মোহাম্মদপুরে অবৈধ বিদ্যুতে শিশু মৃত্যুর পর সন্ত্রাসীদের দাপট

রাজধানীর মোহাম্মদপুরে অবৈধ ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজের চোরাই বিদ্যুতের লাইনে স্পৃষ্ট হয়ে ইসরাত নামের চার বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

জানা গেছে, সাত মসজিদ হাউজিংয়ের ১ নম্বর রোডের শেষ মাথায় খালপাড় এলাকায় একটি টিনের চালের ওপর দিয়ে সস্তা জোড়াতালির তার ব্যবহার করে অটোরিকশার গ্যারেজে অবৈধ বিদ্যুৎ সংযোগ নিয়েছিল 'স্থানীয় চাঁদাবাজ' তোতা, ছুরি শাহিন, সেলিম ও হাসান। মুষলধারে বৃষ্টির কারণে টিনের চাল ও আশেপাশের এলাকায় বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার মতো ঝুঁকিপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। 

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে ওই পরিত্যক্ত গ্যারেজের সামনে অন্যান্য শিশুদের সঙ্গে খেলার সময় অবৈধ বৈদ্যুতিক লাইনের সংস্পর্শে এসে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই লুটিয়ে পড়ে শিশু ইসরাত। স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় একটি ক্লিনিকে এবং পরে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের অভিযোগ, ঘটনা ধামাচাপা দিতে এবং নিজেদের অপরাধ ঢাকতে তৎপর হয়ে ওঠে এলাকার ভয়ংকর 'তোতা-শাহীন' গ্যাং। হাসপাতালে গিয়ে তারা পেশিশক্তি খাটিয়ে এবং শিশুটির দরিদ্র বাবা মো. মমিনকে ভয়ভীতি দেখিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ ছিনিয়ে নিয়ে আসে। 

জানা গেছে, মমিন ৩ নম্বর রোডের একটি বাসায় দারোয়ানের কাজ করেন এবং মা আকলিমা বেগম গৃহকর্মী। গ্যাংয়ের সদস্যরা মমিনকে প্রাণনাশের হুমকি দিয়ে এই মৃত্যুকে 'স্বাভাবিক মৃত্যু' হিসেবে চালিয়ে দেওয়ার অপচেষ্টা চালায় এবং মুখ বন্ধ রাখার শর্তে তাকে একটি অটোরিকশা কিনে দেওয়ার লোভ দেখায়। 

খবর পেয়ে মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক রাসেল ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে শিশুটির দুই হাতেই কারেন্টের স্পটের স্পষ্ট দাগ পান। তবে আতঙ্কের কারণে শিশুটির পরিবার প্রথমে মুখ খুলতে সাহস পায়নি।

অভিযোগ, যে প্লটটিতে অবৈধ অটোরিকশার গ্যারেজ ও বিদ্যুতের লাইন টানা হয়েছিল, সেটিও কিছুদিন আগে জবরদখল করেছিল এই চক্রটি। প্লটটির মূল মালিক মো. নজরুল ইসলাম গত ৫ নভেম্বর মোহাম্মদপুর থানায় এই চক্রের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। 

অভিযোগে উল্লেখ করা হয়েছিল যে তোতা, সেলিম, ছুরি শাহীন ও হাসানসহ একদল সন্ত্রাসী জবরদখল চালিয়ে সেখানে রিকশা গ্যারেজ নির্মাণ করছিল এবং বাধা দিলে প্রাণনাশের হুমকি দিতো। 

এলাকাবাসীর কাছে ত্রাস সৃষ্টিকারী এই তোতা-শাহীন গ্যাংয়ের চাঁদাবাজি, জবরদখল ও অবৈধ সংযোগের খামখেয়ালিপনার কারণেই চার বছরের নিষ্পাপ ইসরাতকে প্রাণ হারাতে হলো। 

পুরো এলাকায় শোকের পাশাপাশি চরম ক্ষোভ বিরাজ করছে এবং সাধারণ মানুষ এই হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।