উজিরপুরে ৬০ মেধাবী শিক্ষার্থীকে সংবর্ধনা

বরিশালের উজিরপুরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জনকারী ৬০ জন শিক্ষার্থীকে সংবর্ধনা ও সম্মাননা দেওয়া হয়েছে। মঙ্গলবার (১০ নভেম্বর) বেলা ১১টায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার মো. সুমন চৌধুরী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদ্য যোগদান করা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহানুর রহমান সেতু, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ শহিদুল ইসলাম, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সরদার সিদ্দিকুর রহমান, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুল ইসলাম, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাজী ইশরাত জাহান, সরকারি ডব্লিউ বি ইউনিয়ন ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. শাহে আলম, ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার সিলভিয়া ডেইজি এবং উজিরপুর সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক নাজমুল হক মুন্না।

শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন সরকারি ডব্লিউ বি ইউনিয়ন মডেল ইনস্টিটিউশনের প্রধান শিক্ষক মো. শাহে আলম এবং জয়শ্রী মুন্ডপাশা শহীদ আবুল বাশার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেকেন্দার আলী।

সংবর্ধনা পাওয়া শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আদিবা, নাসিফা, সাম্মিরা আক্তার, জাহেরা আক্তার মারিয়া, আবু ইউসুফ, পাপিয়া ইয়াসমিন, জহুরা আক্তার, আসমা ও হাসানসহ অনেকে।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ছাড়াও সামাজিক ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন। উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানে পৃষ্ঠপোষকতা করে উজিরপুর এপিডি, সিআরএসএস ও ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।