দুই মাস পর সম্প্রসারণের ধারায় ফিরেছে অর্থনীতি

টানা দুই মাস সংকোচনের পর অক্টোবরে আবারও সম্প্রসারণের ধারায় ফিরেছে দেশের অর্থনীতি। এ মাসে দেশের সার্বিক পারচেজিং ম্যানেজার্স ইনডেক্স (পিএমআই) আগের মাসের তুলনায় ৩ দশমিক ২ পয়েন্ট বেড়ে ৫১ দশমিক ৮-এ দাঁড়িয়েছে। কৃষি, উৎপাদন, নির্মাণ ও সেবাÑচারটি প্রধান খাতের সূচকই ৫০-এর ওপরে উঠেছে। তবে উৎপাদন, নির্মাণ ও সেবা খাতে নতুন ব্যবসা এবং সামগ্রিক কার্যক্রমের গতি এখনো দুর্বল রয়েছে।

গতকাল সোমবার প্রকাশিত অক্টোবর ২০২৬-এর পিএমআই প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই), ঢাকা এবং পলিসি এক্সচেঞ্জ বাংলাদেশ (পিইবি) যৌথভাবে প্রতিবেদনটি প্রকাশ করেছে। পিএমআই সূচকে ৫০-এর বেশি স্কোর অর্থনৈতিক কর্মকা-ের সম্প্রসারণ এবং ৫০-এর নিচের স্কোর সংকোচন নির্দেশ করে।

প্রতিবেদন অনুযায়ী, অক্টোবরে চারটি প্রধান খাতের মধ্যে সবচেয়ে ভালো অবস্থানে ছিল কৃষি। এ খাতের পিএমআই আগের মাসের তুলনায় ৬ পয়েন্ট বেড়ে ৬১ দশমিক ২-এ পৌঁছেছে। এর মধ্য দিয়ে টানা ১৪ মাস সম্প্রসারণের ধারায় রয়েছে কৃষি খাত। নতুন ব্যবসা, ব্যবসায়িক কার্যক্রম ও কর্মসংস্থানে ইতিবাচক প্রবৃদ্ধির পাশাপাশি অসমাপ্ত অর্ডার এবং উপকরণের ব্যয়সংক্রান্ত সূচকেও উন্নতি হয়েছে।

উৎপাদন খাতেও উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। সেপ্টেম্বরে এ খাতের পিএমআই সংকোচনের অবস্থানে থাকলেও অক্টোবরে ৬ দশমিক ১ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৯-এ উঠেছে। তবে সূচক সম্প্রসারণের পর্যায়ে ফিরলেও এ খাতের নতুন অর্ডার ও কারখানার উৎপাদন এখনো সংকোচনের মধ্যে রয়েছে। অন্যদিকে, আমদানি, কাঁচামালের মজুত ও তৈরি পণ্যের মজুত বেড়েছে। উপকরণের উচ্চমূল্য এবং অসমাপ্ত অর্ডারের চাপও এ খাতের জন্য চ্যালেঞ্জ হয়ে রয়েছে।

নির্মাণ খাতের পিএমআই ২ দশমিক ৫ পয়েন্ট বেড়ে ৫১-এ দাঁড়িয়েছে। এ খাতে কর্মসংস্থান সূচক ইতিবাচক ধারায় ফিরলেও নতুন ব্যবসা ও নির্মাণ কার্যক্রমের গতি এখনো মন্থর। সেবা খাতের সূচকও ১ দশমিক ৩ পয়েন্ট বেড়ে ৫০ দশমিক ৩ হয়েছে। কর্মসংস্থানে উন্নতি হলেও নতুন ব্যবসা ও সামগ্রিক ব্যবসায়িক কার্যক্রমের গতি এখনো দুর্বল রয়েছে।