১৭ বছরের দুঃশাসন-অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হবে: টুকু

আপডেট : ১০ নভেম্বর ২০২৬, ০৫:৩৫ পিএম

প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বেশ কঠিন বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, প্রধানমন্ত্রী প্রতিটি মন্ত্রণালয়ের কাজ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করেন। এমনকি রাত ২টার সময়ও মন্ত্রীদের ফোন করে কাজের অগ্রগতি ও বিভিন্ন বিষয়ে খোঁজ নেন।

মঙ্গলবার (১০নভেম্বর) বিকেলে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মাঠে বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক জাতীয় প্রতিযোগিতা ‘ভবিষ্যৎ বিজ্ঞানীর খোঁজে’র রাজশাহী বিভাগীয় পর্বের প্রদর্শনী ও মূল্যায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রীর কাজের উদ্যমের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, তারেক রহমান ২৪ ঘণ্টার মধ্যে ১৮ ঘণ্টা কাজ করেন। তিনি বিশ্বাস করেন, সঠিক ব্যবস্থাপনা ছাড়া দেশকে এগিয়ে নেওয়া সম্ভব নয়। গত ১৭ বছরের দুঃশাসন ও অর্থনৈতিক অনিয়ম থেকে দেশকে বের করে আনতে হলে সবাইকে একইভাবে দায়িত্বশীল হতে হবে। সমন্বিতভাবে কাজ করতে পারলে একটি সুন্দর বাংলাদেশ গড়ে তোলা সম্ভব।

ইকবাল হাসান মাহমুদ টুকু বলেন, অনেকে মনে করতে পারেন, মন্ত্রিত্ব অনেক আরামের। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমানের অধীনে মন্ত্রিত্ব করা বড় কঠিন। রাত ২টার সময়ও আমাদের কাছে খবর আসে, অমুক কাজটি হয়েছে কি না। তিনি খোঁজ নেন। তখন আমাদেরও কাজের খবর নিতে হয়। আমরা যারা মন্ত্রী আছি, সব সময় সতর্ক থাকি। কারণ, তিনি আমাদের প্রত্যেকের কাজ এত নিবিড়ভাবে দেখেন যে প্রতিনিয়ত কোনো না কোনো বিষয়ে নির্দেশনা পাঠান।

তরুণদের উদ্ভাবনী চিন্তাকে কাজে লাগানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক মেধাবী তরুণ রয়েছেন। তাদের উদ্ভাবনী চিন্তা ও প্রযুক্তিগত সক্ষমতাকে কাজে লাগাতে হবে। প্রদর্শনীতে যেসব প্রকল্প দেখেছেন, সেগুলো যথাযথভাবে কাজে লাগানো গেলে অনেক ক্ষেত্রে চীনের দিকে তাকিয়ে থাকতে হবে না। নিজেদের উদ্ভাবন দিয়েই স্বনির্ভর হওয়া সম্ভব।

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রসঙ্গ টেনে মন্ত্রী বলেন, তিনি দেশীয় উৎপাদন ও কৃষির ওপর গুরুত্ব দিয়েছিলেন। তার বিশ্বাস ছিল, দেশের মানুষের তৈরি পণ্যই সবচেয়ে ভালো। কৃষিকে অগ্রাধিকার দিয়ে তিনি বাংলাদেশকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করার উদ্যোগ নিয়েছিলেন। একপর্যায়ে দেশ থেকে চাল বিদেশেও রপ্তানি হয়েছিল।

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের ব্যবহার নিয়ে তিনি বলেন, এআইয়ের যেমন সুবিধা রয়েছে, তেমনি কিছু ঝুঁকিও আছে। বিশেষ করে বাংলাদেশের মতো জনবহুল ও উন্নয়নশীল দেশে এআইয়ের কারণে অনেক মানুষের কর্মসংস্থান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে উৎপাদনশীলতা বাড়ানো, পণ্যের মান নিয়ন্ত্রণ এবং উৎপাদন প্রক্রিয়া উন্নত করতে এআই ব্যবহার করা যেতে পারে। এর মাধ্যমে দেশে ভেজালসহ বিভিন্ন সমস্যা মোকাবিলায়ও সহায়তা পাওয়া সম্ভব।

গবেষণা ও উন্নয়নে বাজেট বরাদ্দের ঘাটতির কথা উল্লেখ করে ইকবাল হাসান মাহমুদ বলেন, দেশের সরকার, বিশ্ববিদ্যালয় ও মন্ত্রণালয়গুলোতে গবেষণা ও উন্নয়নের জন্য পর্যাপ্ত বাজেট থাকে না। ফলে গতানুগতিক উন্নয়নকাজ চললেও নতুন প্রযুক্তি উদ্ভাবন এবং দেশীয় ধারণা কাজে লাগানোর সুযোগ কম থাকে। এ অবস্থা থেকে বেরিয়ে আসতে গবেষণায় বিনিয়োগ বাড়াতে হবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, বগুড়া জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশা এমপি, সিটি কর্পোরেশন প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, শজিমেক অধ্যক্ষ প্রফেসর ডা ওয়াদুদুল হক তরফদার নাহিদসহ অতিথিরা ।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলার শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজেদের উদ্ভাবিত বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক প্রকল্প নিয়ে অংশ নেয়। সকাল থেকে শুরু হওয়া প্রদর্শনীতে শিক্ষার্থীরা তাদের প্রকল্প অতিথিদের সামনে তুলে ধরেন। দিনব্যাপী প্রদর্শনী ও মতবিনিময় শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

প্রদর্শনীতে বরেন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ‘সোলার পাওয়ার ওয়াটার মাল্টি মনিটরিং সিস্টেম’ নামে একটি প্রকল্প উপস্থাপন করেন। সৌরবিদ্যুৎচালিত এ ব্যবস্থার মাধ্যমে পুকুরে মাছ চাষের জন্য প্রয়োজনীয় পানির বিভিন্ন উপাদান পর্যবেক্ষণ করা এবং সমস্যা শনাক্ত করে সমাধানের পরামর্শ দেওয়ার পরিকল্পনা রয়েছে। প্রকল্পটি তৈরি করেছেন সাহাবুদ্দিন সামস ও সাঈদী ইসলাম রিয়াদ। এমন অনেক প্রকল্প স্থান পায় এ আয়োজনে। শিক্ষার্থীরা তাদের মেধাকে কাজে লাগিয়ে দেশের উন্নয়নে অবদান রাখতে এবং আগামীর সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে কাজ করে যাচ্ছে এই আয়োজন তারই একটি অংশ বলে মনে করেন অতিথিরা।

 



সর্বশেষ সর্বাধিক পঠিত