মাওলানা আজাদের সংগ্রাম ও সাধনা

মাওলানা আবুল কালাম আজাদ। ভারতীয় উপমহাদেশের ইতিহাসে এক ব্যতিক্রমী ব্যক্তিত্ব। একাধারে তিনি ছিলেন ইসলামি শিক্ষায় পণ্ডিত, দূরদর্শী রাজনীতিক, লেখক, সাংবাদিক ও স্বাধীনতা সংগ্রামী। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে আন্দোলনে নেতৃত্ব দিয়েছেন। হিন্দু-মুসলিম সম্প্রীতি এবং অবিভক্ত ভারতের পক্ষে কথা বলেছেন। স্বাধীনতার পর ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার চিন্তা ও কর্মের বড় অংশজুড়ে ছিল শিক্ষা, জ্ঞানচর্চা এবং মানুষের মধ্যে ঐক্য প্রতিষ্ঠার প্রচেষ্টা। ভারতের আধুনিক শিক্ষাব্যবস্থার ভিত্তি নির্মাণে তার অবদান আজও স্মরণ করা হয়।

১৮৫৭ সালের সিপাহি বিদ্রোহের সময় আজাদের বাবা ভারত ছেড়ে মক্কায় চলে যান। সেখানে স্থায়ীভাবে বসবাস শুরু করেন এবং বিয়ে করেন। মক্কাতেই ১৮৮৮ সালের ১১ নভেম্বর জন্ম হয় আজাদের। পরে ১৮৯০ সালে বাবা মাওলানা খায়েরুদ্দিন সপরিবার কলকাতায় ফিরে আসেন।

আজাদের পারিবারিক পরিবেশ ছিল ধর্মীয় শিক্ষানির্ভর। তার বাবা ছিলেন আলেম। তিনি চেয়েছিলেন, ছেলেও ইসলামি জ্ঞানচর্চায় পারদর্শী হয়ে উঠুক। তাই প্রচলিত বিদ্যালয়ে ভর্তি না করে বাড়িতেই তার শিক্ষার ব্যবস্থা করেন। প্রথমে বাবার কাছে, পরে বিভিন্ন বিষয়ে অভিজ্ঞ শিক্ষকদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করেন আজাদ।

শিক্ষাজীবনের শুরুতে তিনি আরবি ও ফারসি ভাষা শেখেন। পরে দর্শন, জ্যামিতি, গণিত ও বীজগণিত অধ্যয়ন করেন। ধর্মীয় শিক্ষার পাশাপাশি বিশ্ব ইতিহাস ও রাজনীতির প্রতিও তার আগ্রহ তৈরি হয়। নিজের উদ্যোগে ইংরেজি ভাষা শেখেন। প্রাতিষ্ঠানিকভাবে আধুনিক শিক্ষার সুযোগ না পেলেও অধ্যবসায় ও ব্যাপক পাঠাভ্যাসের মাধ্যমে তিনি বিভিন্ন বিষয়ে গভীর জ্ঞান অর্জন করেন। আরবি, ফারসি, উর্দু, হিন্দি, বাংলা ও ইংরেজি ভাষায় দক্ষতা অর্জন করেন।

তরুণ বয়সে স্যার সৈয়দ আহমদ খানের লেখালেখি ও চিন্তাভাবনা তাকে প্রভাবিত করে। আধুনিক শিক্ষার গুরুত্ব উপলব্ধি করেন তিনি। একই সঙ্গে জামাল উদ্দিন আফগানির প্যান-ইসলামি চিন্তাধারার প্রতিও আগ্রহী হয়ে ওঠেন। ধর্মীয় জ্ঞানচর্চার পাশাপাশি সমকালীন রাজনীতি ও সমাজব্যবস্থা সম্পর্কে তার জানার আগ্রহ বাড়তে থাকে। ধীরে ধীরে প্রচলিত সামাজিক রীতিনীতি ও চিন্তার গণ্ডি পেরিয়ে বৃহত্তর সমাজ ও রাষ্ট্র নিয়ে ভাবতে শুরু করেন। নিজের নামের সঙ্গে ‘আজাদ’ যুক্ত করেন। ‘আজাদ’ শব্দের অর্থ মুক্ত। নামের মধ্য দিয়েই তিনি স্বাধীন চিন্তা ও মানসিক মুক্তির পরিচয় তুলে ধরতে চেয়েছিলেন।

১৯১২ সালে কলকাতা থেকে ‘আল-হিলাল’ নামে একটি উর্দু সাপ্তাহিক পত্রিকা প্রকাশ শুরু করেন আজাদ। পত্রিকাটি ছিল ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে তার প্রতিবাদের শক্তিশালী মাধ্যম। এতে ব্রিটিশ শাসনের অন্যায়-অবিচার তুলে ধরার পাশাপাশি ভারতীয় জাতীয়তাবাদ ও স্বাধীনতার পক্ষে জনমত গড়ে তোলার চেষ্টা করেন তিনি। মুসলমানদের মধ্যে রাজনৈতিক সচেতনতা তৈরি এবং হিন্দু-মুসলিম ঐক্য প্রতিষ্ঠায়ও পত্রিকাটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অল্প সময়ের মধ্যেই আল-হিলাল ব্যাপক জনপ্রিয়তা অর্জন করে। পত্রিকাটির লেখনী ব্রিটিশ সরকারের জন্য অস্বস্তির কারণ হয়ে দাঁড়ায়। ১৯১৪ সালে সরকার পত্রিকাটি নিষিদ্ধ ঘোষণা করে। তবে দমে যাননি আজাদ। একই লক্ষ্য নিয়ে তিনি ‘আল-বালাগ’ নামে আরেকটি উর্দু সাপ্তাহিক প্রকাশ করেন। এই পত্রিকাতেও ভারতীয় জাতীয়তাবাদ, স্বাধীনতার আকাক্সক্ষা এবং হিন্দু-মুসলিম ঐক্যের কথা তুলে ধরা হয়। ১৯১৬ সালে ব্রিটিশ সরকার আল-বালাগও নিষিদ্ধ করে। আজাদকে কলকাতা থেকে বহিষ্কার করে রাঁচিতে অন্তরীণ রাখা হয়। প্রথম বিশ্বযুদ্ধের পর ১৯২০ সালে তিনি মুক্তি পান।

মুক্তির পর আজাদ খেলাফত আন্দোলনের সঙ্গে যুক্ত হন। এ আন্দোলনের লক্ষ্য ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে চলে যাওয়া তুরস্কের খলিফার পদ পুনঃপ্রতিষ্ঠা করা। আন্দোলনে নেতৃত্ব দেওয়ার পাশাপাশি তিনি মুসলিম সমাজকে রাজনৈতিকভাবে সচেতন করার চেষ্টা করেন। এ সময় মহাত্মা গান্ধীর সঙ্গে তার ঘনিষ্ঠতা তৈরি হয়। গান্ধীর অসহযোগ আন্দোলন তাকে বিশেষভাবে প্রভাবিত করে। তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধে অহিংস আন্দোলনের পক্ষে অবস্থান নেন এবং খেলাফত ও অসহযোগ আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করেন।

১৯২০ সালে তিনি ভারতীয় জাতীয় কংগ্রেসে যোগ দেন। অল্প সময়ের মধ্যে দলটির গুরুত্বপূর্ণ নেতাদের একজন হয়ে ওঠেন। ১৯২৩ সালে মাত্র ৩৫ বছর বয়সে কংগ্রেসের বিশেষ অধিবেশনে সভাপতি নির্বাচিত হন। তিনি ছিলেন দলটির সর্বকনিষ্ঠ সভাপতি। তার রাজনৈতিক প্রজ্ঞা, বক্তব্যের গভীরতা এবং সাংগঠনিক দক্ষতা তাকে জাতীয় রাজনীতিতে বিশেষ পরিচিতি এনে দেয়।

১৯৪০ সালে রামগড় অধিবেশনে তিনি আবার কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন। ১৯৪৬ সাল পর্যন্ত এ দায়িত্ব পালন করেন। দ্বিতীয় মেয়াদে তার সভাপতিত্বের সময় ভারতের রাজনীতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হয়ে ওঠে ব্রিটিশ শাসনের অবসান এবং দেশটির ভবিষ্যৎ রাষ্ট্রকাঠামো নির্ধারণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রেক্ষাপটে স্বাধীনতার দাবি জোরালো হতে থাকে। ব্রিটিশ সরকারের সঙ্গে ক্ষমতা হস্তান্তর নিয়ে আলোচনাতেও তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৯৪২ সালের ভারত ছাড়ো আন্দোলনের সময় কংগ্রেসের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছিলেন তিনি। এ আন্দোলনের পর কংগ্রেসের শীর্ষ নেতাদের সঙ্গে আজাদকেও গ্রেপ্তার করা হয়। দীর্ঘ সময় তাকে কারাগারে থাকতে হয়।

দেশভাগের প্রশ্নে মাওলানা আজাদের অবস্থান ছিল অত্যন্ত স্পষ্ট। ধর্মের ভিত্তিতে ভারত ভাগের বিরোধিতা করেন তিনি। তার বিশ্বাস ছিল, হিন্দু ও মুসলমানের দীর্ঘদিনের সহাবস্থান, অভিন্ন ইতিহাস এবং সামাজিক সম্পর্ককে উপেক্ষা করে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠা করলে উপমহাদেশের মানুষের মধ্যে স্থায়ী বিভেদ তৈরি হবে। তিনি এমন একটি রাষ্ট্রব্যবস্থার পক্ষে ছিলেন, যেখানে বিভিন্ন প্রদেশ নিজেদের সংবিধান ও প্রশাসনিক ব্যবস্থায় স্বায়ত্তশাসন ভোগ করবে। তবে প্রতিরক্ষা ও অর্থনীতির মতো গুরুত্বপূর্ণ বিষয়গুলো থাকবে অভিন্ন ব্যবস্থার অধীনে।

তিনি মনে করতেন, পাকিস্তান প্রতিষ্ঠার মাধ্যমে ভারতীয় মুসলমানদের সব সমস্যার সমাধান হবে না। ভারতের সব মুসলমানের পক্ষে পাকিস্তানে চলে যাওয়া সম্ভব নয়। একইভাবে দেশভাগের ফলে দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে গভীর সংকট তৈরি হতে পারে। তার আশঙ্কা ছিল, ধর্মীয় পরিচয়কে রাষ্ট্র গঠনের প্রধান ভিত্তি করলে ভারত ও পাকিস্তানের মধ্যে দীর্ঘস্থায়ী বিরোধের জন্ম হবে। শেষ পর্যন্ত দেশভাগ বাস্তবায়িত হলে তিনি গভীরভাবে মর্মাহত হন। তার অবিভক্ত ভারতের স্বপ্ন ভেঙে যায়।

১৯৪৭ সালের ১৫ আগস্ট ভারত স্বাধীনতা লাভ করে। স্বাধীন ভারতের প্রথম শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন মাওলানা আবুল কালাম আজাদ। জওহরলাল নেহরুর মন্ত্রিসভায় যোগ দিয়ে ১৯৫৮ সালে মৃত্যুর আগ পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করেন। রাষ্ট্রের উন্নয়নে শিক্ষাকে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদানগুলোর একটি হিসেবে বিবেচনা করতেন তিনি। তার লক্ষ্য ছিল ধর্ম, বর্ণ, শ্রেণি ও আর্থিক অবস্থান নির্বিশেষে প্রত্যেক শিশুর শিক্ষার সুযোগ নিশ্চিত করা। বিশেষ করে প্রাথমিক শিক্ষাকে সবার নাগালের মধ্যে নিয়ে আসা এবং উচ্চশিক্ষায় গবেষণা ও বিজ্ঞানচর্চার ক্ষেত্র সম্প্রসারণে তিনি গুরুত্ব দেন।

তার উদ্যোগে ১৪ বছর বয়স পর্যন্ত শিশুদের জন্য অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার নীতি বাস্তবায়নের প্রচেষ্টা জোরদার হয়। মেয়েদের শিক্ষার প্রসার, বিদ্যালয়ে আঞ্চলিক ভাষার ব্যবহার এবং পাঠ্যক্রমে কারিগরি শিক্ষার অন্তর্ভুক্তির ওপর তিনি গুরুত্ব দেন। তার মতে, বাস্তব জীবনে দক্ষতা অর্জন এবং কর্মসংস্থানের সুযোগ তৈরি করা শিক্ষার গুরুত্বপূর্ণ লক্ষ্য।

উচ্চশিক্ষা ও বিজ্ঞানভিত্তিক জ্ঞানচর্চার প্রসারে তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য। শিক্ষা ও রাজনীতিতে অবদানের পাশাপাশি মাওলানা আজাদ ছিলেন একজন প্রভাবশালী লেখক ও বাগ্মী। ইসলামি বিষয়ে তিনি লেখালেখি করেছেন। ছোটবেলা থেকেই তার মধ্যে বিতর্ক ও যুক্তিনির্ভর আলোচনার দক্ষতা তৈরি হয়। বিভিন্ন ভাষায় পারদর্শিতা তাকে জ্ঞানচর্চার বিস্তৃত সুযোগ করে দেয়।

মাওলানা আজাদ ১৯৫৮ সালের ২২ ফেব্রুয়ারি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুতে ভারতের রাজনৈতিক ও শিক্ষাঙ্গনে গভীর শোক নেমে আসে।

ভারতের স্বাধীনতা আন্দোলন, জাতীয় রাজনীতি এবং শিক্ষাব্যবস্থায় অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে তাকে মরণোত্তর ‘ভারতরত্ন’ উপাধিতে ভূষিত করা হয়। এটি ভারতের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। তার জন্মদিন ১১ নভেম্বর ভারতে জাতীয় শিক্ষা দিবস হিসেবে পালিত হয়।