বকশীগঞ্জে নিখোঁজের ১৬ ঘণ্টা পর কিশোরীর মরদেহ উদ্ধার

জামালপুরের বকশীগঞ্জে নিখোঁজ হওয়ার প্রায় ১৬ ঘণ্টা পর ব্রহ্মপুত্র নদ থেকে সালমা আক্তার (১৪) নামে এক কিশোরীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার মেরুরচর ইউনিয়নের আজিদের গুদারা ঘাট এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। সালমা ওই ইউনিয়নের ভাটি কলকীহারা গ্রামের শিক্কু মিয়ার মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর ৪টার দিকে নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় সালমা। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে রাত ৮টার দিকে স্থানীয় বাসিন্দারা ব্রহ্মপুত্র নদের গুদারা ঘাট এলাকায় একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে বকশীগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মকবুল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।