সিলেটে জয়ের জন্য রেকর্ড গড়তে হতো বাংলাদেশকে। গতকাল ৮০ ওভারে তুলতে হতো ৩৬৯ রান। তবে সে চেষ্টা করেননি স্বাগতিকরা। ৪ উইকেটে ১৮৪ রানের সময় ড্র মেনে নেয় দুই দল। তখনো ২১ ওভারের খেলা বাকি। জয়ের যেটুকু সম্ভাবনা ছিল, সেটা ওয়েস্ট ইন্ডিজেরই। কিন্তু ম্যাচের পঞ্চম ও শেষ দিনেও উইকেট ব্যাটসম্যানদের সহায়ক থাকায় সফরকারীরা তেমন চেষ্টা করেনি। অমীমাংসিত ফলে লাভ হয়নি বাংলাদেশ দলের। দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট মিরপুরে হারায় সিরিজ হাতছাড়া হয়েছে লাল-সবুজের প্রতিনিধিদের। এতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার দৌড়ে বড়সড় ধাক্কা খেয়েছেন নাজমুল হোসেন শান্তরা। সিরিজে এমন ফলের পর ঘরের মাঠে সুবিধা না পাওয়ার অভিযোগ তুলেছেন খোদ টেস্ট দলের অধিনায়ক।
ঘরের মাঠে খেলার অন্যতম সুবিধা হলো নিজেদের পরিকল্পনা অনুযায়ী উইকেট ও পরিবেশ পাওয়ার সুযোগ। প্রতিপক্ষের শক্তি-দুর্বলতা বিবেচনা করে আগে থেকেই সেই পরিকল্পনা সাজানোর কথা। বাংলাদেশের ভাবনাতেও ছিল স্পিনকে অস্ত্র বানিয়ে ক্যারিবীয় ব্যাটসম্যানদের চাপে রাখা। কিন্তু সিলেটে প্রত্যাশিত স্পিন-সহায়ক কন্ডিশন পুরোপুরি না পাওয়ায় পরিকল্পনা বাস্তবায়নে কিছুটা পিছিয়ে পড়েছে দল। শান্তর মতে, নিজেদের মাঠে এই বাড়তি সুবিধা পাওয়ার প্রত্যাশা পূরণ হওয়া উচিত ছিল আরও ভালোভাবে।
এ নিয়ে গতকাল ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আক্ষেপ প্রকাশ করেন শান্ত, ‘এই বিষয়গুলো আসলে অনেক আগে থেকেই পরিকল্পনা করা থাকে যে আমরা কেমন পরিবেশে খেলব, ঘরের মাঠে কেমন উইকেট চাই। তাই সেই সুবিধাটা আমাদের নিতেই হবে। আমার মনে হয়, সেই সুবিধা পুরোপুরি পাওয়া উচিত ছিল। পুরোপুরি না পেলেও অন্তত কাছাকাছি পাওয়া উচিত ছিল। দুর্ভাগ্যজনকভাবে আমরা সেটা কিছুটা কম পেয়েছি। আবার এমন সুযোগ এলে আরও ভালোভাবে চিন্তাভাবনা করে নিজেদের অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।’
স্পিনারদের জন্য উইকেটে শুরু থেকেই সহায়তা মিলবে, এমন ধারণা নিয়েই একাদশ সাজায় বাংলাদেশ। কিন্তু ম্যাচ যত এগিয়েছে, উইকেটের আচরণে সেই প্রত্যাশার প্রতিফলন ততটা দেখা যায়নি। বিশেষ করে শেষ দুই দিনে ব্যাটিংয়ের জন্য বেশ অনুকূল হয়ে ওঠে উইকেট। ফলে স্পিনারদের দিয়ে প্রতিপক্ষকে দ্রুত অলআউট করার পরিকল্পনা কঠিন হয়ে পড়ে। উইকেটের চরিত্র সম্পর্কে আগে থেকে পরিষ্কার ধারণা থাকলে দল একাদশেও ভিন্নতা আসতে পারত বলে মনে করেন শান্ত। স্পিনের পরিবর্তে ব্যাটিংবান্ধব উইকেট হওয়ার সম্ভাবনা থাকলে বাড়তি একজন পেসার নিয়ে মাঠে নামার সুযোগ ছিল বাংলাদেশের। বিশেষ করে সিলেটের মতো মাঠে পুরনো বলে পেসারদের ব্যবহার করে ভিন্ন পরিকল্পনা সাজানোর সুযোগ থাকে। তবে স্পিনের সহায়তা পাওয়ার প্রত্যাশায় শেষ পর্যন্ত সেই পথ বেছে নেয়নি দল। এ নিয়ে অধিনায়ক বলেন, ‘না, এ রকম চাওয়া ছিল না। যদি এ রকমই হতো, হয়তো আমরা আরও একজন বাড়তি পেসার নিয়ে খেলতে পারতাম। চিন্তা ছিল, স্পিন হয়তো আরেকটু আগে থেকে ধরবে। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সেটা হয়নি।’
দুই টেস্টেই তিন স্পিনার ও দুই পেসার নিয়ে মাঠে নামার সিদ্ধান্তের পেছনে প্রতিপক্ষের শক্তি ও দুর্বলতা বিবেচনা করে স্বাগতিকরা। দলের পেস আক্রমণে নাহিদ রানার অনুপস্থিতিও পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে বলে ইঙ্গিত দেন শান্ত, ‘প্রতিপক্ষের শক্তির জায়গা কোথায়, দুর্বলতা কোথায়Ñ এসব বিবেচনা করেই আমরা এই সমন্বয় করেছি। যদি রানা থাকত, তাহলে হয়তো কখনো কখনো আমরা ভিন্ন পরিকল্পনায় যেতে পারতাম। পুরনো বলে অনেক সময় মাঠে ভিন্ন পরিকল্পনা করা যায়।’
শেষ ইনিংসে সেই লক্ষ্য তাড়া করে জয় তুলে নেওয়ার চেয়ে ম্যাচ বাঁচানোই হয়ে ওঠে বাংলাদেশের প্রধান উদ্দেশ্য। শুরুতে ৪০ রানে দুই ওপেনার তানজিদ হাসান ও শান্তকে হারালেও হৃদয় ও মুশফিকুর রহিমের ১৩৫ রানের জুটি দলকে বিপদমুক্ত করে। হৃদয় করেন ৮২ রান, মুশফিকের ব্যাট থেকে আসে ৪৯। পরে আলোকস্বল্পতায় ৫৯ ওভারে চার উইকেটে ১৮৪ রান নিয়ে ড্র মেনে নেয় দুই দল। এই ইনিংসের মধ্য দিয়ে হৃদয় এক টেস্টে দুই ইনিংস মিলিয়ে ৩২৪ রান করে বাংলাদেশের হয়ে নতুন রেকর্ড গড়েন। মুশফিকও পূর্ণ করেন টেস্টে সাত হাজার রানের মাইলফলক। তবে ব্যক্তিগত অর্জন কিংবা ড্রয়ের স্বস্তি সিরিজ হারের হতাশা আড়াল করতে পারেনি। গোটা দলই নিজেদের স্বাভাবিক সামর্থ্য অনুযায়ী খেলতে পারেনি বলে মনে করেন শান্ত, ‘আমরা ভালো ক্রিকেট খেলিনি, এটা মেনে নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। আমার মনে হয়, এই সংস্করণে আমরা যেভাবে খেলছিলাম, তার ৫০ শতাংশও খেলতে পারিনি। আমরা যদি আমাদের পরিকল্পনা ও তার বাস্তবায়ন ভালোভাবে করতে পারতাম, তাহলে হয়তো ফলাফল ভিন্ন হতো।’