‘সেফ করিডর’ চট্টগ্রাম বিমানবন্দর!

সংযুক্ত আরব আমিরাতের শারজাহ থেকে গত ১ আগস্ট এয়ার অ্যারাবিয়ার একটি ফ্লাইটে চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান ভারতীয় যাত্রী তামিম আনসারি। বিমানবন্দরের গ্রিন চ্যানেল অতিক্রমের পর শুল্ক গোয়েন্দারা তার আন্ডারওয়্যারের ভেতর থেকে ক্যাপসুলসদৃশ ৪৫৫ গ্রাম স্বর্ণজাত পদার্থ উদ্ধার করে। এর আনুমানিক মূল্য প্রায় এক কোটি টাকা। তার বিরুদ্ধে নগরের পতেঙ্গা থানায় চোরাচালান আইনে মামলা দায়ের করে কাস্টমস কর্তৃপক্ষ।

কাস্টমস কর্মকর্তাদের ভাষ্য, কখনো জুতার নিচে, কখনো অন্তর্বাসে, আবার কখনো গলিয়ে পোশাকের ভেতর কিংবা শরীরের ভেতরে ঢুকিয়ে চলছে সোনা পাচার। অভিযোগ, শাহ আমানত বিমানবন্দরকে ‘সেফ করিডর’ হিসেবে বেছে নিয়েছে সোনা পাচারকারীরা। পুলিশের ভাষ্য, বিমানবন্দরে যাদের কাছ থেকে সোনা জব্দ হচ্ছে তারা ‘মিডলম্যান’। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদেও মূল পাচারকারীর তথ্য পাওয়া যায় না।

বিমানবন্দর সূত্র জানায়, ২০১৯ সাল থেকে চলতি বছরের আগস্ট পর্যন্ত সোনার বার জব্দের ঘটনায় বাহক ছিলেন ১৯৫ জন। তাদের মধ্যে ১৫৫ জন পুরুষ ও ৪০ জন নারী। ভারতীয় নাগরিক তামিম আনসারির কাছ থেকে সোনার বার উদ্ধারের বর্ণনা দিয়ে নগরের পতেঙ্গা থানার ওসি পারভেজ আলী জানান, তামিম আনসারি ভারতের কেরল রাজ্যের বাসিন্দা। তাকে জিজ্ঞাসাবাদে নিয়ে বেকায়দায় পড়েছিলাম। কারণ তিনি সেখানকার স্থানীয় ‘মালয়লাম’ ভাষা ছাড়া ইংরেজি বা হিন্দি বলতে পারেন না। একপর্যায়ে দোভাষী এনেও তার কাছ থেকে পাচারকারীর হদিস পাওয়া যায়নি। অথচ বাংলাদেশে তার ট্রাভেল রেকর্ডে দেখা গেছেএকমাসে তিনি একাধিকবার ঢাকা ও চট্টগ্রামে সফর করেছেন। তবে বাহকরা খুব ধূর্ত প্রকৃতির। সহজে তারা মূল হোতা সম্পর্কে তথ্য দেয় না।

কাস্টমস গোয়েন্দা কর্মকর্তাদের ভাষ্য, শুধু বাহক বা পরিবহনকারীদের গ্রেপ্তার করে চোরাচালানের চক্র ভাঙা সম্ভব নয়। চোরাচালানের প্রকৃত মালিক ও সোনা গ্রহণকারীদের শনাক্ত করে আইনের আওতায় আনা জরুরি। নগর গোয়েন্দা পুলিশের (ডিবি-বন্দর) উপকমিশনার কাজী আবদুর রহীম বলেন, সোনা চোরাচালানের মামলাগুলো নিরপেক্ষভাবে তদন্ত করা হয়। তদন্তে অনেক সময় মূল হোতারাও চলে আসে।’

জানা গেছে, শাহ আমানত বিমানবন্দরে সোনার বড় চালান জব্দের ঘটনা ঘটে ২০১৪ সালের ২৫ মার্চ। দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের যাত্রীদের আসনের নিচে ৯০২টি সেনার বার পাওয়া যায়। প্রায় ১০৫ কেজি ওজনের এসব সোনার তৎকালীন বাজারমূল্য ছিল প্রায় ৪৫ কোটি টাকা। এ ঘটনায় ১০ জন যাত্রীকে আটক করা হলেও সোনা চোরাচালানের মূল হোতাদের শনাক্ত করা যায়নি।

গোয়েন্দা পুলিশ সূত্রের দাবি, চোরাচালানের মাধ্যমে আনা ২০-২৫ শতাংশ চালান কেবল ধরা পড়ে। চট্টগ্রাম বিমানবন্দরকে চোরাচালানের ‘হাব’ হিসেবে ব্যবহার করছে পাচারকারীরা। চোরাচালানের একটি অংশ ভারতের সোনা ব্যবসায়ীদের কাছেও পৌঁছে যায়। সিএমপি সূত্রে জানা গেছে, ২০২৪ সাল থেকে ২০২৬ সালের ২৫ অক্টোবর পর্যন্ত সোনা চোরাচালান আইনে আটটি মামলা হয়েছে। এর মধ্যে ২০২৪ সালে একটি, ২০২৫ সালে চারটি এবং ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত ৩টি মামলা দায়ের হয়। এসব মামলায় গ্রেপ্তার হয়েছেন ১০ জন। অথচ একইসময়ে বিমানবন্দরে সোনা জব্দের ঘটনা ঘটেছে ১৭৪টি।

এই প্রসঙ্গে নগর পুলিশ কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী বলেন, ‘সোনা চোরাচালান মামলাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হয়। গ্রেপ্তারদের বেশিরভাগই মিডলম্যান। অনেক মামলার তদন্তে ঘটনার মূল হোতারা উঠে আসেন।’ আদালত সূত্র জানায়, ২০২১ সালের আগের ৯ বছরে চোরাচালান-সংক্রান্ত প্রায় ৪৯টি মামলার মধ্যে ৪০টির বিচার ঝুলে আছে। এসব মামলার একটিতে আবদুস শুক্কুর নামে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদ- হয়। ২০১৫ সালের এপ্রিলে দুবাই থেকে ফেরার পর ৪০টি সোনার বারসহ গ্রেপ্তার হয়েছিলেন তিনি। পরের বছর চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ আদালতে তার এ সাজা হয়।

এদিকে বৈদেশিক মুদ্রার অপচয় রোধ, চোরাচালান ও অর্থ পাচার বন্ধে বৈধভাবে সোনা আমদানিতে কড়াকড়ি আরোপ করে এনবিআর (জাতীয় রাজস্ব বোর্ড)। এরপর থেকেই শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে বৈধভাবে সোনা আসায় ধস নামে।

কাস্টমস সূত্র জানায়, ২০২২-২৩ অর্থবছরে ব্যাগেজ রুলস অনুযায়ী যাত্রীরা ভরিপ্রতি ২ হাজার টাকা শুল্ক দিয়ে সর্বোচ্চ দুটি সোনার বার বা ২৩৪ গ্রাম সোনা আনতে পারতেন। ২০২৩ সালের জুনে সেই শুল্ক এক লাফে দ্বিগুণ করা হয়। এরপর ব্যাগেজ রুলস সংশোধন করে একজন যাত্রীর স্বর্ণ আনার সুবিধা কমিয়ে বছরে মাত্র একবার ১০ ভরি বা ১১৭ গ্রাম আনার নিয়ম চালু করে এনবিআর। অর্থাৎ একটি সোনার বার বৈধভাবে আনতে প্রায় ৪২ হাজার টাকা শুল্ক পরিশোধ করতে হচ্ছে সরকারকে। কড়াকড়ির কারণে বৈধভাবে সোনা আনার সুবিধাই কার্যত কঠিন করে ফেলে এনবিআর। এরপর থেকেই বৈধ পথে সোনার বার আসায় ধস নামে।

কাস্টমের পরিসংখ্যান অনুযায়ী, ২০২২-২৩ অর্থবছরে চট্টগ্রাম বিমানবন্দর দিয়ে বৈধভাবে (ঘোষণা দিয়ে) ১ লাখ ৭২ হাজার ৫১৪টি সোনার বার আসে। যার বর্তমান বাজারমূল্য প্রায় ২৪ হাজার ৫০০ কোটি টাকা। ২০২৩ সালে শুল্ক দ্বিগুণ করার পর মাত্র ২৭ হাজার ৫৪৬টি সোনার বার আসে। ২০২৪-২৫ অর্থবছরে সোনার বার আসে ২১ হাজার ৫৬৭টি, সর্বশেষ ২০২৫-২৬ অর্থবছরে আরও কমে সোনার বার আসে ২১ হাজার ৪৩৯টি।

গত তিন অর্থবছরে বিমানবন্দরে শুল্ক দিয়ে বৈধভাবে সোনা আনা কমে যাওয়ার পাশাপাশি কাস্টমসের রাজস্ব আয়ও ১০১ থেকে ১০৮ কোটি টাকার ঘরে স্থবির হয়ে পড়ে। বাংলাদেশ জুয়েলারি সমিতি চট্টগ্রামের জেনারেল সেক্রেটারি প্রণব সাহা গণমাধ্যমকে বলেন, ‘শুল্ক বাড়িয়ে সরকারের রাজস্ব বাড়েনি। উল্টো কমেছে। ব্যাগেজ রুল সহজ করলে সোনা খাতে সরকার বিপুল রাজস্ব পাবে। একই সঙ্গে চোরাচালান বন্ধে কঠোর নীতিমালা আরোপ করতে হবে।’