হার্টের সবচেয়ে বড় শত্রু পোড়াতেল: বিএফএসএ চেয়ারম্যান

পোড়াতেল হৃদ্‌যন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর। হার্টের যতগুলো শত্রু রয়েছে, তার মধ্যে সবচেয়ে বিপজ্জনক পোড়াতেল। তাই ব্যক্তিগত ও ব্যবসায়িক পর্যায়ে পোড়াতেলের ব্যবহার পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) চেয়ারম্যান মো. শফিকুল ইসলাম।

বুধবার (১১ নভেম্বর) সকালে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ (বিএফএসএ) ও বায়োটেক এনার্জি লিমিটেডের যৌথ উদ্যোগে আয়োজিত ‘মানবস্বাস্থ্য ও পরিবেশের ওপর ব্যবহৃত রান্নার তেলের ক্ষতিকর প্রভাব’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের প্রধান কার্যালয়ের প্রশিক্ষণ কক্ষে (লেভেল-৬) এ সেমিনার অনুষ্ঠিত হয়।

শফিকুল ইসলাম বলেন, শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর মধ্যে মস্তিষ্ক ও হৃদ্‌যন্ত্র অন্যতম। পোড়াতেল সরাসরি হৃদ্‌যন্ত্রের ক্ষতি করে। তাই এ ধরনের তেল ব্যবহার থেকে সবাইকে বিরত থাকতে হবে। শুধু ভোক্তা পর্যায়ে নয়, ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন হতে হবে।

ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, সিঙ্গাড়া বা অন্যান্য খাবার পোড়াতেলের পরিবর্তে নতুন তেলে ভেজে কিছুটা বেশি দাম রাখলেও ক্রেতারা মানসম্মত খাবার কিনতে আগ্রহী হবেন। এ জন্য ব্যবসায়ীদের ভোক্তাদের মধ্যে আস্থার জায়গা তৈরি করতে হবে।

পোড়াতেলের টেকসই ব্যবস্থাপনা প্রসঙ্গে বিএফএসএ চেয়ারম্যান বলেন, ব্যবহৃত রান্নার তেল বিভিন্নভাবে ফেলে দেওয়া হয়। তবে বায়োটেকের মতো প্রতিষ্ঠানের কাছে তা সরবরাহ করা হলে একদিকে আর্থিক সাশ্রয় হবে, অন্যদিকে পরিবেশের সুরক্ষাও নিশ্চিত হবে। এ ধরনের উদ্যোগে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতা অব্যাহত থাকবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

বিএফএসএ সদস্য (যুগ্মসচিব) মো. আনোয়ারুল ইসলাম সরকারের সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন কর্তৃপক্ষের সদস্য ড. মোহাম্মদ সোয়েব। তিনি ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে মানবস্বাস্থ্য ও পরিবেশের ক্ষতিকর প্রভাব, ট্রান্সফ্যাটি অ্যাসিডের ঝুঁকি এবং তা নিয়ন্ত্রণের উপায় তুলে ধরেন।

তিনি জানান, ব্যবহৃত ভোজ্যতেল বারবার ব্যবহারের ফলে উচ্চ রক্তচাপ, হৃদ্‌রোগ, হার্ট অ্যাটাক, রক্তনালিতে চর্বি জমা, যকৃতের ক্ষতি ও ক্যানসারের ঝুঁকি বাড়তে পারে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আ ন ম নাজিম উদ্দীন ও ড. মোহাম্মদ মোস্তফা। তারা পোড়াতেল বারবার ব্যবহারের পরিবর্তে তা বায়োডিজেলে রূপান্তরের ওপর গুরুত্বারোপ করেন। তাদের মতে, এতে একদিকে মানবস্বাস্থ্যের ঝুঁকি কমবে, অন্যদিকে যানবাহন ও বিভিন্ন যন্ত্র চালাতে বায়োডিজেল ব্যবহার করা সম্ভব হবে।

বায়োটেক এনার্জির ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল হামিদ বলেন, বর্তমানে প্রতিষ্ঠানটি সারা দেশের অন্তত তিন হাজার খাদ্যপ্রতিষ্ঠান থেকে প্রতি মাসে ১০০ টনের বেশি ব্যবহৃত রান্নার তেল সংগ্রহ করছে। ২০৩০ সালের মধ্যে মাসে এক হাজার টন তেল সংগ্রহের লক্ষ্যমাত্রা রয়েছে। সাভারে অবস্থিত নিজস্ব কারখানায় এসব তেল থেকে বায়োডিজেল উৎপাদন করা হয়।

তিনি আরও বলেন, মাত্র এক লিটার ব্যবহৃত ভোজ্যতেল প্রায় ১০ লাখ লিটার পানি দূষিত করতে পারে।

সেমিনারে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী, বায়োটেক এনার্জি লিমিটেডের প্রতিনিধি, ব্যবসায়ী, গণমাধ্যমকর্মীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।