সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলতে ঢাকায় ফিরেছেন বড় তারকা হামজা দেওয়ান চৌধুরী। দীর্ঘ যাত্রার ক্লান্তি নিয়েও দেশে পৌঁছানোর পর দলের সঙ্গে যোগ দিয়েছেন ইংলিশ ক্লাব শেফিল্ড ইউনাইটেডের এ মিডফিল্ডার। গতকাল সোমবার ভোর ৬টা ৪৫ মিনিটে পরিবারসহ ঢাকায় পৌঁছান তিনি। এরপর হোটেলে সতীর্থদের সঙ্গে দেখা করে বিকেলে যোগ দেন জাতীয় দলের অনুশীলনে। হামজার ফেরায় দলের মধ্যে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।
ইংল্যান্ডের লেস্টার থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টার পথ পাড়ি দিয়ে গ্যাটউইক বিমানবন্দরে যান হামজা। সেখান থেকে ইস্তানবুল হয়ে ঢাকায় পৌঁছাতে দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে তাকে। সঙ্গে ছিলেন মা, ভাই, বোন, স্ত্রী ও তিন সন্তান। স্বাভাবিকভাবেই বেশ ক্লান্ত ছিলেন এ ফুটবলার। এ কারণে দেশে ফেরার পর তার সঙ্গে বেশি কথা বলার সুযোগ হয়নি বলে জানিয়েছেন বাংলাদেশ দলের সংশ্লিষ্ট এক কর্মকর্তা। তবে হোটেলে পৌঁছেই সতীর্থদের সঙ্গে সময় কাটিয়েছেন হামজা। এরপর দলের সঙ্গে অনুশীলনেও যোগ দেন।
ভুটানের সঙ্গে ১-০ গোলের মামুলী জয়ের পর সামনেই শ্রীলংকা বাধা। তাই দলে হামজার গুরুত্ব তুলে ধরে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সদস্য ইমতিয়াজ হামিদ সবুজ বলেন, ‘অবশ্যই হামজা আমাদের জন্য অনেক দরকারি একজন খেলোয়াড়। সে ফেরায় আমাদের দলের প্রতিটি খেলোয়াড় উজ্জীবিত হবে। আমি আশা করি, এবার সমর্থকরা ভালো খেলা উপহার পাবেন।’ তিনি যোগ করেন, ‘এই সাফ শিরোপা আমাদের ঘরে নিতেই হবে। তাই দলে হাজমার যোগ দেওয়া আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ ছিল।’
হামজার উপস্থিতিতে দলের খেলার ধরন ও পরিকল্পনাতেও কিছুটা পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন সবুজ। তার ভাষায়, ‘আমাদের খেলোয়াড়রাও চাচ্ছিল হামজা চলে আসুক। সে আসায় আমাদের মোটিভেশন কিছুটা পরিবর্তন হবে, খেলার ধরনও বদলাবে। সে পুরো দায়িত্ব নিয়ে খেলে এবং নিজের সামর্থ্যরে সবটুকু দেওয়ার চেষ্টা করে। আশা করি, সামনের ম্যাচে আমরা ভালো করব।’
হামজার ফেরায় সতীর্থদের মধ্যে যে বাড়তি আত্মবিশ্বাস তৈরি হয়েছে, সেটির প্রতিফলন দেখা গেছে বিশ্বনাথ ঘোষের কথাতেও। ভুটানের বিপক্ষে নতুন পজিশনে স্ট্রাইকার হিসেবে খেলা এ ডিফেন্ডার জানিয়েছেন, হামজা দলে ফেরায় সবাই আরও উজ্জীবিত। হামজার সঙ্গে কথোপকথনের প্রসঙ্গে বিশ্বনাথ বলেন, ‘নতুন পজিশনে খেলা কেমন উপভোগ করছি, সেটিই জানতে চেয়েছিলেন হামজা। আমি বলেছি, মাঠে খেলাটা উপভোগ করেছি, তবে গোল না পাওয়ার আক্ষেপ রয়েছে।’