স্ত্রীর লিঙ্গপরিচয় নিয়ে অপপ্রচার, দ্বিতীয়বার আদালতে ম্যাক্রোঁ

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ তাঁর স্ত্রী ব্রিজিত ম্যাক্রোঁ স্ত্রীর লিঙ্গপরিচয় নিয়ে মিথ্যা তথ্য ছড়ানোর অভিযোগে যুক্তরাষ্ট্রের ডানপন্থী পডকাস্টার ক্য্যান্ডেস ওয়েন্সের বিরুদ্ধে দ্বিতীয়বারের মতো মামলা করেছেন। আগের আইনি পদক্ষেপের পরও অপপ্রচার অব্যাহত রাখা এবং এসব বক্তব্যকে কাজে লাগিয়ে অর্থ উপার্জনের অভিযোগ আনা হয়েছে তাঁর বিরুদ্ধে।

গত সপ্তাহে যুক্তরাষ্ট্রের টেনেসি অঙ্গরাজ্যের একটি ফেডারেল আদালতে নতুন করে মানহানির মামলা করেন ম্যাক্রোঁ দম্পতি। ওই অঙ্গরাজ্যেই বসবাস করেন ক্য্যান্ডেস ওয়েন্স। মামলায় বলা হয়েছে, তিনি মিথ্যা বক্তব্যকে কাজে লাগিয়ে নিজের স্বতন্ত্র প্ল্যাটফর্মের প্রচার, পরিচিতি বৃদ্ধি এবং অর্থ উপার্জন করছেন।

সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নতুন মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ওয়েন্স। তিনি লিখেছেন, ম্যাক্রোঁ দম্পতি তাঁর বিরুদ্ধে সত্যিই নতুন করে একগুচ্ছ অভিযোগ এনেছেন।

এর আগে ২০২৫ সালে যুক্তরাষ্ট্রের ডেলাওয়্যার অঙ্গরাজ্যে ওয়েন্সের বিরুদ্ধে মামলা করেছিলেন ম্যাক্রোঁ দম্পতি। গত অক্টোবরের শেষ দিকে এক বিচারক ওই মামলার পরিধি সীমিত করে দেন। আদালত এখতিয়ারগত কারণে ব্যক্তি হিসেবে ওয়েন্সের বিরুদ্ধে মামলাটি খারিজ করেন। তবে তাঁর মালিকানাধীন প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে আইনি কার্যক্রম চালিয়ে যাওয়ার অনুমতি দেন।

নতুন মামলায় ম্যাক্রোঁ দম্পতির অভিযোগ, প্রথম মামলা দায়েরের পরও ওয়েন্স তাঁর বক্তব্য থেকে সরে আসেননি; বরং আরও জোরালোভাবে একই দাবি প্রচার করেছেন। ৪১১ পৃষ্ঠার অভিযোগপত্রে বলা হয়েছে, তিনি পডকাস্টের মাধ্যমে ম্যাক্রোঁ দম্পতিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো অব্যাহত রেখেছেন, তাঁদের উপহাস করে পণ্য বিক্রি করছেন এবং তাঁদের বিষয়ে নিজের তথাকথিত প্রতিবেদন প্রচারের নামে অনুদান সংগ্রহ করছেন।

ম্যাক্রোঁ দম্পতি ওয়েন্সের বক্তব্যকে ‘যাচাইযোগ্যভাবে মিথ্যা ও বিধ্বংসী অপবাদ’ হিসেবে উল্লেখ করেছেন। তবে অভিযোগপত্রে তাঁরা স্পষ্ট করেছেন, পুরুষ হওয়া, ট্রান্সজেন্ডার হওয়া কিংবা সমকামী হওয়ার মধ্যে লজ্জাজনক বা মানহানিকর কিছু নেই। তাঁদের বক্তব্য, ওয়েন্সের বক্তব্য মানহানিকর, কারণ তিনি অভিযোগ করছেন যে ব্রিজিত ম্যাক্রোঁর পরিচয় নিয়ে কয়েক দশক ধরে ফ্রান্স ও বিশ্বের মানুষের কাছে মিথ্যা বলা হয়েছে এবং সেই কথিত সত্য গোপন করতে অপরাধ করা হয়েছে।

৭৩ বছর বয়সী ব্রিজিত ম্যাক্রোঁ এ ধরনের দাবি মোকাবিলায় ফ্রান্সেও আইনি পদক্ষেপ নিয়েছেন। ২০২১ সালের ডিসেম্বরে ইউটিউবে প্রকাশিত একটি ভিডিওতে দাবি করা হয়েছিল, ব্রিজিত একসময় জ্যঁ-মিশেল ত্রোনিয়ু নামে একজন পুরুষ ছিলেন। তবে জ্যঁ-মিশেল ত্রোনিয়ু প্রকৃতপক্ষে তাঁর ভাই। ওই মিথ্যা দাবি ছড়ানোর ঘটনায় ২০২৪ সালের সেপ্টেম্বরে দুই নারী দোষী সাব্যস্ত হন।

২০১৭ সালে ইমানুয়েল ম্যাক্রোঁ প্রথমবার ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকেই দেশটির সামাজিক যোগাযোগমাধ্যমে ব্রিজিতকে নিয়ে এ ধরনের ভুয়া তথ্য ছড়িয়েছে। তবে ২০২৪ সালের মার্চে ওয়েন্স বিষয়টি নিয়ে প্রচার শুরু করার পর যুক্তরাষ্ট্রসহ বিদেশে এসব দাবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। তিনি এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন কনটেন্ট প্রকাশ করেন এবং ‘বিকামিং ব্রিজিত’ শিরোনামে একটি ভিডিও সিরিজ তৈরি করেন।

আদালতে জমা দেওয়া অভিযোগপত্রে বলা হয়েছে, এসব দাবি যে মিথ্যা, তা স্পষ্টভাবে প্রমাণিত এবং প্রকাশের সময় ওয়েন্সও জানতেন যে এগুলো মিথ্যা। এতে আরও বলা হয়, এসব মিথ্যা প্রচারের কারণে ম্যাক্রোঁ দম্পতি ব্যাপক ক্ষতির শিকার হয়েছেন এবং তাঁদের বিশ্বজুড়ে অপমান ও হেনস্তার একটি প্রচারণার মুখে পড়তে হয়েছে।