গাজীপুরে প্রকাশ্যে ভ্যানচালককে মারধর করে ছিনতাই, ভিডিও ভাইরাল

গাজীপুর মহানগরীর তারাগাছ এলাকায় পথচারীদের সামনেই একটি বেকারির ডেলিভারি ভ্যানচালককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে তিন দুর্বৃত্তের বিরুদ্ধে। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে এলাকায় আতঙ্ক সৃষ্টি হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে। আহত ভ্যানচালকের নাম মো. আল মামুন। তিনি বোম্বে চিপসের ডিলারের হয়ে ডেলিভারিম্যান হিসেবে কাজ করেন।

সড়কের পাশে থাকা একটি ব্যক্তিগত গাড়ির ড্যাশক্যামের ভিডিওতে পুরো ঘটনা ধরা পড়ে। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।

ভিডিওতে দেখা যায়, যানজটের কারণে মহাসড়কে ধীরগতিতে চলছিল একটি ডেলিভারি ভ্যান। এ সময় তিন যুবক ধারালো অস্ত্র নিয়ে ভ্যানটির চালককে ঘিরে ধরে টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। চালক বাধা দিলে তাকে টেনেহিঁচড়ে সড়কে ফেলে দেওয়া হয়। পরে চাপাতি দিয়ে ভয় দেখিয়ে তার পকেট থেকে মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। একপর্যায়ে একটি অটোরিকশায় চড়ে ঘটনাস্থল ত্যাগ করে তারা।

ভিডিওতে ঘটনাস্থলে একটি বেসরকারি প্রতিষ্ঠানের নিরাপত্তাকর্মীকেও দেখা যায়। তবে ছিনতাইয়ের সময় তাকে কার্যকর কোনো ভূমিকা নিতে দেখা যায়নি। এ সময় আশপাশে বেশ কয়েকজন পথচারী থাকলেও কেউ দুর্বৃত্তদের বাধা দিতে বা আহত চালককে সহায়তা করতে এগিয়ে আসেননি।

পরে স্থানীয়রা আহত আল মামুনকে উদ্ধার করে তারাগাছ এলাকার তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।

বাংলাদেশ ইয়ুথ রেভল্যুশনের কেন্দ্রীয় মুখ্য সংগঠক সবুজ উদ্দিন ইকবাল বলেন, তাদের সংগঠনের কর্মীরা পরে আহত ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছেন। তারা তার শারীরিক অবস্থার খোঁজখবর রাখছেন। পাশাপাশি বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

তবে গাজীপুর মহানগর পুলিশের গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী বলেন, এ ধরনের কোনো ঘটনার বিষয়ে তিনি অবগত নন। কেউ তাকে বিষয়টি জানাননি।