ঢাবিতে ককটেল বিস্ফোরণ ও নাশকতা: এক কর্মচারী সাময়িক বরখাস্ত, শোকজ

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ককটেল বিস্ফোরণ ও অস্থিতিশীলতা সৃষ্টির ঘটনায় জড়িত থাকার প্রাথমিক সত্যতা পাওয়ায় বিশ্ববিদ্যালয়ের এক কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়েছে। ক্যাম্পাসে নাশকতা, বিশৃঙ্খলা ও অস্থিতিশীলতা সৃষ্টির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (১০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলামের সভাপতিত্বে প্রক্টরিয়াল টিম ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিয়ে অনুষ্ঠিত এক জরুরি সমন্বয় সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সিদ্ধান্ত হয়, অপরাধে জড়িত ব্যক্তির পরিচয়, পদমর্যাদা কিংবা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্টতা যা-ই হোক না কেন, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিশ্ববিদ্যালয়ের প্রচলিত বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

সভায় ক্যাম্পাসের নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক টহল জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের ছয়টি প্রবেশপথে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রক্টরিয়াল টিম ও বিএনসিসির সমন্বয়ে নিরাপত্তা চেকপোস্ট স্থাপন করা হচ্ছে। বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণে কঠোর নজরদারি ও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ পরিচয়পত্র সঙ্গে রাখার নির্দেশনা দেওয়া হয়েছে। ক্যাম্পাসের নিরাপত্তা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে সিসিটিভি ক্যামেরার মনিটরিং কার্যক্রমও জোরদার করা হচ্ছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, নিরাপদ, শান্তিপূর্ণ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করা সবার সম্মিলিত দায়িত্ব। কেউ পরিকল্পিতভাবে ক্যাম্পাসের শান্তিশৃঙ্খলা বিনষ্ট, নাশকতা, সহিংসতা কিংবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করলে তার বিরুদ্ধে কোনো ধরনের শৈথিল্য দেখানো হবে না। জড়িতদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. আবদুস সালাম, প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী, প্রক্টর অধ্যাপক ইসরাফিল প্রাংসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।