রাজধানীর গাবতলীর পর্বত এলাকায় রাস্তা পার হওয়ার সময় বাসের চাপায় দুই নারী নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।
দারুস সালাম থানার এসআই তামান্না রহমান বলেন, গাবতলীর পর্বত এলাকায় সড়ক দুর্ঘটনায় পথচারী দুই নারীর মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।
পুলিশ সূত্র জানায়, সকালে চাঁদনি ট্রাভেল পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তা পারাপাররত দুই নারীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। দুর্ঘটনার পর বাসটি আটক করেছে পুলিশ।