বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলার উদ্বোধন

ফরিদপুরের বোয়ালমারীতে মাসব্যাপী বাণিজ্য মেলা শুরু হয়েছে। দেশীয় পণ্য, হস্ত ও কুটিরশিল্পের প্রসার এবং ঐতিহ্যবাহী জামদানি শাড়িসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর প্রদর্শনী ও বিক্রির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বুধবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় বোয়ালমারী পৌর বাস টার্মিনাল প্রাঙ্গণে মেলার উদ্বোধন করেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।

দক্ষিণ অঞ্চল শিল্প পরিষদের উদ্যোগে আয়োজিত এ মেলায় দেশীয় শিল্প ও ক্ষুদ্র উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের পাশাপাশি জামদানি শাড়ি, হস্তশিল্প, কুটিরশিল্প এবং দৈনন্দিন ব্যবহারের নানা সামগ্রী স্থান পেয়েছে। মেলায় মোট ২৭টি বাণিজ্যিক স্টল রয়েছে।

কেনাকাটার পাশাপাশি দর্শনার্থীদের বিনোদনের জন্য রাখা হয়েছে শিশুদের খেলাধুলার ব্যবস্থা ও মিনি সার্কাস। এ ছাড়া রয়েছে ফাস্টফুডের একাধিক দোকান। ফলে পরিবার-পরিজন নিয়ে মেলায় কেনাকাটা ও বিনোদনের সুযোগ পাবেন দর্শনার্থীরা।

আয়োজক কমিটি জানায়, মাসব্যাপী এ মেলার মাধ্যমে বিভিন্ন অঞ্চলের পণ্যের পরিচিতি বাড়বে। পাশাপাশি দেশীয় পণ্য ও ক্ষুদ্র-কুটিরশিল্পের প্রতি মানুষের আগ্রহ তৈরি এবং স্থানীয় ব্যবসা-বাণিজ্যের প্রসার ঘটবে বলে আশা করছেন তাঁরা।

মো. নান্নু মিয়ার সভাপতিত্বে এবং মো. ইলিয়াস হোসেনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম রকিবুল হাসান, বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান, উপজেলা বিএনপির সভাপতি ও গুনবহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সিরাজুল ইসলাম সিরাজ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় সাহা, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, সাধারণ সম্পাদক মো. ইমরান হোসাইন, পৌর যুবদলের আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু এবং ছাত্রদলের সাধারণ সম্পাদক বায়েজিদ আরেফিন খান রাব্বি প্রমুখ।

এ সময় উপস্থিত ছিলেন— পৌর বিএনপির সহসভাপতি খান আতাউর রহমান, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাসেল আহমেদ, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জহিরুল ইকবাল ঠাকুর পিন্টু, কেন্দ্রীয় কৃষক দলের সদস্য আমিনুল ইসলাম, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম জহির, যুবদলের সদস্যসচিব রবিউল ইসলাম সম্রাট, উপজেলা কৃষক দলের সভাপতি লুৎফর রহমান, পৌর কৃষক দলের সভাপতি বজলুর করিম চাঁদ এবং ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মিয়া দীপুসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিরা।