আস্থার সংকটে কপ৩১ জলবায়ু সম্মেলন, আলোচনায় নেই স্বচ্ছতা ও জবাবদিহি

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ১২:১৯ পিএম

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বৈশ্বিক উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ মঞ্চ জাতিসংঘের জলবায়ু সম্মেলন। তবে এই সম্মেলনের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় স্বার্থের সংঘাত, করপোরেট প্রভাব ও জবাবদিহির ঘাটতি নিয়ে দীর্ঘদিন ধরেই উদ্বেগ রয়েছে। তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া কপ৩১ সম্মেলনেও এসব সমস্যা দূর করতে কার্যকর পদক্ষেপ না থাকায় সম্মেলনের স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল।

৫ নভেম্বর প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, জলবায়ু আলোচনায় কারা অংশ নিচ্ছেন, তাঁরা কাদের স্বার্থ প্রতিনিধিত্ব করছেন এবং নীতিনির্ধারণে কতটা প্রভাব বিস্তারের সুযোগ পাচ্ছেন—এসব বিষয়ে স্বচ্ছতা নিশ্চিত করার মৌলিক ব্যবস্থাও এখনো গড়ে ওঠেনি। ফলে জলবায়ু পরিবর্তন মোকাবিলার উদ্যোগ বিলম্বিত করতে আগ্রহী বিভিন্ন শিল্পগোষ্ঠী গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় বিশেষ সুবিধা পেতে পারে।

এবারের কপ৩১ সম্মেলনে তুরস্ক সভাপতিত্বের দায়িত্ব পালন করছে। অন্যদিকে আলোচনার সভাপতিত্বের দায়িত্বে রয়েছে অস্ট্রেলিয়া। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের মতে, দুই দেশ চাইলে জলবায়ু আলোচনায় স্বচ্ছতা ও নৈতিকতার নতুন দৃষ্টান্ত স্থাপন করতে পারে। কিন্তু এখন পর্যন্ত এ বিষয়ে তাদের পক্ষ থেকে কার্যকর কোনো অঙ্গীকার দেখা যায়নি।

সংস্থাটি বলছে, এ সমস্যা শুধু জীবাশ্ম জ্বালানি কোম্পানির মধ্যে সীমাবদ্ধ নয়। অন্যান্য উচ্চমাত্রার দূষণকারী শিল্পের পাশাপাশি ডেটা সেন্টারের মতো দ্রুত সম্প্রসারিত ও বিপুল জ্বালানিনির্ভর খাতের স্বার্থও জলবায়ু আলোচনায় প্রভাব বিস্তার করতে পারে। তাই বিষয়টি কেবল তথ্য প্রকাশের নয়; বরং আন্তর্জাতিক জলবায়ু আলোচনা যেন বৃহত্তর জনস্বার্থে পরিচালিত হয়, তা নিশ্চিত করার প্রশ্ন। 

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের বিশ্লেষণ অনুযায়ী, ২০২৫ সালে ব্রাজিলের বেলেমে অনুষ্ঠিত কপ৩০ সম্মেলনে জাতীয় প্রতিনিধিদলের ৫৪ শতাংশ অংশগ্রহণকারী তাঁদের প্রাতিষ্ঠানিক পরিচয় প্রকাশ করেননি। অনেকে পরিচয়ের ঘরে ‘অতিথি’ বা ‘অন্যান্য’-এর মতো অস্পষ্ট পরিচয় ব্যবহার করেছিলেন।

এ ছাড়া ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নয়টি সদস্যদেশের প্রতিনিধিদলে জীবাশ্ম জ্বালানি খাতের সঙ্গে সংশ্লিষ্ট ৬৩ জন প্রতিনিধির উপস্থিতি শনাক্ত করেছিল সংস্থাটি। এসব দেশের প্রতিনিধিদলের মাধ্যমে অংশ নেওয়া বেসরকারি প্রতিনিধিদের ৯৫ শতাংশের বেশি ‘পার্টি ওভারফ্লো ব্যাজ’ ব্যবহার করেছিলেন। এ ধরনের প্রবেশপত্রের মাধ্যমে সম্মেলনের গুরুত্বপূর্ণ আলোচনাস্থল ব্লু জোনে প্রবেশ করা গেলেও সাধারণ পর্যবেক্ষকদের মতো তাঁদের পরিচয় ও স্বার্থসংশ্লিষ্টতার তথ্য প্রকাশের বাধ্যবাধকতা নেই।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অবশ্য স্পষ্ট করেছে, এসব তথ্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনৈতিক কর্মকাণ্ডের প্রমাণ নয়। তবে জলবায়ু আলোচনায় কারা প্রবেশাধিকার পাচ্ছেন এবং তাঁরা কোন স্বার্থের প্রতিনিধিত্ব করছেন, তা প্রকাশের প্রয়োজনীয়তা এসব তথ্যের মাধ্যমে স্পষ্ট হয়েছে।

গত বছর কপ৩০ সম্মেলনের আয়োজক দেশ ব্রাজিল স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কয়েকটি উদ্যোগ নিয়েছিল। এর মধ্যে ছিল স্বাধীন অভিযোগ নিষ্পত্তির জন্য ন্যায়পাল নিয়োগ, সম্মেলনের নৈতিকতা নিয়ে উন্মুক্ত আলোচনা এবং বিভিন্ন পক্ষের সঙ্গে বৈঠকের সময়সূচি প্রকাশ।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল মনে করে, কপ৩১ চলাকালেই এসব ঘাটতি দূর করার উদ্যোগ নেওয়া সম্ভব। এ জন্য তুরস্ক ও অস্ট্রেলিয়ার কাছে সম্মেলনে স্বচ্ছতা, নৈতিকতা ও প্রাতিষ্ঠানিক সংস্কার নিয়ে বিশেষ আলোচনা আয়োজনের আহ্বান জানিয়েছে সংস্থাটি। বন শহরের মধ্যবর্তী আলোচনায় শুরু হওয়া উন্মুক্ত সংলাপকে এর ভিত্তি হিসেবে ব্যবহারের প্রস্তাবও দিয়েছে তারা। সংস্থাটির লক্ষ্য কপ৩২-এর আগেই একটি শক্তিশালী নৈতিক সুরক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার রূপরেখা তৈরি করা। এর আওতায় স্বাধীন নৈতিকতা পর্যবেক্ষণব্যবস্থা, সুস্পষ্ট আচরণবিধি এবং স্বার্থের সংঘাত নিরসনে কার্যকর নীতিমালা প্রণয়নের কথা বলা হয়েছে।

এ ছাড়া তুরস্ক ও অস্ট্রেলিয়াকে নিজেদের প্রতিনিধিদলের সদস্যদের প্রাতিষ্ঠানিক পরিচয় এবং জীবাশ্ম জ্বালানি খাতের সঙ্গে তাঁদের কোনো সংশ্লিষ্টতা থাকলে তা প্রকাশের আহ্বান জানিয়েছে সংস্থাটি। ভবিষ্যতের জলবায়ু সম্মেলনগুলোতেও স্বচ্ছতা ও জবাবদিহির কঠোর মানদণ্ড অনুসরণের ওপর জোর দিয়েছে তারা।

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল জানিয়েছে, এ সংস্কার বাস্তবায়নে দুই দেশের সভাপতিত্বের সঙ্গে কাজ করতে তারা প্রস্তুত। আনতালিয়ায় সম্মেলনে কী ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে, তা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করবে সংস্থাটি।

তাদের বক্তব্য, জলবায়ু আলোচনার বিশ্বাসযোগ্যতা রক্ষায় নৈতিকতা ও স্বচ্ছতার সংস্কার আর পিছিয়ে দেওয়ার সুযোগ নেই। কারণ, যাঁদের সিদ্ধান্তে বিশ্বের কোটি কোটি মানুষের ভবিষ্যৎ নির্ধারিত হচ্ছে, সেই সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় জনস্বার্থই সর্বোচ্চ গুরুত্ব পাওয়া উচিত।

সর্বশেষ সর্বাধিক পঠিত