বিশ্ব প্রযুক্তির অঙ্গনে বাংলাদেশের নতুন সম্ভাবনা হয়ে উঠেছে দেশীয় উদ্ভাবিত সোশ্যাল মিডিয়া ও ডিজিটাল এন্টারটেইনমেন্ট প্ল্যাটফর্ম ‘হ্যালো সুপারস্টারস’। সম্প্রতি এই প্ল্যাটফর্মের মূল্যায়ন নির্ধারণ করা হয়েছে প্রায় এক হাজার ৮০০ কোটি টাকা। বাংলাদেশের প্রযুক্তি ও উদ্ভাবন খাতের জন্য এটিকে একটি উল্লেখযোগ্য অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাবাকাস ওয়ার্ল্ডওয়াইডের সদস্য প্রতিষ্ঠান কাজী জহির খান অ্যান্ড কোং এই মূল্যায়ন সম্পন্ন করেছে। ওমানের রাজপরিবারের সদস্য মোহাম্মদ আল সাঈদ গালফ অঞ্চলে ‘হ্যালো সুপারস্টারস’-এর ব্যবসায় বিনিয়োগে আগ্রহ প্রকাশ করায় সম্ভাব্য এই বিনিয়োগের প্রেক্ষাপটে প্রতিষ্ঠানটির মূল্যায়ন করা হয়।
বাংলাদেশে জন্ম, লক্ষ্য বিশ্ববাজার
বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ড. কামরুল আহসান ‘হ্যালো সুপারস্টারস’-এর প্রতিষ্ঠাতা ও উদ্ভাবক। তাঁর ধারণা থেকেই এমন একটি প্রযুক্তি ইকোসিস্টেম গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়, যেখানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিশ্বের বিভিন্ন প্রান্তের সাধারণ মানুষ, উদীয়মান প্রতিভা ও তারকাদের মধ্যে সরাসরি সংযোগ তৈরি হবে।
প্রচলিত সোশ্যাল মিডিয়ার মতো শুধু পোস্ট, লাইক, কমেন্ট বা ফলো করার মধ্যে সীমাবদ্ধ না থেকে এটিকে একটি সমন্বিত ‘সেলিব্রিটি-ফ্যান এনগেজমেন্ট’ এবং ‘ট্যালেন্ট ডিসকভারি ইকোসিস্টেম’ হিসেবে গড়ে তোলা হয়েছে। এতে রয়েছে তারকাদের সঙ্গে ডিজিটাল যোগাযোগ, পার্সোনালাইজড গ্রিটিংস, বিভিন্ন ধরনের ইন্টারঅ্যাকশন, বিনোদনমূলক কনটেন্ট, ই-কমার্স এবং বিশেষভাবে তৈরি ই-অডিশন ব্যবস্থা। ই-অডিশনের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চল বা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে তরুণ-তরুণীরা গান, অভিনয়, ফুটবলসহ বিভিন্ন ক্ষেত্রে নিজেদের প্রতিভা তুলে ধরার সুযোগ পাবেন। প্রতিভা অন্বেষণের এই প্রক্রিয়াকে প্রযুক্তির মাধ্যমে আরও সহজলভ্য ও বৈশ্বিক করার লক্ষ্যেই এ ব্যবস্থা তৈরি করা হয়েছে।
‘প্রযুক্তি শুধু পশ্চিমা বিশ্ব বা চীনই তৈরি করবে—এ ধারণা বদলাতে চাই’
প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ড. কামরুল আহসান বলেন, ‘আমাদের এখনো অনেক পথ যেতে হবে। বিশ্বমানের প্রযুক্তি ও উদ্ভাবন শুধু সিলিকন ভ্যালি, ইউরোপ বা চীন থেকেই আসবে—এমন কোনো কথা নেই। বাংলাদেশও বিশ্বের জন্য প্রযুক্তি তৈরি করতে পারে, এই বিশ্বাস থেকেই আমরা কাজ করছি।’
তিনি জানান, এক হাজার ৮০০ কোটি টাকার বর্তমান মূল্যায়নকে তাঁরা চূড়ান্ত অর্জন হিসেবে দেখছেন না; বরং এটি ‘হ্যালো সুপারস্টারস’-এর বৈশ্বিক যাত্রার একটি ধাপ মাত্র।
২০২৮ সালে ১০ কোটি ব্যবহারকারীর লক্ষ্য
প্রতিষ্ঠানটির লক্ষ্য ২০২৮ সালের মধ্যে ১০ কোটি ব্যবহারকারীর একটি বৈশ্বিক কমিউনিটি তৈরি করা। এই মাইলফলক অর্জনের পর বড় পরিসরে কৌশলগত ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগ অংশীদার যুক্ত করার পরিকল্পনা রয়েছে তাঁদের। বিশেষ করে মধ্যপ্রাচ্যের বিশাল প্রবাসী জনগোষ্ঠীকে আন্তর্জাতিক সম্প্রসারণের গুরুত্বপূর্ণ বাজার হিসেবে বিবেচনা করা হচ্ছে। ওমানের রাজপরিবারের সদস্য ও ব্যবসায়ী মহলের বিনিয়োগ আগ্রহকে প্রতিষ্ঠানটি সেই আন্তর্জাতিক যাত্রার একটি গুরুত্বপূর্ণ সম্ভাবনা হিসেবে দেখছে।
ড. কামরুল আহসান বিশ্বাস করেন, ২০৩০ সালের মধ্যে প্রতিষ্ঠানটিকে এক বিলিয়ন মার্কিন ডলার মূল্যমানের একটি বৈশ্বিক প্রযুক্তি কোম্পানিতে পরিণত করা সম্ভব।
তিনি বলেন, ‘আমাদের স্বপ্ন শুধু একটি সফল অ্যাপ তৈরি করা নয়। আমাদের লক্ষ্য বাংলাদেশে জন্ম নেওয়া একটি প্রযুক্তিকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া, যা বিশ্বের স্বীকৃত প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়াতে পারবে। বাংলাদেশ শুধু প্রযুক্তির ভোক্তা নয়, উদ্ভাবক ও রপ্তানিকারকও হতে পারে। বাংলাদেশের একজন তরুণ যদি বিশ্বাস করতে শেখে যে তার একটি ধারণা একদিন বিশ্বের কোটি মানুষের কাছে পৌঁছাতে পারে, তাহলেই হ্যালো সুপারস্টারস-এর সাফল্যের প্রকৃত অর্থ তৈরি হবে।’