শেখ হাসিনার দেশে ফেরাকে স্বাগত জানিয়ে জামালপুরে ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ আওয়ামী লীগ। এ ঘটনায় ৭২ জনের বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দিবাগত রাত ২টার দিকে জামালপুর সদর থানায় মামলাটি করেন জেলা শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন শাহীন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত রবিবার (৮ নভেম্বর) নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনাকে রাজনীতিতে পুনর্বহালের দাবিতে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা শহরের প্রধান সড়কের বকুলতলা মোড়ে সমবেত হন। এ সময় তাদের হাতে মশাল, ব্যানার, লাঠিসোঁটা, লোহার রড, পেট্রোল বোমাসহ দেশীয় অস্ত্র ছিল। পরে তারা মিছিল বের করেন।
মিছিলটি তমালতলা মোড়ের প্রধান সড়কে পৌঁছালে মামলার বাদী ও সাক্ষীরা স্থানীয়দের সঙ্গে নিয়ে মিছিলকারীদের ধাওয়া করেন। এ সময় তারা দেশীয় অস্ত্র ফেলে চলে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে অস্ত্রগুলো উদ্ধার করে।
এ ঘটনায় আনোয়ার হোসেন শাহীন বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করেন। মামলায় ১১ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম বিকাশকে প্রধান আসামি করে ৩৭ জনের নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাতনামা আসামি করা হয়েছে আরও ৩৫ জনকে।
মামলার বাদী আনোয়ার হোসেন শাহীন বলেন, আওয়ামী লীগের সন্ত্রাসীদের নৈরাজ্য প্রতিহত করতে তিনি মামলা করেছেন। এ ছাড়া আগামীকাল আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করা হয়েছে।
জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে বিকেলে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
রবিবার (৮ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে শহরের বকুলতলা মোড়ে জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়। শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মিছিলটি তমালতলা মোড়ে গিয়ে শেষ হয়। এ ঘটনার ৫ মিনিট ৯ সেকেন্ডের একটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়ে।