খিলক্ষেতে মোটরসাইকেল আরোহী নিহত

রাজধানীর খিলক্ষেতে তেলের লরির ধাক্কায় তাউসিফ (২৮) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

বুধবার (১১ নভেম্বর) খিলক্ষেত পুলিশ বক্সের পাশে এ দুর্ঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে দুপুর ১টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মোটরসাইকেলচালক মো. সেলিম জানান, তিনি ভাড়ায় মোটরসাইকেল চালান। বুধবার সকালে বিমানবন্দর থেকে তাউসিফকে নিয়ে হাতিরপুলের দিকে যাচ্ছিলেন। খিলক্ষেত পুলিশ বক্সের সামনে পৌঁছালে পেছন থেকে একটি তেলের লরি মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে তাউসিফ মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে কুর্মিটোলা মাল্টিকেয়ার স্পেশালাইজড হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত তাউসিফের বাড়ি ময়মনসিংহ সদর উপজেলার কাচিঝুলি গ্রামে। তাঁর বাবার নাম কামরুল ইসলাম। তিনি পরিবারের সঙ্গে রাজধানীর ক্যান্টনমেন্ট এলাকায় থাকতেন। হাতিরপুলের মোতালিব প্লাজায় মোবাইল ফোন মেরামতের কাজ করতেন তিনি।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. হাবিবুর রহমান জানান, তাউসিফের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। ঘটনাটি খিলক্ষেত থানা পুলিশ তদন্ত করছে।