ঋণের কিস্তির চাপে যুবকের আত্মহত্যা

আপডেট : ০৫ নভেম্বর ২০২৬, ০৭:৪৮ পিএম

ফরিদপুরের বোয়ালমারীতে বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের কিস্তি পরিশোধের চাপে বিষপানে গোবিন্দ বিশ্বাস (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। পারিবারিক কলহের জেরেও তিনি মানসিক চাপে ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। গোবিন্দ বিশ্বাস বোয়ালমারী পৌরসদরের দক্ষিণ কামারগ্রাম ঋষিপাড়ার পরিমল বিশ্বাসের একমাত্র ছেলে। তিনি এক কন্যাসন্তানের জনক ছিলেন।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় তিন বছর আগে চড়া সুদে ঋণ নিয়ে দালালের মাধ্যমে মালয়েশিয়ায় যান গোবিন্দ। সেখানে কিছুদিন কাজ করার পর তাঁর আকামার (কাজের অনুমতিপত্র) মেয়াদ শেষ হয়ে যায়। পরে প্রায় দেড় বছর পর মালয়েশিয়া পুলিশের কাছে ধরা দিয়ে শূন্য হাতে দেশে ফিরে আসেন।

দেশে ফিরে জীবিকা নির্বাহের জন্য একটি সেলুনে কাজ শুরু করেন তিনি। তবে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন এনজিও থেকে নেওয়া ঋণের বোঝা তাঁর পিছু ছাড়েনি। বেসরকারি এনজিও সংস্থা এসডিসি থেকে চার লাখ ৫০ হাজার টাকা এবং ব্র্যাক থেকে এক লাখ ৫০ হাজার টাকাসহ মোট ছয় লাখের বেশি টাকা ঋণ নিয়েছিলেন তিনি।

মালয়েশিয়া থেকে খালি হাতে ফিরে আসা এবং সেলুনের সীমিত আয়ে ঋণের সাপ্তাহিক কিস্তি পরিশোধ করতে হিমশিম খাচ্ছিলেন গোবিন্দ। এ নিয়ে মানসিক চাপের পাশাপাশি পরিবারের সদস্যদের সঙ্গে প্রায়ই তাঁর ঝগড়া ও কলহ হতো।

স্থানীয় সূত্র জানায়, গত ৩ নভেম্বর মঙ্গলবার সন্ধ্যায় পরিবারের সদস্যদের অজান্তে ঘরে থাকা বিষপান করেন গোবিন্দ। বিষের যন্ত্রণায় ছটফট করতে দেখে পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার সকালে তাঁর মৃত্যু হয়।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান জানান, এক যুবকের বিষপানে আত্মহত্যার খবর পেয়েছেন। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা (ইউডি) করা হবে। বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ সর্বাধিক পঠিত