খুঁটি বসে, বিদ্যুতের লাইন টানা হয়, মিটারও স্থাপন করা হয় কিন্তু এসবের কিছুই জানে না কর্তৃপক্ষ। অথচ বিদ্যুৎ সংযোগের আশায় কেউ দিয়েছেন সাড়ে ৭ হাজার টাকা,কেউ বা ৩৫ হাজার টাকা। কিন্তু অভিযোগ, টাকা দিয়েও মেলেনি বৈধ সংযোগের নিশ্চয়তা।
কোথাও অবৈধভাবে মিটার ও বিদ্যুতের খুঁটি স্থাপন,আবার কোথাও বিদ্যুৎ বিলের কপি না দিয়েই বিল পরিশোধের জন্য চাপ সৃষ্টি আবার কোথাও অবৈধ মিটারে গ্রাহকের নামে বিদ্যুৎ বিল করে চাপ দিয়ে ভয়ভীতি দেখিয়ে বিল আদায়ের অভিযোগ উঠেছে। এমনই নানা অভিযোগে প্রশ্নের মুখে পড়েছে নাটোরের বাগাতিপাড়া পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর সাব-জোনাল অফিসের কার্যক্রম। এসব ঘটনায় ভুক্তভোগীরা সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে প্রতিকার চেয়েছেনএবং অভিযোগগুলোর নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, গ্রাহকদের মিটার ও সংযোগের বৈধতা নিশ্চিত এবং কোনো অনিয়ম হয়ে থাকলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।
অন্যদিকে কর্তৃপক্ষের দাবি, তাদের অগোচরে কেউ প্রযুক্তির অপব্যবহার করে প্রতারণার মাধ্যমে এসব ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে তারা ধারণা করছেন।
তবে স্থানীয়দের প্রশ্ন, সংশ্লিষ্ট দপ্তরের জনবল ও অবকাঠামো ব্যবহার করেই বিদ্যুতের খুঁটি স্থাপন, তার টানা ও মিটার সংযোগের মতো কাজ সম্পন্ন হয়। তাহলে এসব কার্যক্রম কীভাবে কর্তৃপক্ষের অজান্তে সম্পন্ন হল? দপ্তরের কার্যক্রমের মধ্য দিয়ে এসব ঘটনা ঘটার পরও কর্তৃপক্ষের এমন বক্তব্যকে অযৌক্তিক বলে মনে করছেন ভুক্তভোগী ও স্থানীয়রা।
ভুক্তভোগীদের অভিযোগ ও সরেজমিন অনুসন্ধানে জানা যায়, উপজেলার পেড়াবাড়িয়া মহল্লার সাথি খাতুনের কাছ থেকে বিদ্যুৎ মিটার দেওয়ার কথা বলে সাড়ে ৭ হাজার টাকা নেওয়া হয়। পরে তার বাড়িতে একটি মিটার স্থাপন করা হলেও সেটিতে অবৈধভাবে সংযোগ দেওয়া হয়েছে বলে অভিযোগ তার। আবার অফিসে যোগাযোগ করা হলে তার থেকে তার নামে বিদ্যুৎ বিল করে চাপ দিয়ে ভয়ভীতি দেখিয়ে ৫ হাজার টাকা বিল আদায়ের অভিযোগ উঠেছে।
একইভাবে পৌরসভার লক্ষণহাটি মহল্লার মিজানুর রহমানের কাছ থেকে বিদ্যুতের খুঁটি স্থাপনের কথা বলে ৩৫ হাজার টাকা নিয়ে অবৈধভাবে মিটার সংযোগ দেওয়া ও বিল ছাড়াই জরিমানা সহ ১৮ হাজার টাকার দাবির অভিযোগ উঠেছে। অন্যদিকে একই মহল্লার সামিউল ইসলামও বিদ্যুৎ বিলের কপি না দিয়েও বিল পরিশোধের চাপ, থানা-পুলিশের ভয়ভীতি প্রদর্শন এবং সাদা কাগজে টাকা দাবির অভিযোগ করেছেন।
তিনটি ঘটনায়ই ইলেকট্রিশিয়ান মোঃ জহুরুল ইসলামের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন ভুক্তভোগীরা। তাদের দাবি, বিদ্যুৎ সংযোগের জন্য প্রথমে সংশ্লিষ্ট অফিসে যোগাযোগ করলে সেখান থেকে ইলেকট্রিশিয়ানের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়। সেই পরামর্শ অনুযায়ী তারা জহুরুল ইসলামের সঙ্গে যোগাযোগ করেন এবং তার মাধ্যমেই মিটার ও বিদ্যুৎ সংযোগের কার্যক্রম সম্পন্ন করেন।
অভিযুক্ত ইলেকট্রিশিয়ান মো. জহুরুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে অফিস থেকে চিঠির মাধ্যমে তার কাছে ব্যাখ্যা চাওয়া হলে তিনি জবাব দিয়েছেন।
তিনি বলেন, ‘আমি ওই সকল গ্রাহকদের বাড়িতে যাই নি, ওয়ারিং করিনি এবং তাদের সঙ্গে কোনো ধরনের লেনদেনও করিনি। আমার বিরুদ্ধে আনা সব অভিযোগ মিথ্যা।’
এ বিষয়ে বাগাতিপাড়া সাব-জোনাল অফিসের সহকারী জেনারেল ম্যানেজার (এজিএম) মো. হেলালুর রহমান বলেন, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ বিষয়ে একটি তদন্ত কমিটি কাজ করছে। তদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে। আমরা চাই, অপরাধীরা শাস্তি পাক।
নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার (চলতি দায়িত্ব) টি এম মেসবাহ উদ্দিন বলেন, অভিযোগের পরিপ্রেক্ষিতে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটি ঘটনাগুলো তদন্ত করছে। তদন্তে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের পর কমিটির প্রতিবেদনের সুপারিশ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।