খুলনার বটিয়াঘাটা উপজেলার জলমা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির প্রধান কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলযোগে ৫/৬ জন যুবক এই ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, তিনটি মোটরসাইকেল যোগে কয়েকজন যুবক আতঙ্ক সৃষ্টি করার জন্য বিএনপি কার্যালয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। পরে স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলেন। ঘটনাস্থলে পেট্রোলের বোতল ও পেট্রোলের গন্ধ পাওয়া গেছে বলেও তারা জানিয়েছে।
বটিয়াঘাটা থানা বিএনপির সদস্যসচিব মো. ফারুক তালুকদার বলেন, ভোর সাড়ে ৬টার দিকে একটি সন্ত্রাসী গ্রুপ মোটরসাইকেলে এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল দিয়ে আগুন ধরিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।
তিনি আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে বিভিন্ন স্থানে অরাজকতা সৃষ্টি করছে। এসব ঘটনার সঙ্গে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের লোকজন জড়িত বলে তিনি অভিযোগ করেন।
বটিয়াঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম মিজানুর রহমান বলেন, ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন দেওয়ার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সিসিটিভি ফুটেজে দেখা গেছে, ভোর সাড়ে ৬টার দিকে তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে কার্যালয়ের ব্যানারে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে চলে যায়।
ওসি আরও বলেন, ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিরা শহর থেকে এসে এ ঘটনা ঘটিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করার জন্য তৎপরতা শুরু করেছে।