বাবাকে পেয়ে আপ্লুত মেঘলা মুক্তা

প্রায় ১০ ঘণ্টা পর নিখোঁজ বাবার সন্ধান পেলেন চিত্রনায়িকা মেঘলা মুক্তা। সামাজিক যোগাযোগমাধ্যমে বাবার ছবি ছড়িয়ে পড়ার পর এক সহৃদয় ব্যক্তির সহযোগিতা এবং এস আর বির তৎপরতায় অবশেষে তার সন্ধান পাওয়া গেছে। বাবাকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন অভিনেত্রী। তবে তিনি জানিয়েছেন,তার বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। মঙ্গলবার (১০ নভেম্বর) ফেসবুকে দেওয়া এক পোস্টে মেঘলা মুক্তা বাবাকে ফিরে পাওয়ার খবর জানান। পোস্টে তিনি লেখেন, ‘আলহামদুলিল্লাহ! আল্লাহর অশেষ রহমতে আজ আমরা আমাদের বাবাকে ফিরে পেয়েছি।’

অভিনেত্রীর ভাষ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বাবার ছবি দেখে একজন সহৃদয় ব্যক্তি তাকে শনাক্ত করেন। পরে ওই ব্যক্তি পরিবারের সঙ্গে যোগাযোগ করে খবর দেন। পাশাপাশি এসআরবি’র তৎপরতায় বাবার মোবাইল নম্বর ট্রেস করেও তার অবস্থান সম্পর্কে তথ্য পাওয়া যায়। দীর্ঘ ৯-১০ ঘণ্টার অভিযানের পর অবশেষে বাবাকে ফিরে পান তারা।সোমবার (৯ নভেম্বর) রাত ৮টার দিকে উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসার উদ্দেশে রওনা হয়েছিলেন মেঘলা মুক্তার বাবা। রাত ৮টা ৫০ মিনিটে সর্বশেষ মেয়ের সঙ্গে তার কথা হয়। এরপর থেকে মুঠোফোন বন্ধ পাওয়া যাচ্ছিল। দীর্ঘ সময় পার হলেও বাসায় না ফেরায় উদ্বিগ্ন হয়ে পড়েন পরিবারের সদস্যরা।

জানা গেছে, উত্তরখানে তাদের একটি নির্মাণাধীন স্থাপনার কাজ তদারকি করতে গিয়েছিলেন অভিনেত্রীর বাবা। সেখান থেকে বাসায় ফেরার পথেই নিখোঁজ হন তিনি। রাতভর উত্তরখান থেকে বসুন্ধরা আসার পথে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেন পরিবারের সদস্যরা। উত্তরার আশপাশের বিভিন্ন হাসপাতাল ও কুর্মিটোলা জেনারেল হাসপাতালেও খোঁজ নেওয়া হয়। পাশাপাশি উত্তরখান থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন তারা। পরে বাবার ছবি ফেসবুকে প্রকাশ করে সবার সহযোগিতা চান মেঘলা।

বাবাকে ফিরে পাওয়ার পর সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে অভিনেত্রী লেখেন, যারা তার বাবার জন্য দোয়া করেছেন, ছবি ও পোস্ট শেয়ার করেছেন এবং বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, তাদের সবার প্রতি তিনি আন্তরিকভাবে কৃতজ্ঞ। তবে বাবাকে ফিরে পেলেও তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বিগ্ন মেঘলা। এ প্রসঙ্গে তিনি লেখেন, ‘বাবা শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে ফিরে পেয়েছি, এটাই আমাদের কাছে অনেক বড় পাওয়া।’