বৈরুতে সাবেক ইরাকি আইনপ্রণেতার রহস্যজনক মৃত্যু

লেবাননের রাজধানী বৈরুতের একটি অ্যাপার্টমেন্ট থেকে ইরাকের সাবেক আইনপ্রণেতা আহমেদ আল-আলওয়ানির মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনাকে হত্যাকাণ্ড হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করেছে লেবাননের কর্তৃপক্ষ। খবর আল জাজিরার। 

মঙ্গলবার (১০ নভেম্বর) এক নিরাপত্তা সূত্র আলজাজিরাকে এ তথ্য জানিয়েছে। তবে কীভাবে আল-আলওয়ানির মৃত্যু হয়েছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি সূত্রটি।

লেবাননের বিভিন্ন সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, মঙ্গলবার সন্ধ্যায় বৈরুতের তারিক আল-জাদিদেহ এলাকার একটি অ্যাপার্টমেন্ট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি (এনএনএ) জানিয়েছে, আল-আলওয়ানির হত্যাকাণ্ডের তদন্ত সরাসরি তদারকি করছেন লেবাননের প্রধান কৌঁসুলি বিচারপতি আহমেদ রামি আল-হাজ্জ। দেশটির অভ্যন্তরীণ নিরাপত্তা বাহিনীর ইনফরমেশন ব্রাঞ্চ এ তদন্ত পরিচালনা করছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে আল-আলওয়ানির কার্যালয় তার মৃত্যুকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ ও ‘বিশ্বাসঘাতকতাপূর্ণ অপরাধ’ হিসেবে আখ্যা দিয়েছে। একই সঙ্গে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং জড়িত ব্যক্তিদের জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা।

বিবৃতিতে বলা হয়, ‘এটি এমন কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, যা শোক প্রকাশ আর নিন্দা জানিয়ে এড়িয়ে যাওয়া যায়। এটি একটি অপরাধ, যার জন্য কঠোর সরকারি পদক্ষেপ এবং স্বচ্ছ তদন্ত প্রয়োজন। কারা এর পরিকল্পনা করেছে, কারা বাস্তবায়ন করেছে এবং এর সঙ্গে আর কারা জড়িত, তা বের করতে হবে। এ ঘটনার পেছনে যারাই থাকুক, কেউই জবাবদিহির ঊর্ধ্বে নয়।’

এদিকে বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে লেবাননের একজন বিচার বিভাগীয় কর্মকর্তা জানিয়েছেন, প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে আল-আলওয়ানিকে। এ ঘটনায় জড়িত সন্দেহে এক লেবানিজ নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে।

এদিকে বৈরুতে নিযুক্ত ইরাকের রাষ্ট্রদূত মোহাম্মদ রেদা আল-হুসেইনি মঙ্গলবার জানিয়েছেন, ইরাকি দূতাবাস বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

তিনি বলেন, হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা ও এর পেছনের পরিস্থিতি জানতে লেবাননের নিরাপত্তা সংস্থাগুলোর চূড়ান্ত তদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে দূতাবাস।