প্রথমবার বাংলাদেশ দলে রবিন

চলমান ২৮তম জাতীয় ক্রিকেট লিগে ব্যাট হাতে ধারাবাহিকতার পুরস্কার পেলেন মাহফিজুল ইসলাম রবিন। প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন ২২ বছর বয়সী এই ওপেনার। একই প্রতিযোগিতায় দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে দীর্ঘ ৪ বছর পর টেস্ট দলে ফিরেছেন বাঁহাতি ওপেনার মোহাম্মদ নাঈম শেখ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ঘোষিত ১৬ সদস্যের দলে এই দুই ওপেনারের অন্তর্ভুক্তিই সবচেয়ে বড় চমক। এই সিরিজে জায়গা হারিয়েছেন অফ স্পিনার নাঈম হাসান। সাম্প্রতিক সময়ে ছন্দে না থাকলেও আস্থা ধরে রেখেছেন অভিজ্ঞ বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। চোটের কারণে শেষ মুহূর্তে বাদ পড়েন মাহমুদুল হাসান।

রবিনের প্রথমবার জাতীয় দলে সুযোগ পাওয়ার পেছনে ব্যক্তিগত পারফরম্যান্সের পাশাপাশি দলীয় সমন্বয়কেই বড় করে দেখেছে বাংলাদেশ টিম ম্যানেজনেট। দলে টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যানের আধিক্য কমিয়ে একজন ডানহাতি ওপেনারকে সুযোগ দেওয়ার লক্ষ্য ছিল নির্বাচকদের। প্রধান নির্বাচক হাবিবুল বাশারও বিষয়টি স্পষ্ট করেন, ‘রবিনকে নিয়ে এসেছি, কারণ আমাদের মনে হয়েছে একজন ডানহাতি ওপেনার তৈরি করা খুব দরকার। সেটা আমরা আগেও দেখছিলাম। তো আমাদের হাতে প্রস্তুত তেমন কেউ ছিল না। রবিনকেও আমরা আসলে আরেকটু সময় দিতে চেয়েছিলাম তৈরি হওয়ার জন্য। আমার মতে, সে নিজেকে প্রমাণ করেছে।’

এবারের এনসিএলে সেই প্রমাণ দিয়েছেন রবিন। ৫ ম্যাচের ১০ ইনিংসে ৩টি সেঞ্চুরি ও দুটি অর্ধশতকে ৬৭২ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক তিনি। ৭৪.৬৬ গড়ের এই পারফরম্যান্সে রয়েছে ২১৭ রানের একটি ইনিংসও। পাশাপাশি দক্ষিণ আফ্রিকায় ইমার্জিং দলের হয়ে চার দিনের ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে তার। সবকিছু বিবেচনায় নিয়েই তরুণ এই ব্যাটসম্যানকে আন্তর্জাতিক ক্রিকেটের জন্য প্রস্তুত মনে হয়েছে নির্বাচকদের। রবিনের অন্তর্ভুক্তিতে নাজমুল হোসেন শান্তও আশাবাদী। তরুণ ওপেনারের সামর্থ্যে আস্থা রেখে টেস্ট দলের অধিনায়ক বলেন, ‘রবিন নিজেকে প্রমাণ করেই এসেছে। যেভাবে এ বছর জাতীয় ক্রিকেট লিগে এবং এর আগেও ভালো করছিল, আমার মনে হয়, ও ভালো করবে। পাশাপাশি ডানহাতি ব্যাটসম্যান হিসেবে আমাদের একটি বিকল্পও বাড়ছে। তাই আমার মনে হয়, ও যদি সুযোগ পায় ভালো করবে।’

নাঈমের প্রত্যাবর্তনও জাতীয় লিগের ব্যাটিং-সাফল্যের স্বীকৃতি। ৫ ম্যাচের ৭ ইনিংসে ১০২ গড়ে ৬১২ রান করেন তিনি। রাজশাহীর বিপক্ষে খেলেন ২৮২ রানের দুর্দান্ত ইনিংস। আগের দুই রাউন্ডেও সেঞ্চুরি পেয়েছেন। ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ক্রাইস্টচার্চ টেস্টে অভিষেকের পর আর সাদা পোশাকে খেলার সুযোগ হয়নি তার। দক্ষিণ আফ্রিকার পেস-সহায়ক পরিবেশ বোলিং বিভাগে শক্তি বাড়িয়েছেন নির্বাচকরা। জোহানেসবার্গ ও সেঞ্চুরিয়নে ৩ জন পেসার খেলানোর সম্ভাবনা থাকায় ৫ জন পেসার নিয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ। এতে বাদ পড়েছেন অফ স্পিনার নাঈম।

নাঈম জায়গা হারালেও তাইজুলকে নিয়ে এখনই হাল ছাড়তে চান না নির্বাচকরা। সাম্প্রতিক নয় ইনিংসে মাত্র ৭ উইকেট পাওয়া এই স্পিনারের ছন্দহীনতা নিয়ে উদ্বেগ রয়েছে। তারপরও তার অভিজ্ঞতা ও অতীত সাফল্য বিবেচনায় আরও সুযোগ দিয়েছেন বলে দাবি প্রধান নির্বাচকের, ‘তাইজুলের ফর্ম নিয়ে আমরা অবশ্যই চিন্তিত। তবে ডানহাতি হিসেবে অফ স্পিনার মিরাজ আছে। সে দলের বড় সম্পদ। তাই বাঁহাতি স্পিনার নিলে এই মুহূর্তে আসলে তাইজুলের ওপর ভরসা রাখতে চাই, যদিও সে একটু অফ ফর্মে গত দুই-তিন টেস্টে। তবে তাইজুলকে ফর্মে ফেরানো খুব দরকার। তাই এখনই তাকে বাদ দিতে চাই না। আমরা জানি, সে দলের সেরা স্পিনার।’

দুই ম্যাচের সিরিজের প্রথম টেস্ট শুরু হবে ১৫ নভেম্বর জোহানেসবার্গে। দ্বিতীয় ও শেষ টেস্ট মাঠে গড়াবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়নে। এজন্য আজ এবং আগামীকাল দুই ধাপে টেস্ট দলের সদস্যরা দক্ষিণ আফ্রিকার উদ্দেশে ঢাকা ছাড়বেন।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন, খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম।