অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি

শেরপুরে হোটেল মালিককে তিন লাখ টাকা জরিমানা

বগুড়ার শেরপুরে ভ্রাম্যমাণ আদালতে একটি হোটেল মালিককে তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে। পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, পোড়া তেলে খাবার প্রস্তুতসহ নিরাপদ খাদ্য আইন লঙ্ঘনের দায়ে এ জরিমানা করা হয়।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টা ৩০ মিনিট থেকে বেলা ১২টা ৪০ মিনিট পর্যন্ত শেরপুর উপজেলার সাব-রেজিস্ট্রি অফিস বাজার এলাকায় অবস্থিত ‘গ্যানেন গোপাল হোটেল সুইটস অ্যান্ড রেস্টুরেন্টে’ এ অভিযান পরিচালনা করা হয়।

বগুড়ার জেলা প্রশাসকের সার্বিক নির্দেশনায় উপজেলা প্রশাসন, শেরপুরের সহযোগিতায় অভিযানে নেতৃত্ব দেন শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মামুন।

অভিযানকালে হোটেলটিতে বেশ কিছু অনিয়ম ও অস্বাস্থ্যকর পরিবেশের চিত্র উঠে আসে। এর মধ্যে পচা ও বাসি মিষ্টি সংরক্ষণ ও বিক্রি, অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি, রান্নাঘরে গরুর শুকনো গোবর সংরক্ষণের স্থানে পরোটার ময়দার খামির তৈরি, ওয়াশরুমের দরজায় বসে খাবারের প্লেট পরিষ্কার এবং উৎপাদিত খাবার অস্বাস্থ্যকর পরিবেশে সংরক্ষণের বিষয়টি দেখা যায়।

এ ছাড়া ফ্রিজে কাঁচা ও রান্না করা খাবার একসঙ্গে রাখা, পোড়া তেলে খাবার তৈরি এবং খাদ্যকর্মীদের যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণ না করার বিষয়টিও অভিযানে শনাক্ত করা হয়।

এসব অপরাধের দায় স্বীকার করায় নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্টের মাধ্যমে প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা করা হয়। জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়েছে। পাশাপাশি প্রতিষ্ঠানটির মালিকের কাছে এসব অনিয়মের বিষয়ে ব্যাখ্যা তলব করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের বগুড়া জেলা কার্যালয়।

অভিযানে উপস্থিত ছিলেন বগুড়ার নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. রাসেল, শেরপুর উপজেলা সেনেটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক তাহমিনা আক্তার, নমুনা সংগ্রহ সহকারী মো. মামুনুর রশিদসহ সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা।

এ সময় সার্বিক নিরাপত্তার দায়িত্ব পালন করে শেরপুর থানা পুলিশের একটি চৌকস দল।

অভিযান শেষে প্রতিষ্ঠানটির মালিককে সরকারি সব আইন ও বিধিবিধান মেনে নিরাপদ খাদ্য উৎপাদন, সংরক্ষণ ও পরিবেশন নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।