মার্কিন নিষেধাজ্ঞার জেরে ইরান জাতীয় ফুটবল দলকে বহনকারী একটি বিশেষ বিমানকে অবতরণের অনুমতি দেয়নি ইরাক। মঙ্গলবার ইরাকের বসরা আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে বলে বিমানবন্দর কর্তৃপক্ষের দু’জন জ্যেষ্ঠ কর্মকর্তা রয়টার্সকে নিশ্চিত করেছেন।
ইরাকি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার পর বিমানটি বাসরায় না নেমে পুনরায় ইরানে ফিরে যায় এবং দেশটির আবাদান বিমানবন্দরে অবতরণ করে। বাসরার ইরানি কনস্যুলেটের এক কর্মকর্তা জানান, বিমানে পৌঁছাতে না পারায় ইরানি ফুটবল দল এখন সড়কপথে সীমান্ত অতিক্রম করে বাসরায় পৌঁছানোর ব্যবস্থা নিয়েছে।
ইরাক, লেবানন ও ফিলিস্তিনের সঙ্গে একটি চার দলীয় প্রীতি টুর্নামেন্টে অংশ নিতে ইরানি ফুটবল দলটি বাসরা সফর করছিল।
ইরাকের এক বেসামরিক বিমান চলাচল কর্মকর্তা জানান, মার্কিন নিষেধাজ্ঞার কবলে থাকা ইরানি এয়ারলাইন্সকে বিমান সংকেত বা সেবা দিলে মার্কিন রাজস্ব বিভাগের কঠোর ব্যবস্থার মুখে পড়ার ঝুঁকি তৈরি হয়। সেই ঝুঁকি এড়াতেই বিমানটিকে অবতরণ করতে দেওয়া হয়নি।
গত সেপ্টেম্বরের পর থেকে ওয়াশিংটন ইরানি এয়ারলাইন্সের সঙ্গে সম্পৃক্ত আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও বিমানবন্দরগুলোর ওপর সেকেন্ডারি নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়ে আসছে। মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট সতর্ক করে দিয়েছিলেন যে, যেসব বিমানবন্দর ইরানি বিমানকে পরিষেবা দেবে, তাদের মার্কিন ডলারভিত্তিক লেনদেন ব্যবস্থা থেকে বহিষ্কারসহ নানামুখী নিষেধাজ্ঞার মুখোমুখি হতে হবে।
ইরাকের এই পদক্ষেপের ফলে ইরানি বিমানের ওপর আন্তর্জাতিক নিষেধাজ্ঞার প্রভাব আরও স্পষ্ট হয়ে উঠল। সেপ্টেম্বরে একই ধরনের হুমকির মুখে বাগদাদ বিমানবন্দরেও ইরানি ফ্লাইট চলাচল স্থগিত ঘোষণা করেছিল ইরাক সরকার।