স্টেরয়েড দ্রুত ত্বক ফর্সা করা, ব্রণ কমানো কিংবা ত্বকের দাগ দূর করতে অনেকেই চিকিৎসকের পরামর্শ ছাড়াই স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহার করেন। সাময়িকভাবে ত্বকে পরিবর্তন দেখা গেলেও দীর্ঘদিন এসব পণ্য ব্যবহারে দেখা দিতে পারে নানা ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া। ক্ষতিগ্রস্ত হতে পারে ত্বক, চুল এমনকি নখও। বিস্তারিত লিখেছেন বিউটি ব্লগার নাহিন ইসলাম
ত্বকে যেসব সমস্যা হয়
দীর্ঘদিন স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহারের ফলে ত্বক ধীরে ধীরে পাতলা হয়ে যায়। ত্বকে লালচে ভাব দেখা দিতে পারে। পাশাপাশি ত্বকের নিচে থাকা সূক্ষ্ম রক্তনালিগুলো স্পষ্ট হয়ে ওঠে। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যাকে টেলেনজেকটেশিয়া বলা হয়। এ ছাড়া মুখে বড় আকারের ব্রণ, প্রদাহ ও জ্বালাপোড়ার সমস্যা দেখা দিতে পারে। কোনো কোনো ক্ষেত্রে ব্রণের কারণে ত্বকে স্থায়ী দাগও থেকে যায়। শরীরের বুক, পিঠসহ বিভিন্ন অংশে ব্রণ হতে পারে। ত্বক পাতলা হয়ে যাওয়ার কারণে স্ট্রেচমার্ক বা ফাটল জাতীয় দাগও দেখা দিতে পারে।
চুল ও নখের যত্ন
স্টেরয়েডের প্রভাব পড়তে পারে চুলেও। দীর্ঘদিন স্টেরয়েডযুক্ত তেল বা সিরাম ব্যবহার করলে মাথার ত্বকে ফুসকুড়ি দেখা দিতে পারে। দীর্ঘমেয়াদি স্টেরয়েড সেবনের কারণে হরমোনের পরিবর্তন ঘটলে চুলপড়া ও পাতলা হওয়ার সমস্যা দেখা দিতে পারে। বিশেষ করে মাথার সামনের অংশ ও মাঝখানের চুল কমে যেতে পারে। দীর্ঘদিন স্টেরয়েড ব্যবহারে নখ ভঙ্গুর, খসখসে ভাব এবং সহজে ভেঙে যাওয়ার মতো সমস্যাও নখের চারপাশের ত্বকে রঙের পরিবর্তন হতে পারে।
যা করবেন
স্টেরয়েড একটি শক্তিশালী ওষুধ। নির্দিষ্ট কিছু রোগের চিকিৎসায় চিকিৎসকরা ব্যবহার করেন। স্টেরয়েড মানেই ক্ষতিকর, এমন ধারণা ঠিক নয়। চিকিৎসকের পরামর্শ ছাড়া সৌন্দর্যচর্চার জন্য স্টেরয়েডযুক্ত ক্রিম বা লোশন ব্যবহার করা বিপজ্জনক হতে পারে।
কোনো ক্রিম বা প্রসাধনী কেনার আগে উপাদানের তালিকা দেখে নিন।
বিটামিথাসোন, ক্লোবেটাসোল ও মোমেটাসোনযুক্ত পণ্য চিকিৎসকের পরামর্শ ছাড়া ব্যবহার করবেন না।
নির্ধারিত সময়ের বেশি স্টেরয়েড ব্যবহার করবেন না।
ত্বকে লালচে ভাব, জ্বালাপোড়া বা অস্বাভাবিক ব্রণ দেখা দিলে চিৎসকের পরামর্শ নিন।
সুষম খাবার, শাকসবজি ও ক্যালশিয়ামসমৃদ্ধ খাবার রাখুন খাদ্যতালিকায়।
জেনে রাখুন
স্টেরয়েডযুক্ত ক্রিম ব্যবহারের অভ্যাস তৈরি হলে হঠাৎ বন্ধ করাও কিছু ক্ষেত্রে সমস্যার কারণ হতে পারে। দীর্ঘদিন ব্যবহারের পর বন্ধ করার আগে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। সৌন্দর্যচর্চায় দ্রুত ফল পাওয়ার চেয়ে ত্বক ও চুলের সুস্থতা বেশি গুরুত্বপূর্ণ। অজানা উপাদানের ক্রিম ব্যবহারের পরিবর্তে ত্বকের ধরন ও সমস্যা বুঝে বিশেষজ্ঞের পরামর্শে যত্ন নেওয়াই হোক সৌন্দর্যচর্চার অংশ।