ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে গেছে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হওয়ায় বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে আখাউড়া রেলওয়ে স্টেশনের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় জিআরপি ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) তাৎক্ষণিক অভিযানে ঘটনাস্থল থেকে দুজনকে আটক করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে আখাউড়া রেলওয়ে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। এ সময় দায়িত্বে থাকা গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পান। তাৎক্ষণিকভাবে তিনি রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই ট্রেনটির বেশ কয়েকটি আসন পুড়ে যায়।
রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম জানান, স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার দূরে শান্টিংয়ের সময় দুর্বৃত্তরা ট্রেনটিতে আগুন দেয়। এ ঘটনায় জিআরপি ও আরএনবি তাৎক্ষণিক অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট জানান, ক্ষতিগ্রস্ত বগিটি ট্রেন থেকে বিচ্ছিন্ন করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। পরে সকালে ট্রেনটি ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।