দুর্নীতি বন্ধে নৈতিক শিক্ষা ও প্রাতিষ্ঠানিক সংস্কার

দেশের উন্নয়ন, সুশাসন ও সামাজিক স্থিতিশীলতার ক্ষেত্রে বড় বাধা দুর্নীতি। এর প্রভাব পড়ে রাষ্ট্রের প্রতিটি স্তরে। আইন করে দুর্নীতি নিয়ন্ত্রণ করা যায়, কিন্তু মানুষের বিবেক ও নৈতিকতার পরিবর্তন ছাড়া তা নির্মূল করা কঠিন। তাই দুর্নীতিমুক্ত সমাজ গঠনে প্রয়োজন নৈতিক শিক্ষা ও কার্যকর প্রাতিষ্ঠানিক সংস্কারের সমন্বয়।

মাকিল ইবনে ইয়াসার (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘আল্লাহ যাকে কোনো জনগোষ্ঠীর দায়িত্ব প্রদান করেন, অতঃপর সে যদি তাদের কল্যাণ কামনার সঙ্গে দায়িত্ব পালন না করে, তবে সে জান্নাতের ঘ্রাণও পাবে না।’ (সহিহ বুখারি ৭১৫০)

হাদিসটি আমাদের কঠোরভাবে নৈতিকতার সহিত দায়িত্ব পালনে উদ্বুদ্ধ করে। এজন্য প্রয়োজন নৈতিকতার নিরিখে সম্পাদিত প্রাতিষ্ঠানিক সংস্কার। যেখানে থাকবে জবাবদিহিতা, স্বচ্ছতা ও অপরাধের তাৎক্ষণিক শাস্তিমূলক বিচার ব্যবস্থা। এর সঙ্গে প্রয়োজন ব্যক্তির মনোজগতের নৈতিক উন্নতি সাধন, যা গড়ে তুলতে হবে শৈশব থেকেই।

অনেকেই মনে করেন, দুর্নীতি দমনে প্রয়োজন নৈতিক শিক্ষার প্রসার ঘটানো এবং মানুষকে নৈতিক মূল্যবোধে নিবেদিত প্রাণ করে গড়ে তোলা।

কারও কারও মত হলো, নৈতিকতা এত সহজে সবার মধ্যে জাগ্রত করা সম্ভব নয়, তাই প্রয়োজন প্রাতিষ্ঠানিক সংস্কার। যেখানে অন্যায়ের শাস্তি হবে প্রত্যক্ষ, তাৎক্ষণিক ও কঠোর। যাতে করে কেউ দ্বিতীয় বার একই অপরাধ করার সাহস আর পাবে না।

এ ক্ষেত্রে একদল নৈতিকতার পক্ষে, আরেক দল প্রাতিষ্ঠানিক সংস্কারের পক্ষে মত দিলেও দুর্নীতি দমনে মূলত উভয়ের মিলিত প্রয়োগ নিশ্চিত করতে হবে। তবেই দুর্নীতি উৎখাত করা সম্ভব। কারণ প্রাতিষ্ঠানিক সংস্কার যখন করা হবে তখন কোনো এক নীতির ওপর নির্ভর করেই আগাতে হবে। আর সেই নীতি নিঃসন্দেহে ‘নৈতিকতা’।

দুর্নীতিকে গোড়া থেকে উৎসাহ দেয় ঘুষ। কারণ টাকার প্রলোভন মানুষকে বিবেকহীন, অন্ধ ও বর্বর করে তুলে। এক্ষেত্রে ধর্মীয় শিক্ষার অভাব মানুষকে আরও পাশবিক করে তুলে। আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস (রা.) থেকে বর্ণিত, তিনি বলেন, ‘রাসুলুল্লাহ (সা.) ঘুষদাতা ও ঘুষগ্রহীতার ওপর অভিশাপ করেছেন।’ (সুনানে আবু দাউদ ৩৫৮০)

ইসলাম আমাদের শেখায়, নৈতিকতার নিরিখে সম্পাদিত প্রাতিষ্ঠানিক সংস্কারই পারে দুর্নীতিকে গোড়া হতে উৎখাত করে দেশের সার্বিক উন্নতি সাধন করতে।

আদি ইবনে ওমায়রা আল-কিন্দি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, ‘তোমাদের মধ্য থেকে যাকে কোনো দায়িত্বে নিয়োগ করি, সে যদি একটি সুই বা তার চেয়ে ছোট কোনো জিনিস আমাদের থেকে গোপন করে, তবে তা আত্মসাৎ বলে গণ্য হবে এবং কেয়ামতের দিন সে তা নিয়ে উপস্থিত হবে।’ (সহিহ মুসলিম ১৮৩৩)

লেখক : শিক্ষার্থী, ইসলামিক স্টাডিজ বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়