‘নীলাম্বরী-শাড়ি পরি’ নীল যমুনায় কে যায়?
যেন জলে চলে থল-কমলিনী ভ্রমর নূপুর হয়ে বোলে পায় পায় ॥
কলসে কঙ্কণে রিনিঝিনি ঝনকে,
চমকায় উন্মন চম্পা বনকে,
দলিত অঞ্জন নয়নে ঝলকে, পলকে খঞ্জন হরিণী লুকায় ॥
নজরুলগীতি
কার্তিক মাস। মন্ডপে দুর্গাপূজা চলছে। ঢ্যাম কুড় কুড় ঢাক বাজছে। খুলনার ডুমুরিয়া উপজেলার মিকশিমিল গ্রামে দুটো বড় ম-পে দুর্গাপূজা হচ্ছে। একটি মন্ডপে ১৫২টি ও অন্য মন্ডপে রয়েছে ২০১টি মূর্তি। ম-প দুটোয় চক্কর মেরে চললাম সে গাঁয়ের পথে বিলের দিকে। ঝোপজঙ্গল, বটতলা, বাঁশবাগান পেরিয়ে বিল। বিলে যাওয়ার আগেই একটা পুকুরপাড়ের বাঁশবাগানের তলায় চোখ গেল। পুরো তলাটা ছোট ছোট বুনো উদ্ভিদে ছেয়ে আছে। উদ্ভিদগুলোয় ফুটেছে আকাশি রঙের ফুল। শত শত নীল প্রজাপতির মেলা যেন বসেছে সেখানে। শরৎ শেষে ফুলগুলো যেন নীলাম্বরী শাড়ির আঁচল উড়িয়ে তার বিজয়বার্তা ঘোষণা করছে। কবি কাজী নজরুল ইসলাম যেমন তাঁর একটি গানে দেখেছিলেন নীলাম্বরী শাড়ি পরা কাউকে নীল যমুনায় জল আনতে যেতে, তেমনি মনে হলো ফুলগুলোও যেন নীলাম্বরী সাজে কারো জন্য উন্মুখ হয়ে বসে আছে। উদ্ভিদগুলোর মাথায় খেলা করছে হেমন্ত দুপুরের ছায়ামাখা রৌদ্র। অলস প্রজাপতির মতো ফুলের পাপড়িগুলো আলুথালু, ঢলোঢলো। ফুলের জগতে এমন রঙের ফুল সত্যিই বিরল।
ছোটবেলা থেকেই এ ফুল চেনা। এ ফুলের সরু নলের মতো পুষ্পনল থেকে কত যে মধু চুষে খেয়েছি! মিকশিমিল গ্রামের বাঁশবাগানে গিয়ে শিশুবেলার কিছু কথাও মনে পড়ছিল। চিংড়ির মতো দেখতে এ উদ্ভিদের মঞ্জরি ভেঙে আনতাম, তুলতে সেসব মঞ্জরিপত্রের তীক্ষè শীর্ষেও কত যে খোঁচা খেয়েছি সুই ফোটার মতো ব্যথা। তারপরও সেগুলো এনে বাল্যকালের খেলার সাথি মেয়ে শিশুদের বলতাম, ‘এই নে, বাজার থেকে চিংড়ি এনেছি। পাতা ছিঁড়ে এনে বলতাম, ওগুলো পুঁটিমাছ, ঝোল রাঁধিস।’ এভাবে শিশুবেলাতেই আমাদের বাজার করা, রান্না-বান্না আর সংসার করার একটা মহড়া হয়ে যেত।
প্রকৃতিতে নীল ফুল খুব কমই দেখা যায়, তারপর এ ফুলের রঙ আবার আকাশি বা ফিকে নীল। জার্মান ঔপনাসিক নোভালিস (১৭৭২-১৮০১) তার অসমাপ্ত ‘হাইনরিখ ফন ওফটারডিঙ্গেন’ উপন্যাসে নীল ফুলকে রূপকার্থে ব্যবহার করেছেন, যা মূলত মানুষের অতৃপ্ত আকাক্সক্ষা ও বিরহের প্রতীক। এ ফুল যেন বাস্তবের সীমানা ছড়িয়ে কোনো এক অলৌকিক রহস্যময় আধ্যাত্মিক জগত থেকে এসেছে।
নোভালিসের ১৫ বছর বয়সী বাগদত্তা সোফির অকাল মৃত্যুতে তিনি গভীরভাবে মর্মাহত হয়েছিলেন, লিখেছিলেন তার বিখ্যাত কাব্যগ্রন্থ’ ‘হাইমস টু দ্য নাইট’ বা রাতের স্তোত্র। এ কাব্যে নীল ফুলগুলোকে তিনি বিষাদের প্রতীক ভাবলেও রাতটাকে তিনি করে তুলেছেন স্তোত্র পাঠের মাধ্যমে আধ্যাত্মিক সাধনার সময়, যা তাকে সেই বিষাদ থেকে দিয়েছিল মুক্তির আনন্দ।
কোনো কোনো বইয়ে একে নীলঝিন্টি ও ঝিন্টিকাঁটা বলা হয়েছে। আয়ুর্বেদাচার্য শিবকালী ভট্টাচার্য তার চিরঞ্জীব বনৌষধি গ্রন্থের নবম খ-ের ২৫৯ পৃষ্ঠায় একে নিয়ে লিখেছেন ‘এটি অযতœসম্ভূত, যত্র-তত্র হয়ে থাকে, ফুল সবুজাভ নীল বা ফিকে নীল বর্ণের, চলতি নাম উদুগাঁথি, উদুজাঁতি। তামিল প্রদেশে এর নাম নীলাম্বরী, বাংলায় রসুনে গাছ। এই গাছের মূল ও সমগ্র গাছ ঔষধি গুণসম্পন্ন। মূল কামলা, বাধক ও বাতরোগে ব্যবহৃত হয়। প্রবাদ আছে রসুনে গাছের পাতা গরুতে খেলে দুধে রসুনের গন্ধ বেরোয়।’
নীলাভরঙা ফুল, তাই তার নাম নীলাম্বরী। ওটা তামিল নাম। অসমীয় ভাষায় নীলকণ্ঠ। পশ্চিমবাংলার নাম পেলাম রসুনে গাছ। আমাদের দেশে আসলে কী নাম? পুষ্পমঞ্জরি দেখতে খানিকটা চিংড়ির মতো, কন্টকিত গড়নের। এজন্য এ ফুলের আরও নাম রয়েছে যেমন নীলকাঁটা, নীল সহচরা, নীল সাথী, উদ্জাঁতি। এর প্রজাতিগত নাম Ecbolium ligustrinum ও গোত্র অ্যাকানথেসী। ইংরেজি নাম Blue Fox Tail, Green Shrimp Plant, Ice crossandra. অ্যাকানথেসী গোত্রের ইকবলিয়াম (Ecbolium) গণে সারা বিশ্বে ২৬টি প্রজাতি শনাক্ত করা হয়েছে যেগুলোর আদি বাসভূমি আফ্রিকার দক্ষিণ ও পূর্বাঞ্চল, আরব উপদ্বীপ, মিয়ানমার ও ভারতীয় উপমহাদেশ। বাংলাদেশে এ গণের দুটি প্রজাতির উদ্ভিদ দেখা যায়।
নীলাম্বরী একটি গুল্মজাতীয় বহুবর্ষজীবী উদ্ভিদ, যার উচ্চতা ৪০-১০০ সেন্টিমিটার। শাখার আগায় চতুর্ভুজাকার বিশেষ ধরনের পুষ্পমঞ্জরি থাকে। মঞ্জরিপত্রগুলো ডিম্বাকার, অখন্ড ও অগ্রভাগ কাঁটার মতো সুচালো। পাতা উপবৃত্তাকার-লম্বাটে, উভয় প্রান্ত সরু ও মখমলের মতো মসৃণ। ফুলগুলো ছোট বা মাঝারি, সবুজাভ নীল, সরু ও লম্বা পুষ্পনল থাকে, যা মঞ্জরিপত্রের ফাঁক দিয়ে বের হয়। ফুলের উপরের পাপড়িটি রৈখিক ও পিছন দিকে মুখ করা। ফুলের পাপড়ি তিনটির বিন্যাস দেখলে ত্রিশূলের মতো দেখায়।
নীলাম্বরীর কিছু লোকজ ঔষধি ব্যবহার রয়েছে। এটি গেঁটেবাত ও মূত্রকৃচ্ছ্রতায় ব্যবহৃত হয়। এর শিকড় জন্ডিস, ঋতুস্রাবজনিত অতিরিক্ত রক্তপাত ও বাত রোগের উপশম করে। বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা থেকে মিয়ানমার পর্যন্ত এ উদ্ভিদের দেখা পাওয়া যায়। এ দেশে বুনো আগাছা ও ঔষধি উদ্ভিদ।
লেখক : কৃষিবিদ ও পরিবেশ বিশেষজ্ঞ