কর্মব্যস্ত জীবন যখন হাজার কাজের চাপে হাঁপিয়ে ওঠে, তখন আরামের স্বাদ নিতে মন চাইতেই পারে। আর সেই কর্ম ক্লান্তি দূর করতে আমরা আছি কক্সবাজারে। আজ কক্সবাজার ভ্রমণের দ্বিতীয় দিন। সকাল বেলায় নাস্তা শেষে আমরা বেরিয়ে পড়লাম নতুন গন্তব্যে। আমরা আছি লোহাগাড়া নামক স্থানে, মসৃণ মহাসড়ক পেরিয়ে আমরা চলছি নতুন গন্তব্যে। পথে দেখা পেলাম চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্য। বন্যহাতি চলাচলের পথ, দেখে একটু চোখ থমকে গেল। ভাবলাম এই বনে ঘুরে যাই যদি বন্যহাতির দলের দেখা পাই। সূর্যের তেজ তখনো বাড়েনি। আমরা নেমে পড়লাম বনের পথে, সঙ্গী সানন্দা আর অনিক। আমরা হেঁটে চলছি আর মনে মনে ভাবলাম এই অভয়ারণ্য সম্পর্কে যেহেতু কিছু জানি না তাই ইন্টারনেট অন করে জেনে নিই বন সম্পর্কে। বন্দরনগরী চট্টগ্রাম থেকে প্রায় ৭০ কিলোমিটার দূরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পাশেই এ বনাঞ্চলের অবস্থান।
চুনতি অভয়ারণ্য ১৯৮৬ সালে লোহাগাড়া, সাতকানিয়া, বাঁশখালী, চকরিয়া এলাকার সাতটি সংরক্ষিত বনাঞ্চলের প্রায় ১৯ হাজার ১৭৭ একর জায়গা নিয়ে ঘোষণা করা হয় চুনতি সংরক্ষিত এলাকা। অভয়ারণ্যটি প্রধানত ক্রান্তীয় মিশ্র-চিরহরিৎ বনভূমি, যা হালকা থেকে খাড়া ঢালবিশিষ্ট পাহাড়ি অঞ্চলে অবস্থিত। প্রায় ৪৭৭ প্রজাতির বার লাখেরও বেশি গাছ রয়েছে এ বনে। এর মধ্যে প্রায় ১৫ প্রজাতির গাছ ইতিমধ্যেই বিলীন হয়ে গেছে। এ বনে রয়েছে বেশ কিছু শতবর্ষী গর্জন গাছ। এ ছাড়াও শাল, সেগুন, আকাশমণি, গর্জন, বট, হারগোজা, চাঁপালিশ, হরিতকি, বাঁশ, আসাম লতা, ছন প্রভৃতি উদ্ভিদ বেশি দেখা যায়। বনের সবচেয়ে উল্লেখযোগ্য প্রাণী এশীয় হাতি। চুনতি বনে সাধারণত দেখা মেলে লালমুখো বানর, মুখপোড়া হনুমান, খেঁকশিয়াল, সজারু, মায়া হরিণ, বন্যশূকর, শিয়াল, নানা রকম গিরগিটি, সাম্বারসহ অন্যান্য প্রাণীর। এ ছাড়া এ বনের সাপের মধ্যে কালান্তর, দাঁড়াশ, গোখরা, অজগর, লাউডগা ইত্যাদি উল্লেখযোগ্য। নানান জাতের পাখিরও অভয়াশ্রম এ বনাঞ্চল। এ বনের বাসিন্দা উল্লেখযোগ্য পাখপাখালি হলো বন মোরগ, লাল মৌটুসি, নীলকণ্ঠী, পাহাড়ি ময়না, মথুরা, ঘুঘু, ফিঙে, কাঠঠোকরা, ধনেশ, টিয়া, বুলবুলি ইত্যাদি। ১৯৮৬ সালে ৭ হাজার ৭৬৪ হেক্টর সংরক্ষিত বনভূমি নিয়ে চুনতি বন্যপ্রাণী অভয়ারণ্যটি প্রতিষ্ঠা করা হয়। আমরা হেঁটে চলছি সামনের দিকে। বাঁধানো দেয়ালের এক পাশে প্রবেশ গেট। প্রবেশ পথের সঙ্গেই টিকিট কাউন্টার কিন্তু কাউকে দেখতে পেলাম না। প্রবেশ দ্বার পেরিয়েই শুরু হয়েছে বনের। দূর থেকে দেখা পেলাম পাহাড়ের। আমরা চলছি এগিয়ে ঝিঁঝিঁ পোকার ক্লান্তিহীন ডাক এক অন্যরকম পরিবেশের সৃষ্টি করেছে। চলতি পথে আগন্তুকের মতো উপস্থিত হলেন একজন বয়োজ্যেষ্ঠ লোক। তার কাঁধে জ্বালানি কাঠবোঝাই। তাকে বললাম আমরা এসেছি অনেক দূর থেকে। এখানকার পথঘাট চিনি না যদি একটু সাহায্য করতেন ঘুরে দেখার জন্য। তিনি একবাক্যে রাজি হয়ে গেলেন। বয়োজ্যেষ্ঠ লোক আমাদের সামনের দিকে এগিয়ে নিয়ে গেলেন। চারপাশে অরণ্যে ভরপুর সবুজ মায়াময় পরিবেশ। চলতি পথে দেখা পেলাম মাকড়সার বসতি। আমাদের দেখা মিলল বিশাল সব গর্জনগাছের। আকাশের মেঘের সঙ্গে মিলেমিশে আছে গর্জনগাছগুলো। পথের দিশারী বললেন এশীয় হাতি এই বনের অন্যতম অলংকার। হাতির চলার পথে সাবধানে হাঁটার নির্দেশনা বনপথে সাইনবোর্ডে চোখে পড়ল। বয়োজ্যেষ্ঠ লোক বললেন এখানে হাতির দল মিয়ানমার পর্যন্ত চলাফেরা করে চুনতির অভয়ারণ্যের ভেতর হয়ে। বনটি হাতি চলাচলের অন্যতম করিডর। আমরা চলছি দেখতে দেখতে কীভাবে যে একটি ঘণ্টা সময় পার করে দিলাম টেরই পেলাম না। চুনতি অভয়ারণ্যের ভেতর আছে তিনটি পায়ে হাঁটা পথ বা ট্রেইল। ছোট, মাঝারি ও বড় পথ তিনটিতে হাইকিং করা যাবে যথাক্রমে আধ ঘণ্টা, ১ ঘণ্টা ও ৩ ঘণ্টা হিসেবে। এ পথেও দেখা মিলতে পারে বন্যহাতিসহ নানা বন্যপ্রাণীর। দুপাশে বনের চাদোয়া দেওয়া পথে হেঁটে হেঁটে বড় একটি টিলা পার হওয়ার পর ঢালু খাদ। তারপর আবার পাহাড়ের ওপরের দিকে পথ চলে গেছে। অভয়ারণ্য এলাকায় বনপুকুর, প্রাকৃতিক গর্জন বনাঞ্চল, এশীয় বন্যহাতির বিচরণ ক্ষেত্র, গয়ালমারা প্রাকৃতিক হ্রদ, বনপুকুর ফুটট্রেইল, জাঙ্গালীয়া ফুটট্রেইল, গোলঘর, স্টুডেন্ট ডরমিটরি, নেচার কনজারভেশন সেন্টার, গবেষণা কেন্দ্র, ইকোকটেজসহ বিভিন্ন ইকোট্যুরিজম স্থাপন করা হয়েছে পর্যটকদের জন্য।