চট্টগ্রামে বর্ণাঢ্য আয়োজনে শুরু হলো ‘আকবর ৭ গ্রুপ একাডেমী কাপ টি২০ ক্রিকেট’

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৮:৩৫ পিএম

চট্টগ্রামে বন্ধ থাকা ক্রিকেট লিগ পুনরায় চালুর প্রত্যয় ও উদীয়মান তরুণ ক্রিকেটারদের প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরিয়ে আনার দৃঢ় অঙ্গীকার নিয়ে আজ বিভাগীয় মহিলা ক্রীড়া কমপ্লেক্স মাঠে আনুষ্ঠানিকভাবে পর্দা উঠল ‘আকবর ৭ গ্রুপ একাডেমী কাপ টি২০ ক্রিকেট ২০২৬’-এর। দুপুর ১২টায় এক জমকালো ও উৎসবমুখর পরিবেশে টুর্নামেন্টের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টুর্নামেন্টের টাইটেল স্পন্সর স্বনামধন্য শিল্পপ্রতিষ্ঠান আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর, উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান সিরাজউদ্দিন মো. আলমগীর এবং বিসিবি পরিচালক ও এশিয়ান গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক সাকিফ আহমেদ সালাম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম ক্লাব সমিতির উপদেষ্টা ও টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক হাফিজুর রহমান, ক্লাব সমিতির সহ-সভাপতি ও টুর্নামেন্ট কমিটির যুগ্ম আহ্বায়ক আমিনুল ইসলাম, বিসিবি কাউন্সিলর সাবেক জাতীয় ক্রিকেটার শহিদুর রহমান, সাবেক ক্রিকেটার ও বিসিবি ভেন্যু ম্যানেজার ফজলে বারী খান রুবেল, টুর্নামেন্টের কো-স্পন্সর আম্বিয়া গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আবুল হাশেম রাজা, টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. দিদারুল আলম চৌধুরী, টুর্নামেন্ট কমিটির সদস্য সিজেকেএস কাউন্সিলর আবু সামা বিপ্লব, আলী হাসান রাজু, জয়নাল আবেদীন এবং সরওয়ার হোসেন প্রমুখ।

উদ্বোধনী বক্তব্যে আকবর ৭ গ্রুপের চেয়ারম্যান মো. আলী আকবর বলেন, "চট্টগ্রামের ক্রিকেটের দীর্ঘদিনের অচলাবস্থা ভেঙে তরুণ ও একাডেমি পর্যায়ের ক্রিকেটারদের মাঠে ফেরানোর এমন মহতী উদ্যোগে শরিক হতে পেরে আমরা আনন্দিত ও গর্বিত। তৃণমূল থেকে মানসম্মত খেলোয়াড় তুলে আনতে এই প্রতিযোগিতা বিরাট ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি। আকবর ৭ গ্রুপ ভবিষ্যতেও তরুণদের ক্রীড়া ও ইতিবাচক বিকাশে সবসময় পাশে থাকবে।" 

টুর্নামেন্ট কমিটির সদস্য সচিব বিশিষ্ট ক্রীড়া সংগঠক মো. দিদারুল আলম চৌধুরী তাঁর বক্তব্যে টাইটেল স্পন্সর আকবর ৭ গ্রুপ, কো-স্পন্সর আম্বিয়া গ্রুপ এবং উপস্থিত বিসিবি পরিচালকবৃন্দসহ সকল আমন্ত্রিত অতিথিদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি বলেন, "চট্টগ্রামের তৃণমূল ক্রিকেটকে পুনরুজ্জীবিত করতে এই আয়োজন একটি নতুন মাইলফলক। সকলের সম্মিলিত সহযোগিতায় আগামীতে চট্টগ্রামের এই একাডেমি কাপ ক্রিকেটকে আরও বৃহত্তর ও আকর্ষণীয় পরিসরে নিয়মিত বাৎসরিক ইভেন্ট হিসেবে আয়োজন করা হবে। একই সাথে তরুণ প্রতিভাবান ক্রিকেটারদের বিভাগীয় ও জাতীয় পর্যায়ে তুলে আনতে এ ধরনের বয়সভিত্তিক ও উন্মুক্ত প্রতিযোগিতা ধারাবাহিকভাবে চালিয়ে যেতে আমরা বদ্ধপরিকর।"

উল্লেখ্য, তৃণমূলের দ্বিতীয় ও তৃতীয় বিভাগের ক্রিকেটারদের অংশগ্রহণে আয়োজিত এই টুর্নামেন্টে চট্টগ্রামের ২৪টি শীর্ষস্থানীয় ক্রিকেট একাডেমি প্রতিদ্বন্দ্বিতা করছে। 

উদ্বোধনী পর্ব শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ মাঠে নেমে দুই দলের খেলোয়াড় ও ম্যাচ অফিসিয়ালদের সাথে পরিচিত হন এবং কুশল বিনিময় করেন।

সর্বশেষ সর্বাধিক পঠিত