কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ছোটগল্প ও তাঁর সাহিত্যকর্মে ব্যবহৃত গানের সমন্বয়ে আয়োজিত হতে যাচ্ছে বিশেষ শ্রুতি আবৃত্তি অনুষ্ঠান ‘চাঁদনী পসরে’। আগামী ১৩ নভেম্বর শুক্রবার সন্ধ্যা ৬টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে অনুষ্ঠিত হবে এ আয়োজন। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার হিসেবে রয়েছে দৈনিক দেশ রূপান্তর।
ঢাকা বিশ্ববিদ্যালয়ভিত্তিক আবৃত্তি সংগঠন স্বরকল্পন আবৃত্তিচক্র ও বাংলাদেশ শিল্পকলা একাডেমি যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন। বিশেষ অতিথি থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (অতিরিক্ত দায়িত্ব) মোহাঃ হারুন-অর-রশিদ। এতে সভাপতিত্ব করবেন স্বরকল্পন আবৃত্তিচক্রের অধিকর্তা শহীদূল হক মিল্কী।
অনুষ্ঠানটির নির্দেশনায় রয়েছেন জাহিদুর রহমান। হুমায়ূন আহমেদের ছোটগল্পের সাহিত্যিক আবেদন এবং তাঁর লেখায় ব্যবহৃত গানের আবহ আবৃত্তি ও শ্রুতিনির্ভর পরিবেশনার মধ্য দিয়ে তুলে ধরা হবে।
বাংলা সাহিত্যে হুমায়ূন আহমেদ তাঁর স্বতন্ত্র লেখনশৈলী ও জীবনঘনিষ্ঠ গল্পের জন্য বিশেষভাবে পরিচিত। তাঁর গল্পে প্রেম, বিরহ, মানবিক সম্পর্ক, প্রকৃতি ও মানুষের মনোজগতের নানা অনুভূতি উঠে এসেছে। আবৃত্তি ও সংগীতের সমন্বয়ে তাঁর সাহিত্যকর্ম নতুনভাবে উপস্থাপনের মধ্য দিয়ে দর্শক-শ্রোতারা ভিন্নধর্মী সাংস্কৃতিক পরিবেশনার স্বাদ পাবেন বলে আশা করছেন আয়োজকেরা।