কওমি শিক্ষার অতন্দ্র প্রহরী

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০১:০৮ এএম

কওমি মাদ্রাসার স্বকীয়তা, দ্বীনি শিক্ষার মর্যাদা এবং আলেম সমাজের অধিকার রক্ষায় নিরলসভাবে কাজ করে যাচ্ছেন অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী। দেওনার পীর সাহেব হিসেবে পরিচিত এই মানুষটি কখনো বিবৃতি দিয়ে, কখনো লেখনীর মাধ্যমে, কখনো সভা-সমাবেশ ও সংবাদ সম্মেলনে নিজের অবস্থান তুলে ধরছেন। অন্যায়ের সঙ্গে আপস না করার কারণে নানা সময় বিরূপ পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তবু নিজের বিশ্বাস ও আদর্শ থেকে সরে যাননি।

একদিকে তিনি কওমি মাদ্রাসা শিক্ষার স্বাতন্ত্র্য রক্ষায় সোচ্চার, অন্যদিকে মানুষের আত্মশুদ্ধি ও নৈতিক পরিবর্তনে কাজ করে যাচ্ছেন। তার প্রতিষ্ঠিত দেওনা মাদ্রাসা ও খানকাহে প্রতিনিয়ত ছুটে আসেন আলেম-ওলামা ও সাধারণ মানুষ। শিক্ষকতা, আধ্যাত্মিক দিকনির্দেশনা এবং শিক্ষা আন্দোলন, সব ক্ষেত্রেই রয়েছে তার স্বতন্ত্র ভূমিকা। ব্যক্তিজীবনের সরলতা, স্পষ্টবাদিতা ও আদর্শের প্রতি অবিচল অবস্থান তাকে আলাদা পরিচিতি দিয়েছে।

অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী তীব্র স্পষ্টবাদী এবং আপসহীন কণ্ঠস্বর। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ভয়ংকর দমন-পীড়নমূলক অসংখ্য মামলায় প্রচুর আলেমকে কারাবন্দি করা হয়। তখন তিনি আলেমদের কারামুক্তির জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন। সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন কারাবন্দি আলেমদের পরিবারে। নানা কারণে ভীতিকর সেই সময়ে সরকারের আস্থাভাজনরা তাকে এড়িয়ে চলা শুরু করেন। ক্ষমতাসীনদের সামনে আপসহীন কণ্ঠস্বর হিসেবে আলেমদের মুক্তির জন্য কাজ করেছেন। এজন্য তাকে অনেক কটু কথা শুনতে হয়েছে, বহু বদনামের ভাগীদার হতে হয়েছে। এসব তিনি হাসিমুখে বরণ করেছেন।

তিনি ভালোবাসা দেখান নিজের মতো করে, ভুলগুলো ধরিয়ে দেন অকৃত্রিম অভিভাবক হিসেবে, যোগ্য মানুষকে স্নেহ করেন কাজের স্বীকৃতি ও মূল্যায়নের মাধ্যমে। তিনি কখনো কাউকে খুশি করার জন্য কোনো কথা বলেন না, কোনো কাজ করেন না। যা শুনতে ভালো লাগবে, তা নয়, বরং যা শোনা দরকার, সেটাই বলেন। ফলে মনে হবে, কথাবার্তা হয়তো রুক্ষ, আচরণ কঠিন, কিন্তু সেই কঠিন আবরণের ভেতরে রয়েছে অসাধারণ মায়া। আর সেই মায়ার সবচেয়ে সুন্দর প্রকাশ তার মুচকি হাসি। তার স্নেহ-ভালোবাসার ধরনটাই একটু ভিন্ন, একটু আলাদা।

দরদি এই মানুষটি হাজার হাজার মানুষের আধ্যাত্মিক রাহবার ও পীর। বাস্তবেও তিনি একজন শিক্ষক, ছিলেন একটি কলেজের অধ্যক্ষ। ২০২৩ সালের ১৭ জানুয়ারি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণ করেছেন। বর্তমানে মাদ্রাসা দাওয়াতুল হক দেওনার মুহতামিম ও অন্যান্য শাখা মাদ্রাসা পরিচালনা করছেন। ওয়াজের ময়দানেও তিনি সক্রিয়, তার ইসলাহি ও আত্মশুদ্ধির বয়ানে মানুষ কাতর হয়। চোখের পানি ফেলে তওবা করে, সৎ ও কল্যাণের পথে চলার অঙ্গীকার করে। পুরনো ঋণ পরিশোধ করে, জমির আইল কাটা বন্ধ করে। বোনদের ওয়ারিশ বুঝিয়ে দিতে উদ্যোগী হয়।

এক ছেলে ও এক মেয়ের জনক অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী একাধিকবার ভারত ও সৌদি আরব সফর করেছেন। তিনি হেফাজতে ইসলাম বাংলাদেশের নায়েবে আমির, কওমি মাদ্রাসা শিক্ষক পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি, তানযিমুল মাদারিসিল কওমিয়্যা, কাপাসিয়ার প্রতিষ্ঠাতা সভাপতি। মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা, কাপাসিয়ার প্রতিষ্ঠাতা। মুহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক হারদুঈ (রহ.)-এর খলিফা। সবচেয়ে বড় পরিচয় হলো, বাংলাদেশের শীর্ষস্থানীয় বহু আলেম, দেশের প্রথম সারির ওয়ায়েজ, শায়খুল হাদিস, মুফাসসিরে কোরআন, ইমাম-খতিব থেকে শুরু করে সাধারণ মানুষের আধ্যাত্মিক রাহবার তিনি।

আলো ঝলমলে রাজধানী থেকে প্রায় পৌনে একশ মাইল দূরের উঁচু টেক-টিলা ও লাল মাটির এলাকায় প্রতিষ্ঠিত দেওনা মাদ্রাসা পরিণত হয়েছে দেশের অন্যতম মকবুল দ্বীনি মারকাজে। এখানে মানুষের অন্তর সুস্থ রাখার পাঠদান করা হয়। চলে খানকাহি কার্যক্রম, তাই তো এখানে ভিড় জমে হাজার হাজার আলেম ও আত্মানুসন্ধানী মানুষের।

কেন মানুষ এখানে পাগলের মতো ছুটে আসেন? কী তার রহস্য? অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরী জেনারেল শিক্ষিত মানুষ, তিনি প্রথাগত মাদ্রাসা শিক্ষিত কোনো আলেম নন। ১৯৬১ সালে দেওনা গ্রামে (ভূলেশ্বর, কাপাসিয়া, গাজীপুর) তার জন্ম। ভূলেশ্বর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আনুষ্ঠানিক শিক্ষার হাতেখড়ি হলেও পরে চলে যান পুরান ঢাকায়, সেখানেই বড় হন।

পারিবারিকভাবে ইসলামি ভাবধারা ও পরিবেশে থাকলেও জগন্নাথ কলেজে পড়ালেখার সময় ছাত্ররাজনীতিতে জড়িয়ে যান। দেশে তখন তীব্র এরশাদবিরোধী আন্দোলন চলছিল। ওই উত্তপ্ত রাজনৈতিক পরিস্থিতিতে কিছুদিন গ্রামের বাড়ি কাপাসিয়ায় কাটান। তখন পার্শ্ববর্তী এলাকা কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার মাওলানা আবদুল হালিম হুসাইনি (রহ.)-এর সান্নিধ্যে যাওয়ার সুযোগ হয়। তিনি হুজুরের কাছে মুরিদ হন।

পড়ালেখা শেষে অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী ঢাকার ইসলামপুরে কাপড়ের ব্যবসা শুরু করেন। তখন ঢাকার আলেম-ওলামাদের কাছে তার যাতায়াত ছিল। ১৯৮৯ সালে মুহিউস সুন্নাহ মাওলানা আবরারুল হক হারদুঈ (রহ.) এক ওলামা সম্মেলনে অংশ নিতে ঢাকায় আসেন। তখন তিনি হজরতের কাছে বাইয়াত হন। ১৯৯৪ সালে হজের সফরে মদিনায় থাকা অবস্থায় তিনি অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীকে চিঠির মাধ্যমে লিখিতভাবে খেলাফত প্রদান করেন। সবচেয়ে অবাক করার কথা হলো, ওই চিঠিতে উল্লেখ ছিল, কোনো আলেম যদি আমার সঙ্গে ইসলাহি (আধ্যাত্মিক) সম্পর্ক গড়তে চায়, তিনি যেন তাকে ফিরিয়ে না দেন। তিনি ২০০৫ সালের ১৭ মে ৮৮ বছর বয়সে ইন্তেকাল করেন।

এই চিঠি আর চিঠিই হলো, অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরীর খানকা দেওনায় আলেম-ওলামা ও সাধারণ মানুষের ভিড়ের মূল কারণ।

১৯৯০ সালে মাদ্রাসা দাওয়াতুল হক দেওনা প্রতিষ্ঠা করেন তিনি। এই মাদ্রাসার অধীনে দেশের বিভিন্ন স্থানে আরও বেশ কিছু মাদ্রাসা পরিচালিত হয়। কিছু মাদ্রাসার সঙ্গে মসজিদও রয়েছে।

অনেক চিন্তাবিদ আলেম অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীকে ‘আপসহীন এক নিঃসঙ্গ সারথি’ বলে অভিহিত করেন। মাদ্রাসা শিক্ষার স্বকীয়তা ও স্বতন্ত্র বৈশিষ্ট্য রক্ষায় তিনি আপসহীন। আধুনিকায়নের নামে কওমি শিক্ষাব্যবস্থা সংকোচনের প্রবণতার বিরুদ্ধে তিনি একাই সোচ্চার। তার কাছের মানুষরা যখন চটকদার ও জনমোহনী নানাবিধ প্রোগ্রাম ও কর্মসূচির মাধ্যমে জনপ্রিয়তার পেছনে ছুটছেন, তখনো তিনি মেধাবী আলেম তৈরিতে শিক্ষকদের ন্যায্য বেতন, নিয়মিত ভাতা, প্রভিডেন্ট ফান্ড এবং আপৎকালীন আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে বাস্তবভিত্তিক উদ্যোগ গ্রহণের জোর তাগিদ দিয়ে আসছেন।

তার মতে, ‘মাদ্রাসায় দ্বীনি শিক্ষার পাশাপাশি আনুষঙ্গিক অন্য বিষয় প্রয়োজন অনুপাতে পাঠ্যসূচিতে থাকবে। এটা অতীতেও ছিল, এখনো আছে। কিন্তু সেটা যেন মাত্রাতিরিক্ত না হয় তা খেয়াল রাখা। আমাদের বক্তব্য স্পষ্ট, কওমি মাদ্রাসা পরিচালনার ক্ষেত্রে বুনিয়াদি সূত্র ‘উসুলে হাশতেগানা’ (দেওবন্দের অনুসৃত অষ্টনীতি) কঠোরভাবে অনুসরণ করা। শিক্ষা সংকোচন তথা শর্ট কোর্সকে উৎসাহ না দেওয়া। সেই সঙ্গে বাংলায় অনূদিত নোট বই, গাইড বই ও সিলেবাসকেন্দ্রিক পড়াশোনা কঠিনভাবে নিয়ন্ত্রণ করা। গুরুত্বের সঙ্গে মূল কিতাবগুলো পাঠদান করা।’

তিনি মনে করেন, ‘জেনারেল শিক্ষাব্যবস্থার একটা নির্দিষ্ট স্তর পর্যন্ত ধর্মশিক্ষা বাধ্যতামূলক করা দরকার। ধর্মশিক্ষার ফলে মানুষের মধ্যে আধ্যাত্মিক উন্নতি ঘটবে। এর দ্বারা সমাজ নানাভাবে উপকৃত হবে।’

একজন কর্মমুখর মানুষ আগামী প্রজন্মের জন্য একা একা লড়ছেন। তার এই আহ্বান না বুঝে উল্টো নানাভাবে তাকে আটকে রাখা হচ্ছে। আমরা হয়তো বুঝতে পারিনি, এখন একা পথ চলার অভ্যাস হয়ে গেছে তার। তার কাজ কতটা সঠিক অনাগত সময় সেই বিচার করবে। কিন্তু বৈরী বাতাসের মুখোমুখি হয়ে হাঁটার যে অভ্যাস তিনি গড়ে তুলেছেন, এটা তাকে ইতিহাসে অমর করে রাখবে ইনশাআল্লাহ।

আপাদমস্তক একজন ভদ্র ও শালীন মানুষের প্রতিকৃতি তিনি। কিন্তু দ্বীনি বিষয়ে, ইসলামের প্রশ্নে, কওমি মাদ্রাসা প্রসঙ্গে এক বিন্দু ছাড় দিতে প্রস্তুত নন। লেখায়, বিবৃতিতে এবং সংবাদ সম্মেলনে দাবি জানাতে থাকেন, ‘দ্বীনি শিক্ষার সঙ্গে সাংঘর্ষিক সব আইন সংশোধন করা হোক, উচ্চতর দ্বীনি শিক্ষার প্রয়োজনে ভারতে যাওয়ার জন্য স্টুডেন্ট ভিসা উন্মুক্ত ও সহজতর করার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক, শিক্ষা কমিশন এবং জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডে এক-তৃতীয়াংশ সদস্য হিসেবে আলেমদের সম্পৃক্ত করতে হবে, নৈতিক অবক্ষয়রোধে অশ্লীলতা বন্ধে প্রয়োজনীয় কার্যকর আইন প্রণয়ন করতে হবে, আলিয়া মাদ্রাসায় দ্বীনি পরিবেশ নিশ্চিত করতে হবে।’

আবার কখনো গর্ব করে বলতে থাকেন, ‘সমাজসেবায় কওমি আলেমদের ভূমিকা, সন্ত্রাস দমন ও মাদকের প্রসাররোধে ইমাম-খতিবদের অবদান এবং সামাজিক ও নৈতিক অবক্ষয় প্রতিকারে ওয়াজ-নসিহতের গুরুত্বের কথা।’

এই যে দরদ আর ব্যথাভরা আহ্বান, তা কজন হৃদয় দিয়ে অনুভব করেন? অধ্যক্ষ মুহাম্মদ মিজানুর রহমান চৌধুরীর এটা নিয়ে কোনো আফসোস নেই, কোনো অভিযোগ নেই। তিনি শেষ পর্যন্ত এই কাজগুলোই করতে চান মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে। আল্লাহতায়ালা তার কাজে বরকত দিন, তার ছায়া আমাদের ওপর দীর্ঘ করুন। আমিন।

লেখক : যুগ্ম সম্পাদক, বার্তা২৪ ডটকম

সর্বশেষ সর্বাধিক পঠিত