মুসলিম সমাজের প্রাণকেন্দ্র

ইসলামি সভ্যতার সূচনালগ্ন থেকে মসজিদ বহুমুখী কল্যাণমূলক কর্মকাণ্ডের কেন্দ্র হিসেবে ভূমিকা পালন করে আসছে। মসজিদ মুসলিম সমাজের প্রাণকেন্দ্র, নৈতিকতা চর্চার সূতিকাগার এবং সামাজিক পরিবর্তনের অন্যতম চালিকাশক্তি। একটি সুশৃঙ্খল, জ্ঞানভিত্তিক, অপরাধমুক্ত এবং আলোকিত সমাজ গঠনে মসজিদের ভূমিকা অপরিসীম।

আলোকিত সমাজ গঠনের প্রথম শর্ত হলো মানুষের নৈতিক চরিত্রের সংশোধন। মসজিদ মানুষকে স্রষ্টার প্রতি অনুগত হওয়ার শিক্ষা দেওয়ার পাশাপাশি সততা, ন্যায়পরায়ণতা, পারস্পরিক সৌহার্দ্য এবং পরোপকারের দীক্ষা দেয়।

মসজিদ সমাজের বিভিন্ন স্তরের মানুষকে দিনে পাঁচবার এক কাতারে দাঁড় করায়। এর ফলে ধনী-দরিদ্রের দূরত্ব ঘুচে যায় এবং সামাজিক বৈষম্য হ্রাস পায়। পারস্পরিক দেখাশোনা ও কুশল বিনিময়ের সুযোগ তৈরি হওয়ায় সমাজের মানুষের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও ঐক্য সুদৃঢ় হয়। রাসুলুল্লাহ (সা.) মদিনায় হিজরতের পর সর্বপ্রথম কুবা মসজিদ এবং পরবর্তীতে মসজিদে নববী নির্মাণ করে সামাজিক ঐক্যের মজবুত ভিত্তি স্থাপন করেছিলেন।

ইসলাম ধর্মে জ্ঞান অর্জনকে বাধ্যতামূলক করা হয়েছে। ইতিহাসের শুরু থেকেই মসজিদগুলোতে পবিত্র কোরআন, হাদিস, ফিকহ এবং বিভিন্ন বিজ্ঞানভিত্তিক শিক্ষা প্রদান করা হতো। আজও মসজিদভিত্তিক মক্তব বা শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সমাজের কোমলমতি শিশুদের নৈতিক ও ধর্মীয় শিক্ষার ভিত্তি শক্ত করা হয়।

নবীজি (সা.)-এর যুগে মসজিদ ছিল পরামর্শ সভা, বিচারালয় এবং সমাজসেবামূলক কর্মকাণ্ড পরিচালনার মূল কেন্দ্র। বর্তমান যুগেও মসজিদভিত্তিক সমাজকল্যাণ তহবিল গঠন করে জাকাত, সদকা ও দানের মাধ্যমে দরিদ্রদের সহায়তা প্রদান এবং যুবসমাজকে মাদক, জুয়া ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখা সম্ভব।

একটি আদর্শ, প্রগতিশীল এবং আলোকিত সমাজ গঠনে মসজিদের বহুমুখী ভূমিকা অনস্বীকার্য। মসজিদকে কেবল পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে যদি এর প্রকৃত ঐতিহাসিক ও সমাজসংস্কারমূলক কার্যক্রম পুনরুজ্জীবিত করা যায়, তবে সমাজ থেকে সব প্রকার অন্ধকার ও হানাহানি দূর হবে। পরিচ্ছন্ন মানসিকতা, নৈতিক মূল্যবোধ ও পারস্পরিক সম্প্রীতি সম্পন্ন সমাজ বিনির্মাণে মসজিদই হতে পারে সবচেয়ে বড় মাধ্যম।

লেখক : শিক্ষক ও ইসলামি গবেষক