চরম জলবায়ু বিপর্যয়ের মুখে পৃথিবী, জাতিসংঘের হুঁশিয়ারি

পৃথিবীর বায়ুমণ্ডল, সমুদ্র ও অন্যান্য প্রাকৃতিক ব্যবস্থায় তাপ জমার হার আশঙ্কাজনকভাবে বেড়ে চলেছে। জাতিসংঘের বিশ্ব আবহাওয়া সংস্থা (ডব্লিউএমও) প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সোমবার (৯ নভেম্বর) তুরস্কে জাতিসংঘের ৩১তম জলবায়ু সম্মেলন (কপ৩১) শুরুর প্রাক্কালে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৬ সাল বিশ্বের ইতিহাসে রেকর্ড করা চারটি উষ্ণতম বছরের একটিতে পরিণত হওয়ার পথে রয়েছে। খবর দ্য গার্ডিয়ান।  

ডব্লিউএমওর 'স্টেট অব দ্য গ্লোবাল ক্লাইমেট' শীর্ষক হালনাগাদ প্রতিবেদনে বলা হয়েছে, সূর্য থেকে পৃথিবীতে আসা শক্তি এবং পৃথিবী থেকে মহাকাশে ফিরে যাওয়া শক্তির মধ্যে পার্থক্য পর্যবেক্ষণ শুরুর পর থেকে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। এর ফলে তাপপ্রবাহ, খরা ও গ্রীষ্মমণ্ডলীয় ঘূর্ণিঝড়ের মতো চরম আবহাওয়ার ঘটনা আরও শক্তিশালী ও ভয়াবহ হয়ে উঠবে।

সংস্থাটির তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বজুড়ে ভূপৃষ্ঠের গড় তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় প্রায় ১ দশমিক ৪৭ ডিগ্রি সেলসিয়াস বেশি ছিল। এ সময়ে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রাও মাসভিত্তিক রেকর্ড ছাড়িয়েছে। পাশাপাশি সমুদ্রপৃষ্ঠের উচ্চতা পৌঁছেছে পর্যবেক্ষণ শুরুর পর সর্বোচ্চ পর্যায়ে।

গ্রিনহাউস গ্যাসের কারণে আটকে পড়া অতিরিক্ত তাপের প্রায় ৯০ শতাংশই সমুদ্র শোষণ করে। ডব্লিউএমও বলছে, ২০২৬ সাল টানা দশম বছরের মতো সমুদ্রে তাপের নতুন রেকর্ড গড়তে যাচ্ছে।

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, 'আমরা জলবায়ুর চরমভাবাপন্নতার এক নতুন যুগে প্রবেশ করেছি। মানুষের কর্মকাণ্ডে সৃষ্ট জলবায়ু পরিবর্তনে আগে থেকেই উত্তপ্ত হয়ে থাকা পৃথিবীর সঙ্গে এখন তীব্র এল নিনোর প্রভাব যুক্ত হচ্ছে। একের পর এক জলবায়ু রেকর্ড ভাঙছে। বাড়ছে এর মানবিক মূল্যও। আর এই সংকটের জন্য যারা সবচেয়ে কম দায়ী, তারাই প্রথম এবং সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে।' 

প্রতিবেদনে বলা হয়েছে, সমুদ্রের তাপের পরিমাণ বিশ্লেষণে দেখা যায়, পৃথিবীর শক্তির ভারসাম্যহীনতা ২০০১ থেকে ২০২৫ সাল পর্যন্ত প্রতি দশকে প্রতি বর্গমিটারে ০.৩ ওয়াট হারে বেড়েছে। অথচ ১৯৬০ থেকে ২০২৫ সাল পর্যন্ত এই বৃদ্ধির হার ছিল প্রতি দশকে প্রতি বর্গমিটারে ০.১৩ ওয়াট।

এই পরিস্থিতিতে ২০২৬ সাল বিশ্বের ইতিহাসে চারটি উষ্ণতম বছরের একটিতে পরিণত হওয়ার পথে। ফলে ২০২৩ থেকে ২০২৬—এই চার বছরই হবে রেকর্ড রাখা শুরুর পর সবচেয়ে উষ্ণ চার বছর।

যুক্তরাজ্যের ইউনিভার্সিটি কলেজ লন্ডনের ভূ-পদার্থবিদ্যা ও জলবায়ুজনিত দুর্যোগবিষয়ক ইমেরিটাস অধ্যাপক বিল ম্যাকগুয়ার বলেছেন, প্রতিবেদনটির ফলাফলে অবাক হওয়ার কিছু নেই। তাঁর মতে, বৈশ্বিক তাপমাত্রা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি কিংবা সমুদ্রবরফের বিস্তৃতি—প্রতিটি সূচকই দেখাচ্ছে, পৃথিবী এখন অত্যন্ত বিপজ্জনক পরিস্থিতির মধ্যে রয়েছে।

সাম্প্রতিক গবেষণার বরাত দিয়ে ম্যাকগুয়ার বলেন, ২০২৮ সালের মধ্যেই শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় বৈশ্বিক উষ্ণতা স্থায়ীভাবে ১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসের সীমা অতিক্রম করতে পারে।

বর্তমানে প্রতি দশকে পৃথিবীর তাপমাত্রা প্রায় ০.৪ ডিগ্রি সেলসিয়াস হারে বাড়ছে। এই গতি অব্যাহত থাকলে ২০৩০-এর দশকের শেষ দিকে বৈশ্বিক উষ্ণতা ২ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যেতে পারে।

তিনি আরও বলেন, 'শতাব্দীর শেষ নাগাদ পৃথিবীর তাপমাত্রা ২ দশমিক ৬ থেকে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস বাড়বে—এমন বহুল প্রচারিত ধারণাকেও এখন অতিমাত্রায় আশাবাদী মনে হচ্ছে। এমনকি বাস্তবে তা অসম্ভবও হয়ে উঠতে পারে।'

বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের এই দ্রুতগতির প্রভাব মোকাবিলায় বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানোর পাশাপাশি অভিযোজন ও দুর্যোগ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়া এখন আগের যেকোনো সময়ের চেয়ে বেশি জরুরি।