাম, নির্বাহী কমিটির চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো. জাকির আনাম ছাড়াও ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা, প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম চৌধুরী তুহিন এনসিসি ব্যাংকের কৃষি উপকরণ বিতরণের এই মহতী উদ্যোগকে স্বাগত জানান। নীলফামারী জেলার প্রান্তিক কৃষকরা এনসিসি ব্যাংকের এই কার্যক্রমের মাধ্যমে উপকৃত হবেন এবং ওই এলাকার কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এই কার্যক্রম সহায়ক হবে বলে তারা আশা প্রকাশ করেন। পাশাপাশি কৃষকদের পাশে দাঁড়ানোর জন্য এনসিসি ব্যাংক কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।