ইরাকে ইরান-সমর্থিত পপুলার মোবিলাইজেশন ফোর্সেস ( পিএমএফ)-এর বিভিন্ন স্থাপনায় যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় অন্তত ২০ জন নিহত এবং ৩২ জন আহত হয়েছেন বলে দাবি করেছে সংগঠনটি।
টেলিগ্রামে প্রকাশিত এক বিবৃতিতে পিএমএফ জানায়, হামলায় তাদের ‘লজিস্টিক ও অস্ত্র সংরক্ষণ’ সংশ্লিষ্ট স্থাপনাগুলো লক্ষ্যবস্তু করা হয়। হামলার শিকার হওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা এবং দিয়ালা প্রদেশ।
পিএমএফ-এর দাবি, এসব হামলায় তাদের একাধিক সামরিক সদরদপ্তর, যানবাহন ও বিভিন্ন ধরনের সরঞ্জামের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।
এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত আরেকটি বিবৃতিতে পিএমএফ-এর ৩০তম ব্রিগেড জানায়, স্থানীয় সময় বুধবার ভোর প্রায় ৩টা ২০ মিনিটে উত্তর ইরাকের নিনেভেহ অঞ্চলে তাদের গুরুত্বপূর্ণ স্থাপনায় সাতটি বিমান হামলা চালানো হয়। এতে অন্তত ১০ জন নিহত এবং আরও ছয়জন আহত হন।
এদিকে, হামলার পর উদ্ভূত পরিস্থিতি নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলি ফালিহ আল-জাইদি। প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, দেশের নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনার জন্য বুধবার মন্ত্রিপরিষদের জাতীয় নিরাপত্তা পরিষদের জরুরি সভা আহ্বান করা হয়েছে।
