চার রাতে চার বাসে আগুন, ধামরাইয়ে গ্রেপ্তার ৫

ঢাকার ধামরাইয়ে চার রাতে পৃথক স্থানে ৪টি বাসে অগ্নিসংযোগের ঘটনায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে পরিবহন খাতে। রাতের আঁধারে পার্কিংয়ে রাখা বাসে একের পর এক আগুন দেওয়ার ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বাস মালিক ও শ্রমিকেরা।

ঢাকা-আরিচা মহাসড়কের থানা বাসস্ট্যান্ডের পাশ থেকে শ্রীরামপুর, শরীফবাগ হয়ে ধামরাই ভূমি অফিসের সামনের মতো বিভিন্ন স্থানে ঘটেছে এসব অগ্নিসংযোগের ঘটনা।

পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানোর পরও বন্ধ হয়নি বাসে আগুন দেওয়ার ঘটনা। ফলে এখন বাস মালিকদের মধ্যে বড় প্রশ্ন পরবর্তী টার্গেট কোথায়?

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে ধামরাই থানা বাসস্ট্যান্ডের পাশে, শনিবার রাতে শ্রীরামপুর বাসস্ট্যান্ডের পাশে, রবিবার রাতে শরীফবাগ এলাকায় এবং মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে ধামরাই ভূমি অফিসের সামনে দাঁড়িয়ে থাকা চারটি বাসে আগুন দেওয়া হয়। সবগুলো বাস পোশাক কারখানার শ্রমিক পরিবহনে ব্যবহৃত হতো। ধারাবাহিক এসব ঘটনায় পরিবহন মালিক ও শ্রমিকদের মধ্যে আতঙ্ক বাড়ছে।

বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, নির্দিষ্ট পার্কিং ব্যবস্থা না থাকায় দীর্ঘদিন ধরে বিভিন্ন সড়কের পাশে বাস রাখতে হচ্ছে। কিন্তু হঠাৎ করে কয়েক রাতের ব্যবধানে একের পর এক বাসে আগুন দেওয়ার ঘটনায় এখন কোথায় গাড়ি রাখবেন, তা নিয়েই দুশ্চিন্তায় পড়েছেন তারা। আগে দীর্ঘদিন ধরে এসব স্থানে বাস রাখা হলেও এমন ঘটনার মুখোমুখি হতে হয়নি বলে জানান তারা।

শ্রীরামপুরে আগুনে পুড়ে যাওয়া বাসটির চালক সাজ্জাদ হোসেন জানান, ঘটনার দিন সন্ধ্যায় এক অপরিচিত ব্যক্তি এসে বাসটির মালিকের নাম জানতে চান। পরে রাতেই বাসটিতে আগুন দেওয়া হয়। তার ধারণা, রাজনৈতিক বিরোধের জেরেও এ ঘটনা ঘটতে পারে।

বাসটির মালিক ও সূতিপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বলেন, রাজনৈতিক কিংবা ব্যক্তিগত শত্রুতার কারণে তার বাসে আগুন দেওয়া হয়ে থাকতে পারে বলে সন্দেহ করছেন তিনি। তবে কারা এ ঘটনা ঘটিয়েছে, সে বিষয়ে নিশ্চিত নন।

অন্যদিকে, প্রশাসনের পক্ষ থেকে রাতে সড়কের পাশে কিংবা অনিরাপদ স্থানে বাস না রেখে নিজস্ব গ্যারেজ বা নিরাপদ স্থানে রাখার পরামর্শ দেওয়া হয়েছে। তবে পর্যাপ্ত পার্কিং সুবিধা না থাকায় অনেক বাস মালিকের পক্ষেই এ পরামর্শ বাস্তবায়ন করা কঠিন হয়ে পড়েছে।

ধামরাই ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আল আমিন বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বাসে আগুন দেওয়ার ঘটনাগুলো নাশকতামূলক।

ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান জানান, ধারাবাহিক অগ্নিসংযোগের ঘটনায় পৃথক দুটি অজ্ঞাতনামা মামলা হয়েছে। এসব মামলায় পাঁচজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে।

চার রাতে চার বাসে আগুনের ঘটনায় এখনো কাটেনি আতঙ্ক। কারা, কী উদ্দেশ্যে এসব অগ্নিসংযোগ করছে, তা উদ্‌ঘাটন হয়নি। দ্রুত অপরাধীদের শনাক্ত ও নিরাপত্তা নিশ্চিত না হলে পরবর্তী টার্গেট কোন বাস হবে, সেই শঙ্কা থেকেই যাবে পরিবহন মালিক-শ্রমিকদের মধ্যে।