এবার ইমরাউল রাফাতের নতুন ওয়েব সিরিজ ‘ডাকাতিয়া বাঁশি’তে অ্যাকশন লুকে দেখা দিলেন টিভি ও চলচ্চিত্র অভিনেত্রী তাসনিয়া ফারিণ।। মঙ্গলবার (১০ নভেম্বর) ফার্স্টলুক প্রকাশের মাধ্যমে সিরিজটির ঘোষণা দেওয়া হয়েছে। একটি চিত্রে দেখা গেছে, বিয়ের সাজে পিস্তল হাতে রয়েছেন ফারিণ। আরেক ছবিতে তিনি বিয়ের সাজে, আর তার পেছনে কালো পোশাকে তিন ব্যক্তি—ইশতিয়াক আহমেদ রুমেল, আরফান মৃধা শিবলু ও পার্থ শেখ। প্রথম দর্শনেই বেশ রহস্য তৈরি করেছে সিরিজটি। এর চিত্রনাট্য করেছেন নাজিম উদ দৌলা।
সিরিজে ফেরা নিয়ে উচ্ছ্বসিত ফারিণ। তিনি বলেন, 'এই সিরিজে আমার চরিত্রের নাম ক্যামেলিয়া। নামের মতো চরিত্রটাও একটু অন্যরকম। সিরিজটা যেমন ডার্ক কমেডি, আমার চরিত্রেও অনেক ডার্ক এলিমেন্ট আছে। আমার কখনও কমেডি সিরিজ করা হয়নি, এটা প্রথমবার। থ্রিলার, মার্ডার–মিস্ট্রি অনেক তো হচ্ছে ওটিটিতে, তাই এবার একটু ডার্ক কমেডি করতে চাইলাম। দর্শকরাও আনন্দ পাবে,আমার জন্যও নতুন কিছু হবে।' সিরিজটির বিভিন্ন চরিত্রে আরো আছেন শরাফ আহমেদ জীবন, রিজভী রিজু, সাইদুর রহমান পাভেল প্রমুখ। শিগগির এটি মুক্তি পাবে চরকিতে।