অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ বললেন হেগসেথ

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ তার বিরুদ্ধে কংগ্রেসে উত্থাপিত অভিশংসন প্রস্তাবকে ‘প্রহসন’ বলে আখ্যা দিয়েছেন। তার দাবি, এ ধরনের উদ্যোগ কংগ্রেসের মূল্যবান সময় নষ্ট করছে।

পেন্টাগনে সংবাদ সম্মেলনে হেগসেথ বলেন, অসন্তুষ্ট ও পরাজিত একজন কংগ্রেস সদস্যের এই প্রচেষ্টা কোনো জবাবদিহি নিশ্চিত করার উদ্যোগ নয় বরং এর পেছনে ব্যক্তিগত অহংবোধ ও ক্ষোভ কাজ করছে।

সোমবার (৯ নভেম্বর) বিকেলে রিপাবলিকান কংগ্রেসম্যান টমাস ম্যাসি প্রতিনিধি পরিষদের অধিবেশনে একটি প্রস্তাবের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে হেগসেথের বিরুদ্ধে অভিশংসনের ধারাগুলো উত্থাপন করেন।

ম্যাসির অভিযোগ, সংসদের অনুমোদন ছাড়াই ৯০ দিনের বেশি সময় ধরে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে হেগসেথ আইন লঙ্ঘন করছেন।

এ বিষয়ে প্রতিক্রিয়ায় হেগসেথ বলেন, এটি একটি প্রহসন ও লোক দেখানো উদ্যোগ। তার দাবি, বৈধ সামরিক অভিযান পরিচালনার কারণে এর আগে কোনো যুদ্ধমন্ত্রীকে অভিশংসনের মুখে পড়তে হয়নি।

২০১৯ ও ২০২১ সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে আনা অভিশংসন প্রস্তাবের প্রসঙ্গ টেনে তিনি বলেন, আগেও এ ধরনের নাটক দেখা গেছে। এবারও এই উদ্যোগ ব্যর্থ হবে।

যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানগুলোর বৈধতা নিয়ে হেগসেথ বলেন, প্রতিটি অভিযানই ছিল বৈধ। ইরানে সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি তুলে ধরে তিনি বলেন, আমেরিকার নিরাপত্তা ও সুরক্ষার স্বার্থেই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছিল।

এছাড়া ভেনেজুয়েলার সাবেক প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার অভিযানেরও প্রশংসা করেন হেগসেথ। তিনি বলেন, মাদুরোকে অপহরণ করা হয়নি বরং আমেরিকার শ্রেষ্ঠ সেনারা তাকে বিচারের মুখোমুখি করেছে।

সংবাদ সম্মেলনে এক সাংবাদিক জানতে চান, অভিশংসন প্রস্তাবের পক্ষে ভোট দেওয়া থেকে বিরত রাখতে তিনি ক্যাপিটল হিলে আইনপ্রণেতাদের সঙ্গে ফোনে যোগাযোগ করছেন কি না।

জবাবে হেগসেথ বলেন, প্রতিনিধি পরিষদে রিপাবলিকান সদস্যদের সঙ্গে তার দৃঢ় সম্পর্ক রয়েছে। তাদের কাছ থেকে তিনি ব্যাপক সমর্থনও পাচ্ছেন।