বড়াল নদীতে অবৈধ তিনটি বাঁধ উচ্ছেদ, মাছ ধরার সরঞ্জাম ধ্বংস

আপডেট : ২৪ অক্টোবর ২০২৬, ০৪:১৩ পিএম

নাটোরের বাগাতিপাড়ায় বড়াল নদীতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাছ ধরার তিনটি বাঁধ উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তর। এ সময় তিনটি চায়না দুয়ারি জাল, ৫৮টি খলসুনসহ বাঁশ, খুঁটি ও বানা জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করা হয়। জব্দ করা সরঞ্জামের মূল্য চার লাখ টাকা।

শনিবার (২৪ অক্টোবর) উপজেলার জামনগর ইউনিয়নের বাঁশবাড়িয়া ও বাজিতপুর এলাকায় বড়াল নদীতে এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান পিয়া।

তিনি জানান, নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখা এবং অবৈধভাবে মাছ আহরণ বন্ধে এ অভিযান পরিচালনা করা হয়েছে। নদী ও জলজ সম্পদ রক্ষায় অবৈধ কার্যক্রমের জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

উপজেলা মৎস্য কর্মকর্তা এস এম মাহমুদুল হাসান বলেন, নদীতে অবৈধভাবে বাঁধ দিয়ে ও নিষিদ্ধ জাল ব্যবহার করে মাছ ধরার কারণে মাছের স্বাভাবিক প্রজনন ও বংশবিস্তার বাধাগ্রস্ত হতে পারে। নদীর জীববৈচিত্র রক্ষা এবং মাছের উৎপাদন বাড়াতে এ ধরনের অবৈধ কার্যক্রম বন্ধ করা জরুরি।

এ বিষয়ে নিয়মিত তদারকি ও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

অভিযান পরিচালনার সময় বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

 

সর্বশেষ সর্বাধিক পঠিত