বিদেশে চিকিৎসার ব্যয় মেটাতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই এখন থেকে ৩০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবেন গ্রাহকরা। আগে এ সীমা ছিল ১৫ হাজার ডলার। একই সঙ্গে বিদেশে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সমমানের পড়াশোনার খরচ পাঠানোর ক্ষেত্রেও ব্যাংকগুলোকে আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা ছাড়ের সুযোগ দেওয়া হয়েছে। একইভাবে ডাকযোগে বা দূরশিক্ষণ পদ্ধতিতে নিয়মিত শিক্ষা কার্যক্রম পরিচালনার ক্ষেত্রেও বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে।
গতকাল সোমবার বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে জারি করা এক সার্কুলারে এসব নির্দেশনা দেওয়া হয়েছে। এতে বিদেশে চিকিৎসা, পড়াশোনা, ব্যক্তিগত ভ্রমণসহ বিভিন্ন চলতি হিসাবের লেনদেনে বৈদেশিক মুদ্রা পাঠানোর নিয়ম শিথিল করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, বিদেশে চিকিৎসার জন্য অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলো বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই সর্বোচ্চ ৩০ হাজার ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। আগে এ ক্ষেত্রে সর্বোচ্চ ১৫ হাজার ডলার পাঠানোর সুযোগ ছিল। এ সিদ্ধান্তের ফলে বিদেশে চিকিৎসা নিতে যাওয়া রোগীদের চিকিৎসা ব্যয় মেটানো সহজ হবে।
বিদেশে পড়াশোনার ক্ষেত্রেও নতুন সুযোগ তৈরি করা হয়েছে। এত দিন স্কুল পর্যায়ে পড়াশোনার জন্য বৈদেশিক মুদ্রা পাঠাতে বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমোদন নিতে হতো। নতুন নির্দেশনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক সমমানের পড়াশোনার জন্য এডি ব্যাংকগুলো সরাসরি বৈদেশিক মুদ্রা ছাড় করতে পারবে। তবে এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানে বিনামূল্যে শিক্ষার সুযোগ রয়েছে কি না, তা যাচাই করতে হবে।
সার্কুলারে আরও বলা হয়েছে, সনদ ও পেশাগত প্রশিক্ষণ কোর্সের পাশাপাশি ডাকযোগে বা দূরশিক্ষণ পদ্ধতিতে পরিচালিত নিয়মিত শিক্ষাকার্যক্রমের জন্যও বাংলাদেশ ব্যাংকের আগাম অনুমতি ছাড়াই বৈদেশিক মুদ্রা পাঠাতে পারবে এডি ব্যাংকগুলো।
অন্যদিকে, বিদেশ থেকে দেশে আসার সময় বাংলাদেশি বাসিন্দারা যে বৈদেশিক মুদ্রা সঙ্গে নিয়ে আসবেন, তা এখন থেকে আবাসিক বৈদেশিক মুদ্রা আমানত (আরএফসিডি) হিসাবে জমা রাখার ক্ষেত্রে নতুন শর্ত যুক্ত করা হয়েছে। সার্কুলার অনুযায়ী, শুল্ক কর্তৃপক্ষের কাছে এফএমজে (এফএমজে ফরম) ফরমে ঘোষণা দিয়ে আনা বৈদেশিক মুদ্রাই কেবল আরএফসিডি হিসাবে জমা করা যাবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, ব্যক্তিগত ভ্রমণ, চিকিৎসা, বিদেশে পড়াশোনা এবং অন্যান্য অনুমোদিত খাতে ব্যক্তিপর্যায়ে বৈদেশিক মুদ্রা পাঠানোর সুযোগ বাড়ানো হয়েছে। এ কারণে বিদেশ থেকে আনা বৈদেশিক মুদ্রা আরএফসিডি হিসাবে জমার ক্ষেত্রে ঘোষণার বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
সার্কুলারে আরও বলা হয়েছে, নতুন সিদ্ধান্ত কার্যকর করতে প্রচলিত বৈদেশিক মুদ্রা লেনদেনসংক্রান্ত বিধিবিধানে প্রয়োজনীয় সংশোধন করা হবে। তবে এ নির্দেশনার বাইরে বিদ্যমান অন্যান্য নিয়ম অপরিবর্তিত থাকবে।